ফ্রিগেট দুর্নীতি মামলা বাতিলে শেখ হাসিনার আবেদনের রায় ১৮ মে
ফ্রিগেট বা যুদ্ধজাহাজ ক্রয়সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আবেদনের ওপর আগামী ১৮ মে রায় দেওয়া হবে। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করেন। শেখ হাসিনার পক্ষে শেখ ফজলে নূর তাপস ও মাহমুদুল ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সৈয়দ মিজানুর রহমান শুনানিতে অংশ নেন।প্রসঙ্গত, ২০০২ সালের ৭ আগস্ট জোট সরকারের আমলে ফ্রিগেট বা যুদ্ধজাহাজ ক্রয়সংক্রান্ত দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করে। মামলায় যুদ্ধজাহাজ ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রের ৭৪৭ কোটি টাকা ক্ষতির অভিযোগ করা হয়। ২০০৩ সালের ৩ আগস্ট এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৩ সালের ১৮ আগস্ট মামলা বাতিলের জন্য শেখ হাসিনা আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ২০০৩ সালের ১১ নভেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে মামলাটি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। তার শুনানি শেষে আদালত রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন।