ফ্রি সিরিয়ান আর্মি ও আসাদপন্থীদের রাতভর বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি প্রধান শহরে গতকাল রোববার গভীর রাতে ফ্রি সিরিয়ান আর্মি ও প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনীর মধ্যে প্রবল বন্দুকযুদ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, সিরিয়ার পশ্চিমাঞ্চলের কড়া নিরাপত্তা বেষ্টিত আল-মেজ শহর থেকে গতকাল সারা রাত ধরেই ভারী মেশিনগান ও রকেট-চালিত গ্রেনেডের শব্দ শোনা গেছে বলে ওই এলাকার বাসিন্দারা টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন। আল-মেজে বসবাসকারী একজন গৃহিণী জানান, ‘হামাদা সুপার মার্কেটের কাছেই বন্দুকযুদ্ধ হচ্ছিল। সেখান থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যাচ্ছিল। কয়েকটি ছোট রাস্তা বন্ধ করে দিয়েছে নিরাপত্তা কর্মীরা। তাঁরা রাস্তার বাতিগুলোও কেটে দিয়েছে।’এর আগে গতকাল সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলেপ্পো শহরে একটি গাড়িবোমা হামলায় কমপক্ষে দুজন নিহত ও ৩০ জন আহত হয়। এর ঠিক এক দিন আগেই রাজধানীতে পৃথক দুটি বোমা বিস্ফোরণে ২৭ জন নিহত ও ৯৭ জন আহত হয়। এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।