ফ্লোরিডার প্রাইমারিতে মিট রমনির বিপুল বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রাইমারিতে মিট রমনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনে এখন পর্যন্ত মোট ৬১ শতাংশ ভোটে গণনা করা হয়েছে। এর মধ্যে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি পেয়েছেন ৪৭ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্পিকার নিউট গিংরিচ পেয়েছেন ৩২ শতাংশ ভোট। এ ছাড়া রিক সান্তোরাম ১৩ শতাংশ ও রন পল পেয়েছেন ৭ শতাংশ ভোট।রিপাবলিকান দলের প্রাইমারিতে ফ্লোরিডার ভোটযুদ্ধ ছিল সবচেয়ে আলোচিত। এখানকার প্রাইমারিকে সমানে রেখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী মিট রমনি ও নিউট গিংরিচের মধ্যে তিক্ত বাকযুদ্ধও হয়েছে। ভোটারদের কাছে অর্থনীতির দিকটিই বেশি গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। ফ্লোরিডায় প্রাইমারির আগেই বিভিন্ন জরিপের ফলাফলে রমনির বিপুল বিজয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।এখন পর্যন্ত চারটি অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাইমারি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নিউ হাম্পশায়ার ও ফ্লোরিডায় মিট রমনি জয়ী হয়েছেন। এ ছাড়া সাউথ ক্যারলাইনা ও আইওয়ার ভোটে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। আগামী শনিবার নেভাদা অঙ্গরাজ্যে পরবর্তী প্রাইমারি অনুষ্ঠিত হবে।