ফয়সাল টাইমস স্কোয়ারে বোমা হামলা-চেষ্টার সব অভিযোগ স্বীকার করলেন
পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফয়সাল শাহজাদ (৩০) নিউইয়র্কের টাইমস স্কোয়ারে একটি গাড়িবোমা বিস্ফোরণের চেষ্টা চালানোর অভিযোগ স্বীকার করেছেন। গতকাল সোমবার ম্যানহাটানের একটি আদালতে তাঁর বিরুদ্ধে আনা গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার ও সন্ত্রাসী কার্যকলাপ চালানোর চেষ্টা করাসহ ১০টি অভিযোগের সবই তিনি স্বীকার করেন।ফয়সাল স্বীকার করেন, তিনি পাকিস্তানে গিয়ে তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে পরিচিত সে দেশের তালেবান গ্রুপের কাছ থেকে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেন। গত ১ মে টাইমস স্কোয়ারে বোমা বিস্ফোরণের যে চেষ্টা ব্যর্থ হয় তা চালানোর জন্য ওই গ্রুপের কাছ থেকে ১২ হাজার ডলার নেওয়ার কথাও তিনি স্বীকার করেন।আদালতে ফয়সাল বলেন, ‘আমি শতবার আমার অপরাধ স্বীকার করছি।’ তিনি আরও বলেন, ‘যত দিন না যুক্তরাষ্ট্র “মুসলিম ভূমিতে” চালকবিহীন বিমান আক্রমণ ও দখলদারি ত্যাগ না করছে তত দিন আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাব এবং আমি সে অপরাধ স্বীকার করছি।’তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তাতে তাঁর যাবজ্জীবন কারাবাসের দণ্ড হতে পারে।ফয়সাল ১ মে শনিবার সন্ধ্যা সাতটার দিকে টাইমস স্কোয়ারের কাছে ৪৫ স্ট্রিটে তিনটি বোমাসহ একটি নিশান পাথফাইন্ডার গাড়ি পার্ক করেন। ফয়সাল বলেন, তিনি এমনভাবে বোমার ফিউজ জ্বালেন, যাতে আড়াই থেকে পাঁচ মিনিটের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটে এবং এরপর দ্রুত গাড়ি থেকে নেমে দূরে নিরাপদ স্থানে চলে যান। কিন্তু তাঁর ধারণা অনুযায়ী সময়ের মধ্যে কোনো বিস্ফোরণের শব্দ শুনতে না পেয়ে তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে যান।—রয়টার্স ও বিবিসি