ফ্রেমে বন্দী জীবনসংগ্রাম
সেদিন প্রচণ্ড গরম ছিল। মানুষের ভিড় ছিল তার চেয়েও বেশি। ভিড়টা আস্তে ধীরে ছবির পর ছবি দেখে এগিয়ে যায়। নিঃশব্দে। দুরন্ত এক শিশুর নীরবতা ভাঙে। মাকে টেনে নিয়ে দাঁড় করায় একটা ছবির সামনে। ছোট্ট একটা ঘর। সেখানে ১১ জন মানুষ গায়ে গা লাগিয়ে শুয়ে আছে। খাটের নিচেও ঘুমাতে হয়েছে দুজনকে। খাটের ওপরে, মেঝেতে আর এতটুকু জায়গাও নেই। এভাবেই কাটে তাদের প্রতিটি রাত। এভাবে মানুষ থাকতে পারে! সেই দুরন্ত বালকের বিস্ময়ের ঘোর কাটে না। একজন পোশাকশ্রমিকের মাসিক যে বেতন, এর চেয়ে ভালো ঘরে যে তাদের থাকা সম্ভব হয় না। এর পাশের ছবিটি মা আর ছেলেকে দেখতে দেন না। টেনে অন্য ছবির কাছে নিয়ে যান। কী আছে সেই ছবিটিতে? এই ছবিটিতেও পোশাকশ্রমিকেরা শুয়ে থাকে গাদাগাদি করে। কিন্তু এরা সবাই মৃত! এত লাশ যে মর্গে জায়গা হয় না; তাই লাশকাটা ঘরের সামনেই পড়ে আছে। জরুরি বহির্গমনের পথ না থাকায় এই হতভাগ্যদের তৈরি পোশাক (গার্মেন্টস) কারখানার ভেতরেই পুড়ে মরতে হয়েছে। একটু দূরের ছবিটিতে শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছেন। আর সেখানে এই শ্রমিকদের নির্দয়ভাবে পেটাচ্ছে পুলিশ। কী পুরুষ, কী নারী, সবাই পড়ে পড়ে মার খাচ্ছেন। মার খাচ্ছেন ভাড়াটে লোকদের হাতেও। আছে তাঁদের ঘরকন্নার ছবি। এই ঘিঞ্জি ঘরেও দুঃখের সঙ্গে সঙ্গে সুখও আসে কখনো। বড় ছবিটির পাশে দাঁড়িয়ে ছিলেন আলোকচিত্রী তাসলিমা আখতার। এই ছবিটিতে বিশাল মিছিল। মিছিলে এক নারীশ্রমিকের হাতে ধরা আরেক নারীর ছবি। আলোকচিত্রী তাসলিমা আখতার বলেন, ‘এই ছবির মেয়েটির নাম সালমা। দিনের পর দিন না ঘুমিয়ে, রাত জেগে কাজ করতে করতে সালমা যখন প্রচণ্ড অসুস্থ, তখন তিনি এক দিনের জন্য ছুটি চেয়েছিলেন। কিন্তু তাঁর ছুটি মেলেনি। সেই অসুস্থ শরীর তিনি আর টেনে নিতে পারেননি। পৃথিবী থেকেই পালাতে হয়েছে তাঁকে। সেবার সেই সালমাকে নিয়ে রাস্তায় নেমে এসেছিল আরও হাজার হাজার সালমা।’ এমন সব দুঃখজাগানিয়া ছবিতে ভরা গোটা গ্যালারি। তাসলিমা আখতারের পোশাকশ্রমিকের ‘জীবন ও সংগ্রাম’ শীর্ষক এই একক প্রদর্শনীটি হয়ে গেল ১৮ থেকে ২৪ জুলাই দৃক গ্যালারিতে। প্রদর্শনীর উদ্বোধন করেছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এসেছিলেন অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, গার্মেন্টস শ্রমিক নেত্রী মোশরেফা মিশু ও আলোকচিত্রী শহিদুল আলমসহ অনেকে।