ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু (ভিডিও)
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে আজ রোববার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শুরু হয়েছে। গত শুক্রবার প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।রাজধানী প্যারিসের একটি কেন্দ্রে স্ত্রী ফার্স্ট লেডি কার্লা ব্রুনিকে নিয়ে ভোট দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট সারকোজি।প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারের সংখ্যা চার কোটি ৪৫ লাখ। তবে প্রশান্ত মহাসাগর, ভারত ও আটলান্টিক মহাসাগরে ছড়িয়ে থাকা ফ্রান্সের নিয়ন্ত্রিত ভূখণ্ডে গতকাল শনিবার ভোট গ্রহণ করা হয়। এসব ভূখণ্ডে ভোটারের সংখ্যা আট লাখ ৮২ হাজার।আজকের প্রথম দফার নির্বাচনে ৮৫ হাজার কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। স্থানীয় সময় সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে কোনো কোনো বড় শহরে সন্ধ্যা আটটা পর্যন্ত ভোট নেওয়া হবে।প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ১০ জন। যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পান, তাহলে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।জনমত জরিপে দেখা গেছে, প্রধান দুই প্রার্থীর জোরালো প্রচারণা সত্ত্বেও প্রথম পর্বের নির্বাচনে সমাজতান্ত্রিক প্রার্থী ওলন্ড এগিয়ে থাকবেন। তাঁর পরপরই থাকবেন বর্তমান প্রেসিডেন্ট সারকোজি। কাজেই চূড়ান্ত ফলাফলের জন্য দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে।