ফ্রান্ৎস কাফকার সাক্ষাৎকার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্ৎস কাফকার (১৮৮৩-১৯২৪) জন্ম চেকোস্লোভাকিয়ায়। জার্মানভাষী এই কথাশিল্পীর সাক্ষাৎকার নিয়েছিলেন তরুণ কবি গুস্তাফ জানুখ। কনভারসেশন উইথ কাফকা থেকে অনুবাদ করা হলো অংশটি।লাইপজিগের প্রকাশক কুর্ট ভল্ফকে নিয়ে রাইমানের মজার গল্পটা আমি আবার বললাম। ভল্ফ সকাল আটটায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনুবাদের পাণ্ডুলিপি প্রত্যাখ্যান করেছিলেন। দুই ঘণ্টা পরই তিনি প্রত্যাখ্যাত পাণ্ডুলিপিটি ফেরত নিয়ে আসতে প্রতিষ্ঠানের রিডারকে কেন্দ্রীয় ডাকঘরে পাঠালেন। কারণ, এরই মধ্যে খবরের কাগজে তিনি জানতে পেরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়ে গেছেন।‘রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিটা যে তিনি প্রত্যাখ্যান করলেন, এ তো ভারি অদ্ভুত।’ মন্থর কণ্ঠে বললেন ফ্রান্ৎস কাফকা। ‘রবীন্দ্রনাথ আর যা-ই হোন, কুর্ট ভলেফর থেকে তো আলাদা কিছু নন। ভারত আর লাইপজিগ, এ দুই জায়গার দূরত্ব আপাত মাত্র। রবীন্দ্রনাথ তো আসলে একজন ছদ্মবেশী জার্মান।’‘একজন স্কুলশিক্ষক, নাকি?’‘স্কুলশিক্ষক?’ শক্ত করে চেপে রাখা ঠোঁটের প্রান্তদেশ নামিয়ে পুনরাবৃত্তি করলেন কাফকা, গাঢ় স্বরে। আস্তে আস্তে মাথা নাড়লেন তাঁর। ‘না, তা নয়, তবে তিনি একজন স্যাক্সন হতে পারতেন—রিচার্ড ভাগনারের মতো।‘জমকালো পোশাকপরা মরমিবাদ?’‘অনেকটা সে রকমই।’আমরা হাসলাম।অনুবাদ: সাজ্জাদ শরিফ