ফ্রান্সের সিনেটে বোরকা নিষিদ্ধের বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে মুসলিম নারীদের বোরকা পরা নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল গতকাল সে দেশের সিনেটে পাস হয়েছে। বিতর্কিত এই বিলটি সিনেটে ২৪৬-১ ভোটে পাস হয়। তবে এই বিলের বিরোধীরা ভোটাভুটির সময় ভোটদানে বিরত থাকেন।পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ ফ্রান্সে জনসম্মুখে মুসলিম নারীদের বোরকা পরা নিষিদ্ধ করার লক্ষ্যে আনীত এই বিলটি নিয়ে বেশ কয়েক মাস ধরে বিতর্ক চলছিল।সিনেটে পাস হওয়া এই বিলটি এর আগে ফ্রান্সের জাতীয় পরিষদেও পাস হয়। তবে এই বিলটিকে চূড়ান্তভাবে আইনে পরিণত করতে হলে এতে সর্বোচ্চ সাংবিধানিক সংস্থা ‘সাংবিধানিক কাউন্সিলের’ অনুমোদন লাগবে।তবে এই বিলের বিরোধীরা আশা করছেন, সাংবিধানিক কাউন্সিল হয়তো শেষ পর্যন্ত এতে অনুমোদন দেবে না। অনেক মানবাধিকার কর্মী মনে করেন, এটি ফ্রান্সে ইসলাম ভীতিকে উসকে দেবে। মানুষের ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ারও আশঙ্কা করছেন তাঁরা। ইতিমধ্যে দেশটিতে বোরকা ব্যবহার করার কারণে কয়েকজন নারী হয়রানির শিকার হয়েছেন।এই বিল সাংবিধানিক কাউন্সিলে অনুমোদিত হলে, তবে মুসলিম নারীরা রাস্তা-ঘাট, সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও গণপরিবহনে বোরকা পরিধান করতে পারবেন না। মোটকথা এই বিল সত্যি আইনে পরিণত হলে বোরকা পরে বাইরে বের হওয়ার অধিকার হারাবেন মুসলিম নারীরা। কোনো নারী এই আইন ভঙ্গ করলে তাঁকে ১৯০ ডলার জরিমানা গুনতে হবে। এ ছাড়া যেসব পুরুষ জোরপূর্বক তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য নারী সদস্যকে বোরকা পরতে বাধ্য করবেন, তাঁকে সর্বোচ্চ ৩৮ হাজার ডলার জরিমানা দিতে হবে। এর পাশাপাশি তাঁকে এক বছরের কারাদণ্ডও ভোগ করতে হবে।এদিকে ফ্রান্সে যারা বোরকা নিষিদ্ধ করার পক্ষে, তাঁদের অভিমত বোরকা সব সময়ই ফ্রান্সে ধর্মীয় সমতার রীতিকে আঘাত করেছে। গতকাল মঙ্গলবার এই বিলে ভোট নেওয়ার আগে ফ্রান্সের আইন ও বিচারমন্ত্রী মাইকেল এলিয়ট মেরি বলেন, মুখ আবৃত করা নিষিদ্ধ করা হলে ব্যক্তি বিশেষের ধর্মীয় পরিচিতি লোপ করবে। ইসলামের বিরোধিতা করে নয়; বরং ফরাসি সমাজে ধর্মীয় সমতা নিশ্চিত করার জন্যই এই বিলটি আনা হয়েছে।উল্লেখ্য, ফ্রান্সে বসবাসরত প্রায় ৫০ লাখ মুসলিমের মধ্যে প্রায় দুই হাজার নারী পর্দাজাতীয় পোশাক ব্যবহার করেন।—আল-জাজিরা