মুহম্মদ জাফর ইকবাল তাঁর নিজের ব্যাটারি কী করে চার্জ করেন, জানো? ২১ ফেব্রুয়ারি ঢাকার সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বসেছিল বর্ণমেলার আসর। সেখানে পা রাখার পর শিশু-কিশোরেরা যথারীতি ঘিরে ধরল তাঁকে। এক প্রস্থ অটোগ্রাফ দেওয়ার পর মুহম্মদ জাফর ইকবাল বললেন, ‘তোমাদের সামনে এলে আমারই লাভ হয়। আমি তোমাদের দেখে আমার ব্যাটারিটা চার্জ করে নিই।’নেওয়ারই কথা। বিশেষ করে সেদিন বর্ণমেলায় শিশু-কিশোরদের উজ্জ্বল উপস্থিতি দেখে কে না গা-ঝাড়া দিয়ে উঠেছে! শিশু-কিশোরেরা এত বেশি উজ্জ্বল ছিল কেন? উজ্জ্বল ছিল কারণ, দিনটি যে ছিল বর্ণিল বাংলা বর্ণময়। যেদিকেই তাকানো যায়, সেদিকেই বাংলা বর্ণমালার আলোকচ্ছটা। সেই আলোয় শিশু-কিশোরেরা আলোকিত রইল সারাটা দিন। কত যে আয়োজন, কত যে উদ্দীপনা, না দেখলে বোঝানো খুব মুশকিল। এবার বলো তো, খড় দিয়ে কী হয়? অনেকেই হয়তো বলবে, গরু খড় খায়। উহু, খড় কেবল গরুর খাদ্যই নয়। খড় দিয়ে তৈরি করা যায় চমৎকার সব বর্ণও। সেটা আবার প্রমাণ করে দেখাল বর্ণমেলায় আসা শিশু-কিশোরেরাই। মাঠের ঠিক মাঝখানটায় বিছিয়ে রাখা হয়েছিল রাশি রাশি খড়। শক্ত তার দিয়ে কাঠামো বানিয়ে সেটার শরীরে খড় জুড়ে দিয়ে একেকজন তৈরি করল ‘অ’ ‘আ’ ‘ক’ ‘খ’সহ কতশত বর্ণ। মাঝদুপুরে সূর্যটা ছিল ভীষণ কড়া। তার মধ্যে ঘেমে-নেয়ে একাকার অরণী বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নিতু নামের মেয়েটা। খড় দিয়ে বর্ণ বানাতে ভীষণ ব্যস্ত সে। তার মাঝে আবার বন্ধুদের সঙ্গে বেশ কয়েকবার হুটোপুটিও খেয়েছে সেখানে। ফলে নিতুর গা কেমন কুটকুট করছিল। কিন্তু তারপরও কোনো মাথাব্যথা নেই তার! কথা বলতে চাইলে সোজাসাপ্টা বলল, ‘এখন খুব ব্যস্ত আছি, দেখছ না!’ বাপরে, তারপর কি আর কোনো কথা চলে! তাই আমরা ছুটলাম ঢাউস একটা ‘অ’ বর্ণের সামনে। সেই বিশাল ‘অ’-এর গায়ে খুদে শিল্পীরা নিজেদের নাম লিখল মনের মাধুরী মিশিয়ে। হাতে তুলি, রঙেরও নেই কোনো অভাব। মাটি দিয়েও বর্ণ তৈরি করল অনেক শিশু-কিশোর। কাদামাটি গুলিয়ে একটা ছাঁচের মধ্যে ফেললেই বেরিয়ে আসে চমৎকার সব বর্ণ! একদম সত্যিকারের ম্যাজিক। ধানমন্ডি গভর্নমেন্ট স্কুলের পিয়াল বলল, ‘আজ তো একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে আমরা ভাষার জন্য রক্ত দিয়েছিলাম। আমরা সবাই ভাষাশহীদদের অনেক ভালোবাসি। আর বাংলা বর্ণগুলোকেও খুব ভালোবাসি। তাই এখানে এসেছি। খুব খুব ভালো লাগছে।’প্রথম আলোর আয়োজনে বর্ণমেলার শুরুটা হলো সকাল নয়টায়। মেলায় স্বাগত জানালেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এরপর সুরের ধারার সঙ্গে জাতীয় সংগীত ও ভাষার গান ‘মোদের গরব মোদের আশা’র সঙ্গে গলা মেলাল ছোট-বড় সবাই। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সঙ্গে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হকসহ আরও অনেকে। একটা স্টল ছিল মেলায়, নাম ছিল ‘হ-তে হাতেখড়ি’। সেখানে ছিলেন বিশিষ্ট শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, শহীদ কবির, আবুল বারক আলভী, ফরিদা জামান, আবদুল মান্নান, আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য্য ও আনিসুল হক। তাঁদের কাছ থেকে হাতেখড়ি নিল ছোট্ট শিশুরা। হাতেখড়ি মানে হলো প্রথম লিখতে শেখা। কালো স্লেটে সাদা চক দিয়ে ছোটরা প্রথমবারের মতো লিখল বাংলা বর্ণ! লিখতে শেখালেন এই জ্ঞানী-গুণীরা! বরেণ্য এই মানুষেরা একদম ছোট্ট শিশুদের নামকরণও করলেন সেদিন। স্টলটির নাম ছিল ‘ব-তে বাংলা নাম’। মা-বাবারা তাঁদের সন্তানদের নিয়ে এসেছিলেন সেখানে। লেখক-কবিরা দিয়ে দিলেন দারুণ দারুণ সব নাম। মা-বাবাদের খুশির সীমা নেই। তবে ছোটরা যেভাবে ছুটোছুটি করছিল, তাদের পেছনে আর কতক্ষণই বা ছোটা যায়! সমাধানও ছিল মাঠের মাঝখানে। বাংলাদেশের বিশাল একটা পতাকা বিছিয়ে রাখা হয়েছিল খুঁটি দিয়ে। সেই পতাকাতলে বসে জিরিয়ে নিচ্ছিলেন অনেকেই। মঞ্চে যখন সিসিমপুর চলে এল তখন কিন্তু কেউই জিরোতে পারল না। খানিক বাদে বাদে তুমুল হাততালি! শিকু, ইকরি, হালুম আর টুকটুকিদের সঙ্গে যে ছোটদের অনেক ভাব। তা ছাড়া সারা দিন চলল নাচ, গান, কবিতা আবৃত্তি, গম্ভীরা, পুতুলনাচ, অভিনয় আর জাদু প্রদর্শনী। জাদু দেখালেন কে জানো? স্বয়ং জুয়েল আইচ! আর ছিল দেশের গান, ভাষার গান এবং জাগরণের গান। গাইলেন দেশের নামজাদা সব শিল্পী।ছোটরা অবশ্য মঞ্চের সামনে টানা বসে রইল না। একবার মঞ্চ তো আরেকবার এদিক-সেদিক করতে হলো তাদের সারাক্ষণই। কারণ, সবার জন্যই ছিল হরেক রকম প্রতিযোগিতা। কেউ কেউ বসে গেল ছবি আঁকতে, কেউ বা টি-শার্ট ডিজাইন করতে, কিংবা বানানো গাছের পাতায় সুন্দর করে অনেকেই লিখে ফেলল বাংলা বাক্য। এই আয়োজনগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থাও ছিল সবশেষে। শিশু-কিশোরদের নিয়ে প্রথম আলোর এই আনন্দযজ্ঞে সহায়তা করেছে বিএসআরএম, এবি ব্যাংক, এস আলম গ্রুপ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সার্ফ এক্সেল, লাইফবয় ও পেপসোডেন্ট। বর্ণমেলার পুরো আয়োজনটি সরাসরি সমপ্রচার করেছে চ্যানেল নাইন।