ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ীকে গুলি করে চার লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিমানবন্দর সড়কে গুলি করে এক ব্যবসায়ীর চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আজ শনিবার দুপুরে বিমানবন্দর সড়কের সিলেট ক্যাডেট কলেজের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। নূরুল ইসলাম ব্যবসায়িক কাজের জন্য চার লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। আহত ব্যবসায়ী নূরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজারে মুঠোফোন ও ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী। বিমানবন্দর থানার পুলিশ জানায়, ব্যবসায়ী নূরুল ইসলাম কোম্পানীগঞ্জের দয়ারবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় দুপুর দুইটার দিকে সিলেট নগরে ফিরছিলেন। বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে পৌঁছার পর দুইটি মোটরসাইকেলে করে চারজন গিয়ে অটোরিকশার গতিরোধ করে। তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী নূরুল বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে প্রথমে ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের বিষয়টি চেপে যান। পরে হাসপাতালে ভর্তির পর টাকার ব্যাগের বিষয়টি পুলিশকে বলেন। ওসি বলেন, ছিনতাইকারীদের সন্ধান করার পাশাপাশি টাকার উত্স সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।