ফ্রি স্কুল স্ট্রিটে অবৈধ একটি চারতলা বাড়িতে রাজউকের অভিযান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ সোমবার নগরের কাঁঠালবাগানের ১৪৪ নম্বর ফ্রি স্কুল স্ট্রিটের নির্মাণাধীন চারতলা বাড়ি ভেঙে ফেলা হয়েছে। রাজউকের কোনো অনুমোদন ছাড়াই বাড়িটি তৈরি করা হয়েছে বলে রাজউক সূত্র জানিয়েছে।এদিকে নাখালপাড়া ও মিরপুরে হেলে পড়া ভবনগুলোর মালিকেরা নিজ উদ্যোগে তাঁদের ভবন ভাঙার আবেদন জানানোর পর রাজউক আপাতত তাঁদের সময় দিয়েছে। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান জানান, হেলে পড়া বাড়ির মালিকদের কিছু সময় দেওয়া হয়েছে। তবে বেগুনবাড়ি ও অন্য এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ অব্যাহত রাখবে রাজউক।আজকের অভিযানের নেতৃত্বদানকারী রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ দৌলা প্রথম আলোকে বলেন, চারতলা বাড়িটি তৈরির জন্য রাজউকের কাছে কোনো আবেদনও করা হয়নি। এ ধরনের অবৈধ আরও কয়েকটি বাড়ি এলাকায় রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে ভাঙা হবে।আজ বেলা ১১টার দিকে শুরু হয়ে অভিযান চলে দুপুর প্রায় তিনটা পর্যন্ত। ১৪৪ নম্বর ভবনটির বিভিন্ন তলায় ফুটো করে ভাঙা হয়। এ ছাড়া সিঁড়ি ভেঙে দেওয়া হয়। বাড়ির মালিক শফিকুল ইসলাম বা তাঁর কোনো লোককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। রাজউকের কর্মকর্তারা জানান, আগে নোটিশ দেওয়া হলেও মালিক বা তাঁর পক্ষের কেউ আসেননি।