ফ্রান্সের সবচেয়ে অজনপ্রিয় নেতা সারকোজি!
ফ্রান্সের গত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে অজনপ্রিয় নেতার খেতাব পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। সম্প্রতি ফ্রান্সের সংবাদ ম্যাগাজিন বিভিএ অরেঞ্জ এল এক্সপ্রেস পরিচালিত এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। জরিপের ফলাফলে দেখা যায়, গত সেপ্টেম্বরের চেয়ে তিন শতাংশ কমে বর্তমানে ফ্রান্সে সারকোজির জনপ্রিয়তা দাঁড়িয়েছে মাত্র ২৯ শতাংশে। তখন তাঁর জনপ্রিয়তা ছিল ৩২ শতাংশ। পেনশন সংস্কার ও অবসরের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার সিদ্ধান্তের কারণে সারকোজির জনপ্রিয়তায় ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৫৭ ভাগ উত্তরদাতা ইউনিয়ন ও ছাত্র বিক্ষোভকে সমর্থন করেছে। ৬৮ ভাগ উত্তরদাতা বর্তমান সরকারের অর্থনৈতিক নীতিকে মন্দ বলেছে। তা ছাড়া বেশির ভাগ উত্তরদাতাই সারকোজির রাষ্ট্র পরিচালনানীতির সমালোচনা করে তাঁর প্রতি ‘না’ উচ্চারণ করেছেন। প্রসঙ্গত, ১৯৫৮ সালে ফ্রান্সের নতুন সংবিধানের প্রণেতা জেনারেল চার্লস দ্য গলের চেয়েও সারকোজির জনপ্রিয়তা কম। ইউরোপীয় বাজারে ব্রিটিশদের অংশগ্রহণের বিরোধিতা, মার্কিন সামরিক ঘাঁটি উচ্ছেদ এবং ফ্রান্সকে ন্যাটো বাহিনীর বাইরে রাখাসহ বিভিন্ন কারণে জেনারেল গল বেশ সমালোচিত ছিলেন। এমনকি ১৯৬৮ সালে তাঁর পদত্যাগের দাবিতে ছাত্র বিক্ষোভ পর্যন্ত হয়েছিল। যদিও তিনি পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছিলেন।