ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ খুবই গুরুত্ব দিয়ে থাকে এবং একই সঙ্গে দেশটিকে ঘনিষ্ঠ বন্ধু ও উন্নয়ন অংশীদার হিসেবে বিবেচনা করে।আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লি কজারেট বিদায়ী সাক্ষাত্ করতে গেলে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে অবদান রাখায় বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, ফ্রান্স হচ্ছে বাংলাদেশের রপ্তানির বৃহত্তম গন্তব্যস্থল। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে বিরোধী দল জয়লাভ করেছে। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীসহ ফ্রান্সের জনগণের সমর্থনের কথা স্মরণ করেন।ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সভাপতির উপদেষ্টা আবদুস সাত্তারও আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। শেখ হাসিনা পদ্মা সেতু প্রকল্পে ১৪ কোটি মার্কিন ডলার সহায়তার জন্য ব্যাংকটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বিদ্যুত্ খাতে আরও সহায়তার জন্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান।