ফয়জুননেসা হোস্টেলে বাড়তি ভাড়ার সঙ্গে নানা সমস্যা
ফয়জুননেসা হোস্টেলে দুই শয্যার এক কক্ষের ভাড়া ছিল ৮৭৫ টাকা। গত ডিসেম্বরে সেই ভাড়া বাড়িয়ে করা হয়েছে এক হাজার ৫০ টাকা। তিন শয্যার এক কক্ষের ভাড়া ছিল ৬৫০ টাকা, বেড়ে হয়েছে ৮৫০ টাকা। শুধু শয্যাভাড়াই বাড়েনি, বেড়েছে আরও অন্যান্য খরচ। এতে মিরপুরের নওয়াব ফয়জুননেসা কর্মজীবী মহিলা হোস্টেলে বসবাসকারী কর্মজীবী নারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিবাদে প্রায় অর্ধেক নারীই ছয় মাস ধরে ভাড়া দিচ্ছেন না।সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তর হোস্টেলটি পরিচালনা করে। হোস্টেলে বসবাসকারী নারীরা হঠাৎ ভাড়াসহ অন্যান্য ফি বাড়ানোর প্রতিবাদ করেছেন, হোস্টেল সুপারকে তালাবদ্ধও করেছেন। সমস্যার সমাধান চেয়ে গত মার্চে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং ফেব্রুয়ারি মাসে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত আবেদন করেছেন তাঁরা।গত এপ্রিলে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শামীমা হক স্বাক্ষরিত এক চিঠিতে শয্যাভাড়া বৃদ্ধি, নবায়ন ফি, জরিমানা যথাযথ হয়েছে এবং এই পর্যায়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।রাজধানীর মিরপুর টোলারবাগে তিনতলা হোস্টেল ভবনটিতে প্রথম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন স্তরের ১৪৫ জন চাকরিজীবী নারী থাকেন। নিয়ম না থাকলেও তাঁদের মধ্যে কয়েকজন ছাত্রী আছেন বলেও অভিযোগ আছে। নীতিমালা অনুযায়ী, একজন কর্মজীবী নারী চার বছর পর্যন্ত হোস্টেলে থাকতে পারেন। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ অনুমতি দিলে আরও এক বছর থাকার সুযোগ আছে। সে হিসাবেও ১০ জনের হোস্টেলে থাকার মেয়াদ শেষ হয়েছে।বাড়তি ভাড়া: ডিসেম্বর থেকে শয্যাভাড়া ও অন্যান্য ফি বাড়ানো হয়েছে। মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ না করলে জরিমানা দিতে হতো এক টাকা, বর্তমানে তা হয়েছে প্রতিদিনের জন্য পাঁচ টাকা। কক্ষ পরিবর্তনের ফি ৪০০ টাকা করা হয়েছে। ভর্তি ফি ৪০০ টাকার পরিবর্তে এক লাফে দুই হাজার টাকা করা হয়েছে।হোস্টেল সুপার মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, ছয় মাস আগেই নারীরা ভাড়া কমানোর আবেদন জানিয়েছেন। বিষয়টি অধিদপ্তরকে জানানো হলে অধিদপ্তর ভাড়া কমানো সম্ভব নয় বলে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।মমতাজ বেগম জানান, নিজস্ব আয় দিয়েই চলে হোস্টেলটি। কিন্তু বর্তমানে আর চলা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ বিলসহ বিভিন্ন বিল বকেয়া পড়ে আছে। তাই ভাড়া বাড়ানো ছাড়া উপায় ছিল না।কর্তৃপক্ষ বলছে, মে মাস পর্যন্ত ৮৫ জন নারী ভাড়া পরিশোধ করেছেন। নীতিমালা অনুযায়ী, দুই মাসের ভাড়া পরিশোধ না করলে জামানত বাতিলসহ শয্যা বাতিলের নিয়ম আছে। এ প্রসঙ্গে নারীরা বলেন, বাধ্য হয়েই তাঁরা আন্দোলন করছেন। হোস্টেলে অবস্থানরত অনেকের পক্ষে বাড়তি ভাড়া দেওয়া সম্ভব নয়।নানা অব্যবস্থাপনার অভিযোগ: হোস্টেলে নারীদের সমস্যা সমাধানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করার কথা মেট্রনের। তবে পদটি শূন্য। হোস্টেল সুপার নিচতলার দুটি কক্ষ নিজের নামে তালাবদ্ধ করে রেখেছেন। তিনি থাকেন না। নারীরা অভিযোগ করেন, রাতে অসুস্থ হয়ে ফোন করলেও হোস্টেল সুপার ফোন ধরেন না। কার্যত হোস্টেলটি অভিভাবকহীন।অভিযোগ আছে, দুজন দারোয়ান তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। নারীদের জামা, জুতা চুরি হয়। দারোয়ানেরা রাতে হোস্টেলের ভেতরে একটি কক্ষে ঘুমান। এতেও কেউ কেউ নিরাপদ বোধ করেন না।হোস্টেলে খাবারের মাসিক কুপন ৩০০ টাকা থেকে সাড়ে ৩০০ টাকা হয়েছে। হোস্টেলে না খেলেও এই কুপন নেওয়া বাধ্যতামূলক। খাবারের মান নিয়ে নারীরা অসন্তোষ প্রকাশ করেছেন। খাবারকক্ষে একটি টেবিল আছে। রাতে সেই টেবিলে কর্মীরা ঘুমান। খাবারঘরে চেয়ার, গ্লাস, প্লেট, পানি কিছুই নেই। হোস্টেলে জামাকাপড় ইস্ত্রি করা নিষেধ। ফ্যান, লাইট নষ্ট হলে নিজ খরচে ঠিক করতে হয়। ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের জন্য দিতে হয় বাড়তি টাকা। হোস্টেলের প্রতি তলায় পানি বিশুদ্ধ করার ফিল্টার থাকলেও তা হোস্টেল কর্তৃপক্ষ দীর্ঘদিন পরিষ্কার করে না। প্রতি ৩২ জন নারীর জন্য তিনটি টয়লেট এবং গোসলের জন্য দুটি বাথরুম বরাদ্দ। টয়লেটের কমোড, বেসিন, পানির টেপ নষ্ট হলে তা মেরামত করতে অনেক দিন সময় নেওয়া হয়। অন্যদিকে পরিচ্ছন্নতাকর্মীরা শুক্র ও শনিবার কাজে আসেন না।হোস্টেলে নারীরা বিনোদন ফি দিচ্ছেন মাসে ৫০ টাকা করে। বিনোদনের জন্য আছে একটি টেলিভিশন। তবে টেলিভিশন দেখার জন্য চেয়ারের সংখ্যা ১০টিরও কম। দুটি দৈনিক পত্রিকা আছে পড়ার জন্য। এখানে পানির সমস্যা দীর্ঘদিনের। মাসের পর মাস পানি না থাকারও নজির আছে। তবে সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কাজে হাত দিয়েছে। নারীরা বলেন, এই সমস্যার কথা হোস্টেল সুপারকে বহুবার জানানো হয়েছে। জবাবে হোস্টেল সুপার বলেন, না থাকতে পারলে চলে যাও।নানা অভিযোগ প্রসঙ্গে সুপার মমতাজ বেগম প্রথম আলোকে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার আগে কেউ ছাত্রীদের ভর্তি করে থাকতে পারেন। তিনি বলেন, হোস্টেল সুপারের হোস্টেলে থাকা বাধ্যতামূলক নয়। তবে হোস্টেলে সার্বক্ষণিক একজন মেট্রন থাকা জরুরি বলে মনে করেন তিনি।