নীল টি-শার্টে লেখা, ‘সব রাস্তায় লাল বাত্তি’। এই টি-শার্ট পরা ওরা একজন নয়, অনেক। তারা সবাই চট্টগ্রাম সরকারি স্কুলের সদ্য প্রাক্তন শিক্ষার্থী। তাই নীল রঙে রাঙিয়ে একসঙ্গে পথচলা। ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীরা পরেছে কালো রঙের টি-শার্ট। আবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা কালো পোশাকে ঢোল-বাদ্যযন্ত্র নিয়ে চিৎকার-চেঁচামেচি করে গেল সারাক্ষণ।এভাবে নানা রঙে নানা ঢঙে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা গতকাল মাতিয়ে রেখেছিল নগরের ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক। অতিথি ও শিল্পীদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়েছে দেশ ও জীবনের জয়গান। মুখস্থ, মাদক ও ইভ টিজিংকে বলেছে ‘না’।মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি ও প্রথম আলোর আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রাণবন্ত। দিনব্যাপী আয়োজনের শুরুটা হয় সকালে। সারবেঁধে পার্কে ঢুকেই যেন শিক্ষার্থীরা বাঁধনহারা। কখনো পার্কের বিভিন্ন রাইডে, কখনো বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, কখনো বা মেতেছিল তিন প্রজন্মের শিল্পী কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও হূদয় খানের গান নিয়ে।২২ শ্রাবণ স্মরণে কুমার বিশ্বজিৎ প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে গাইলেন রবিঠাকুরের দুটি লাইন, ‘আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে’। তারপর চলে গেলেন নিজের পরিবেশনায়। প্রথমেই শোনালেন ‘ও ডাক্তার’। পরে একে একে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘চতুর দোলাতে চড়ে ওই বধূ যায়’, ‘তুমি যদি হও পদ্মা মেঘনা’, ‘একতারা বাজাইও না’ ইত্যাদি গানে মাতিয়ে তোলেন কৃতী শিক্ষার্থীদের।গানের ফাঁকে ফাঁকে ছিল কথামালাও। এই কথামালার মূল সুরই ছিল দেশপ্রেমের, মানুষ হওয়ার মন্ত্রের। প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা বাংলাদেশের গৌরবময় অধ্যায় মুক্তিযুদ্ধের সাক্ষী হতে পারোনি। এ জন্য আক্ষেপ থাকতে পারে। তবে তোমরা তোমাদের ব্যক্তিগত পরীক্ষায় সফল হয়েছে। তাই এখন সুন্দর ও সফল বাংলাদেশ গড়তে হবে তোমাদের।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক বলেন, তোমাদের দেশপ্রেমিক হতে হবে। বাংলাদেশকে বিশ্বসভায় তুলে ধরতে হবে। এই প্রত্যাশা তোমাদের কাছে। আর নায়ক ফেরদৌস মঞ্চে এসেই তাদের স্বপ্ন দেখালেন। বললেন, শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার হলে চলবে না। তোমাদের অভিনেতা-অভিনেত্রীও হতে হবে। মেধাবীদের সর্বক্ষেত্রে বিচরণ করতে হবে। পাশাপাশি অভিনেত্রী অপি করিম ও মডেল নোবেলের কথা ও হাস্যরসে মুগ্ধ হয়েছে মেধাবী শিক্ষার্থীরা।প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশনের উপস্থাপনায় আরও বক্তৃতা করেন রবির চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক মো. কামরুজ্জামান ও কনকর্ডের মহাব্যবস্থাপক আনিসুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সহযোগিতা করেন কনকর্ড ও প্রথম আলো বন্ধুসভা। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই, দেশ টিভি ও এবিসি রেডিও।অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সেরা চট্টগ্রাম কলেজিয়েট উচ্চবিদ্যালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রামের সেরা ইউসেফ স্কুলকে সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট হাতে নিয়ে বক্তৃতা করেন কলেজিয়েট স্কুলের শিক্ষক বোরহান উদ্দিন।বক্তব্যের ফাঁকে বন্ধুসভার সদস্যরা শুনান গীতি আলেখ্য। সেখানেও ছিল জীবন গড়ার কথা, দেশপ্রেমের কথা, বদলে যাওয়ার গান। বন্ধুসভার সদস্যরাও মঞ্চ আলো করেছিলেন দেশের পতাকার রঙে।এরপর হূদয় খানের নাম ঘোষণা হতেই করতালিতে মুখর কনকর্ড পার্ক। হূদয় খান শুরু করলেন ‘মেয়ে’ গানটি দিয়ে। এরপর ‘একবার কাছে এসে ভালোবাসো’, ‘কী জ্বালা দিয়া গেলা মনে’, ‘রাত ভোর দিন’, ‘চাই না মেয়ে তুমি’ ইত্যাদি হূদয়ছোঁয়া গানে মোহিত করেন মেধাবী শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নেচেগেয়ে মাতিয়ে তোলে পুরো পার্ক।গোধূলি লগ্নে মঞ্চে আসেন দলছুটের বাপ্পা মজুমদার। আর তিনি হূদয় খানের গানের আবেশ ধরে রাখলেন নিজের সুরের জাদুতে। ‘দিন বাড়ি যায়’, ‘পরী’, ‘বায়োস্কোপ’, ‘বায়ান্ন তাস’, ‘গাড়ি চলে না’ ইত্যাদি গানের সঙ্গে কৃতী শিক্ষার্থীদের নাচ ছিল দেখার মতো।এভাবে নাচে-গানে একসময় বেলা গড়িয়ে যায়। কাঠফাটা দুপুর গড়িয়ে আস্তে আস্তে সন্ধ্যা নামে। নামে টিপ টিপ বৃষ্টি। আর সেই বৃষ্টিভেজা সন্ধ্যায় বাড়িতে ফেরার তাড়া। তখনো তাদের মধ্যে বাপ্পার সেই দেশাত্ববোধক গানের রেশ, ‘তীর হারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে...আমরা কজন নবীন মাঝি’।