ফ্রিম্যান সিটি অব লন্ডন সম্মাননা পেলেন এনাম আলী
‘দ্য ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ যুক্তরাজ্যের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী ও অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। ১২৩৭ খ্রিষ্টাব্দ থেকে এ সম্মাননা পুরস্কারের প্রবর্তন করা হয় বলে বলা হয়ে থাকে। প্রথমবারের এবার মতো একজন ব্রিটিশ বাঙালি এ সম্মাননা পেলেন গত সপ্তাহে লন্ডন গিল্ডহল মিলনায়তনে ব্রিটিশ ‘কারি অ্যাওয়ার্ডের’ প্রবর্তক এনাম আলী এমবিইর (মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয়। হসপিটালিটি ও ব্রিটিশ এশিয়ান কমিউনিটিতে উল্লেখযোগ্য অবদানের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। ২০০৯ সালে একই কারণে রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাবে ভূষিত করেন।ব্রিটেনের ইপসম এলাকায় লি-রাজ রেস্টুরেন্টের মধ্য দিয়ে ব্যবসায়িক জীবন শুরু করেন এনাম আলী। নিজের ব্যবসায়িক সাফল্য ও ব্রিটিশ কারি-শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপ তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। গিল্ড অব বাংলাদেশি রেস্টুরেটার্স প্রতিষ্ঠার মাধ্যমে কারি-শিল্পের নানা সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরেন। তাঁর স্পাইস বিজনেস ম্যাগাজিনের মাধ্যমে দেওয়া ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড এরই মধ্যে কারি-শিল্পের অস্কার হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে।প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনাম আলী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এ সম্মানের ভাগীদার ব্রিটিশ বাঙালি সবাই। আমার প্রতিষ্ঠানের সেবা গ্রহণকারীদের ভালোবাসার বহিঃপ্রকাশই আমার এ প্রাপ্তি। এ সম্মান খুবই অনুপ্রেরণা জোগাবে।’উল্লেখ্য, এই ফ্রিডম সার্টিফিকেট দেওয়া হতো যাঁরা জাতীয় কোনো বিষয়ে কথা বলার অধিকার রাখেন কিংবা যাঁদের জাহাজের মালিকানা ও চালনার অনুমতিপত্র রয়েছে।