ফ্রান্সের সাময়িকীতে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র
চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দাঝড়ের রেশ কাটতে না কাটতে ফ্রান্সের একটি সাপ্তাহিকে তাঁর ব্যঙ্গচিত্র (কার্টুন) ছাপা হয়েছে। এ ঘটনায় সহিংসতার আশঙ্কায় ২০টি দেশে আগামী শুক্রবার ফ্রান্স তাঁদের দূতাবাস ও স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে পারে। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। খবরে বলা হয়, আজ ফ্রান্সের হাস্যরসাত্মক সাপ্তাহিক ‘চার্লি হেবদো’য় মহানবী (সা.)কে নিয়ে কিছু কার্টুন ছাপা হয়েছে। এ ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই সাপ্তাহিকের কার্যালয়ে ফ্রান্সের কর্তৃপক্ষ দাঙ্গা পুলিশ পাঠিয়েছে।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র বলেন, ‘মুসলিম বিশ্বে শুক্রবার পবিত্র জুমার দিন। এ জন্য পূর্বসতর্কতা হিসেবে সেসব দেশে আমাদের ভবন, দূতাবাস, দপ্তর ও সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ ঘটনাটি এমন সময় ঘটল, যখন মহানবী (সা.)কে অবমাননা করে নির্মিত মার্কিন চলচ্চিত্রের প্রতিবাদে আরব বিশ্ব, আফ্রিকা, এশিয়া ও পাশ্চাত্যের কিছু দেশ বিক্ষোভে উত্তাল।ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরে ফেবিয়াস এসব ব্যঙ্গচিত্র ছাপার ঘটনা প্ররোচনামূলক কাজ বলে নিন্দা জানিয়েছেন। মুসলিম বিশ্বে ফ্রান্সের কূটনৈতিক কার্যালয়গুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।