ব-পুলিশকে জ্ঞান দিলেন মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, ‘একজনকে ধরে নির্যাতন করে তাঁকে দিয়ে সাংবাদিকদের সামনে কথা বলানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ না।...আপনারা ভেবেছেন নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান, সাঈদীক যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে দলের লোকেরা তাঁদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আলাদা দল করবে। এমনটা যদি ভাবেন, তাহলে বলব ইসলামি দলকে ভালোভাবে জানুন।’গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক আলোচনা সভায় মুজাহিদ এ কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার সঙ্গে জড়িত অভিযোগে র‌্যাবের হাতে আটক ছাত্রশিবিরের নেতা ইকরাম হোসাইন গত সোমবার সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন।সোমবার ইকরামকে র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার সময় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি শামছুল আলম ওরফে গোলাপ জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকের সঙ্গে কথা বলেন। তাঁদের দিকনির্দেশনা অনুসারে ক্যাম্পাসে হামলা হয়। মুজাহিদ বলেন, ‘ছলে-বলে-কৌশলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে জামায়াতের আমির নিজামী, শিবিরের প্রধানকে গ্রেপ্তারের ষড়যন্ত্র চলছে। আমরা সাংবিধানিক রাজনীতি করি, ভাঙচুর, জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করি না। কিন্তু জামায়াত-শিবিরের প্রধানের ওপর হাত দিলে পরিণতি ভালো হবে না।...আমরা জানের পরোয়া করি না।’জামায়াত নেতা বলেন, ‘পুলিশ ও র‌্যাবের কর্মকর্তাদের কাছে আমাদের আবেদন, জনগণের জানমালের নিরাপত্তা আপনাদের ওপর নির্ভর করে। আপনাদের কোনো দল নাই। আপনাদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আপনাদের ভূমিকা কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের মতো হলে সেটা ভালো হবে না।’জামায়াতের সেক্রেটারি বলেন, সত্যিকারের তদন্ত ও বিচারের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনুন, আপত্তি নেই। কিন্তু রাজনৈতিক খেলা খেলবেন না। জনগণকে সাময়িকভাবে বিভ্রান্ত করা যায়, কিন্তু আসলে কোনো লাভ হয় না।’সরকারের নারীনীতি নিয়েও কথা বলেন মুজাহিদ। তিনি বলেন, ‘নারী অধিকার বলতে কোরআন-সুন্নাহবিরোধী নীতিমালা করা বোঝায় না।...নারী অধিকারের নামে বেলেল্লাপনা, কোরআন-সুন্নাহ, ইসলামি বিধান ও উত্তরাধিকার আইনের ওপর আঘাত হানলে গোটা বাংলাদেশ ফুঁসে উঠবে।’ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম, সাংসদ হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম বক্তৃতা করেন।জামায়াতের বিবৃতি: ইকরাম হোসাইনের জবানবন্দি বিষয়ে গতকাল জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলম স্বাক্ষরিক এক বিবৃতিতে দাবি করা হয়, ইকরাম হোসাইনের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে তাঁর কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। র‌্যাব কর্তৃপক্ষ তা সংবাদপত্র ও মিডিয়াতে প্রচারের ব্যবস্থা করতে পারে না।