ফ্রান্সের সিনেটে পেনশন সংস্কার বিল পাস, বিক্ষোভ অব্যাহত
ফ্রান্সে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে গতকাল শুক্রবার বিতর্কিত পেনশন সংস্কার বিল পাস হয়েছে। বিলটির পক্ষে ১৭৭ ভোট এবং বিপক্ষে ১৫৩ ভোট পড়ে। এ বিলকে কেন্দ্র করে গত ১০ দিন ধরে ফ্রান্স জুড়ে অবরোধ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিলটির বিরোধিতা করে প্রায় ৩০ লাখ মানুষ রাজপথে নেমে এসেছে। বিক্ষোভকারীদের অবরোধে ফ্রান্সে জ্বালানি সংকটসহ নানা খাতে অচলাবস্থা দেখা দিয়েছে।ফ্রান্সের সিনেটে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির পরিকল্পিত পেনশন সংস্কার বিল অনুমোদন পাওয়ায় ফলে আগামী সপ্তাহের শুরুতেই এটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।তবে পেনশন সংস্কার ইস্যু নিয়ে ফ্রান্স জুড়ে এখনো বিক্ষোভ, সমাবেশ ও অবরোধ অব্যাহত রয়েছে। সারকোজি সরকারের এ পদক্ষেপকে প্রতিবাদকারীরা তাদের অধিকার হরণের অংশ হিসেবেই চিহ্নিত করছে। প্রেসিডেন্ট নিকোলা সারকোজির নেওয়া পেনশন সংস্কার কার্যক্রমে সরকারি কর্মচারীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর এবং পূর্ণ অবসরকালীন ভাতা পাওয়ার বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করার পরিকল্পনা করা হয়েছে। ঘাটতি কমাতে এ পদক্ষেপ অপরিহার্য বলে সারকোজি মন্তব্য করেন।—বিবিসি