ফ্রান্সের পেঁয়াজের স্যুপও অনুপ্রেরণা ছিল সু চির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের বৈপ্লবিক চেতনা, শিল্প, সাহিত্য এমনকি তাদের পেঁয়াজের স্যুপও গৃহবন্দী থাকা অবস্থায় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে অনুপ্রেরণা জুগিয়েছে। ইউরোপ সফরের অংশ হিসেবে, প্যারিসে গতকাল মঙ্গলবার ফ্রান্সের নতুন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে সু চির যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।ফ্রান্সের সফর সু চির কাছে কতটা গুরুত্বপূর্ণ—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সু চি বলেন, ‘আমার জীবনে ফ্রান্সের গুরুত্ব কয়েকটি শব্দ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। আমার রাজনৈতিক সংগ্রামে ফ্রান্সের বৈপ্লবিক চেতনা সব সময় একটি বড় অনুপ্রেরণা ছিল।’ দীর্ঘ ১৫ বছর গৃহবন্দী থাকাকালে ফরাসি ভাষা ও সাহিত্য শেখায় মগ্ন ছিলেন সু চি। বিখ্যাত ফরাসি কবি ভিক্টর হুগো থেকে শুরু করে ফ্রান্সের পেঁয়াজের স্যুপ—সবকিছুই তাঁকে অনুপ্রাণিত করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।ভিক্টর হুগোর ‘লা মিজারেব’ উপন্যাসে বর্ণিত ১৯ শতকের দরিদ্র জনগণের সংগ্রাম কাহিনির কথা উল্লেখ করে সু চি বলেন, ‘আমি ভিক্টর হুগোর একজন বড় গুণগ্রাহী। কারণ, তিনি বুঝতে পেরেছিলেন, সত্যিকারের বিপ্লব নিজের ভেতর থেকেই শুরু হয়।’সু চি বলেন, ‘আমি প্রতিদিনই কিছু না কিছু ফরাসি লেখা পড়তে চেষ্টা করি। তাই ফ্রান্স ও এর চিন্তাধারার সঙ্গে আমি সব সময়ই একাত্ম থাকি।’