ব-তে বোমা, চ-তে চাকু!
ব-তে বোমা, চ-তে চাকু। বিভিন্ন মহলের আপত্তি সত্ত্বেও এসব শব্দ-সংবলিত একটি বই পড়ানো হচ্ছে ভারতের উত্তর প্রদেশের কয়েকটি স্কুলে। তা ছাড়া ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের প্রলেপকে ওপর-নিচ করে ছাপা হয়েছে অন্য একটি বইয়ে। বই দুটি উত্তর প্রদেশ রাজ্য শিক্ষা বোর্ড এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়াই বিভিন্ন স্কুলে পড়ানো হচ্ছে।‘আলোক শাব্দ’ নামের শিশুতোষ বইটিতে হিন্দি বর্ণমালা শেখাতে বিকৃত পদ্ধতি ব্যবহারের অভিযোগ করা হয়েছে। এটি বেশ কয়েকটি বেসরকারি স্কুলে নার্সারি ক্লাসের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। এ বইটি প্রকাশ করেছে প্রিজম হাউস পাবলিকেশন নামে একটি প্রকাশনা সংস্থা। বইটি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় শিক্ষা বোর্ড (সিবিএসই)।ঘৃণা, সংঘাত ও নেতিবাচক মানসিকতা তৈরি করে—এমন শব্দ অবশ্যই পাঠ্যবই থেকে পরিহার করার নির্দেশনা আছে সিবিএসইর নীতিমালায়। তাই বইয়ের ব্যাপারে ক্ষোভ দেখিয়ে সিবিএসইর নগর সহ-সমন্বয়ক জাভেদ আলম বলেন, ৩২ পৃষ্ঠার বইটিতে কোনো ধরনের নেতিবাচক শব্দের উপস্থিতি মানা হবে না। বইয়ের প্রকাশকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।ভারতের জাতীয় পতাকায় ওপর-নিচ করে জাফরান, সাদা ও সবুজ রঙের প্রলেপ ব্যবহার করা হয়েছে। ‘নিউ ওয়ে ব্লুম’ নামে অষ্টম শ্রেণীর একটি নৈতিক শিক্ষার বইয়ে জাতীয় পতাকার রংয়ের প্রলেপকে উল্টিয়ে সবুজ, সাদা ও জাফরান করে ছাপানো হয়েছে। এমন ভুল করা হয়েছে বইয়ের অন্তত পাঁচটি স্থানে।বইটি প্রকাশ করেছে গুরুকুল নামে একটি প্রকাশনী। তরুণদের মধ্যে দেশপ্রেম তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে বইটিতে জাতীয় পতাকার ছবি সন্নিবেশ করা হলেও তাতে ভুলের কারণে ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকেরা।বইয়ে ভুলের বিষয়টি স্বীকার করেছেন গুরুকুল প্রকাশনীর অন্যতম দায়িত্বশীল অঙ্কুর জুলকা। তিনি বলেন, ‘বইয়ে মারাত্মক ভুল করা হয়েছে। আমরা দ্রুত এগুলো বাজার থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করছি।’উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলা শিক্ষা কর্মকর্তা বাল মুকুন্দ বলেন, এ ধরনের ভুল মারাত্মক অপরাধ। প্রকাশকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।