বঁটি-চাকু-চাপাতির চালচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ কয়লার আগুনে তেতে ওঠা লোহা হাতুড়ি দিয়ে পেটাচ্ছেন, কেউ চাকুতে শাণ দিচ্ছেন, কেউ বা কয়লার আগুনে বাতাস দিচ্ছেন। এমন চিত্র দেখা গেল রায়েরবাজারের বেশ কয়েকটি কামারের দোকানে। ঈদুল আজহা আসছে। তাই কামারদের এখন দিনরাত কাজ করতে হচ্ছে। নতুন বঁটি-চাকু যেমন বিক্রি হচ্ছে, তেমনি পুরোনোগুলোয় শাণ দিতে আসছেন অনেকেই।রায়েরবাজারের পাগলা চান কর্মকার নামের দোকানের স্বত্বাধিকারী নিরঞ্জন মণ্ডল হাতের কাজটা শেষ করে জানান, সারা বছরই কাজ থাকে। তবে প্রতিবছর কোরবানির আগে কাজের চাপটা বেশি থাকে। বিভিন্ন আকারের বঁটি, ছুরি ও চাপাতির চাহিদা এখন বেশি। কেউ ফরমায়েশ দিয়ে বানান, কেউ আবার তৈরি জিনিসই কিনে নিয়ে যান।নিরঞ্জন মণ্ডল আরও বলেন, ফরমায়েশি জিনিস অনেক ভালো হয়। ফরমায়েশ দেওয়ার আগে চাইলে নিজেই লোহা কিনে দিতে পারেন। এ ক্ষেত্রে লোহাটা দেখে কেনা উচিত। কারণ, যে আকারের অস্ত্র বানানো হচ্ছে, তার সাইজের আন্দাজেই লোহাটা কিনতে হবে। লোহা সাধারণত দুই ধরনের হয়ে থাকে—শক্ত ও নরম। লোহা নরম হলে তার সঙ্গে পটাশ মিশিয়ে নিতে হয়। তবে শক্ত লোহা দিয়ে অস্ত্র ভালো হয় বলে জানান তিনি।পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে কোরবানির ঈদের আয়োজনটা যেন টের পাওয়া যায়। ঈদের বেশ আগে থেকেই তাই এর প্রস্তুতি শুরু হয়। ঘরের কোনা থেকে চাপাতি, চাকু খুঁজে বের করে কামারবাড়িতে শাণ দিতে পাঠানো হয় কিংবা নতুন করে তৈরি করতেও কামারবাড়িতে যেতে হয়। তাই পুরান ঢাকার কামারবাড়ির ব্যস্ততা এ সময়ে বেশি। নয়াবাজারের কামারের দোকান ঝন্টু অ্যান্ড সন্সের সামনেই নানা আকারের ছুরি আর চাপাতি বানিয়ে রাখা হয়েছে। ক্রেতারা ধরে দেখছেন। কেউ আবার দেখেই শেষ নয়, কিনছেন কিংবা ফরমায়েশ দিচ্ছেন। দোকানি কৃষ্ণ কর্মকার জানান, কোরবানির ঈদে ছুরি আর চাপাতি বেশি চলে। তাই আগেভাগে কিছু বানিয়ে রাখা হয়েছে।নয়াবাজারে চাপাতি কিনতে আসা ধানমন্ডির বাসিন্দা রাহাত ফয়েজ জানান, এবার প্রতিটি জিনিসের দামই বেশি। গত ঈদে চাপাতি আর ছুরি যে দামে কিনেছি, তার চেয়ে প্রায় ৫০ থেকে ৮০ টাকা বেশি দাম পড়ছে। এ বিষয়ে দোকানি কৃষ্ণ কর্মকার জানান, লোহার দাম বাড়ায় এমন অবস্থা হয়েছে। লোহা কেজিপ্রতি ১২০ থেকে ১৭০ টাকা দরে কেনা যায়। আর এর সঙ্গে থাকে মজুরি।ব্যস্ততার কমতি নেই কারওয়ান বাজারের কামারের ঘরগুলোতেও। ভোলা সদর কর্মকার নামের কামারের দোকান থেকে মোহাম্মাদ আলী জানান, ফরমায়েশের জিনিস তো একটু ভালো হবেই। আকারভেদে একটা বঁটি বানাতে খরচ পড়ে ৭৫ থেকে ৩০০ টাকা; ছুরিতে ৮০ থেকে ৪০০ টাকা। আর চাপাতির খরচ ৪০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। তবে ফরমায়েশ দিতে হলে হাতে কয়েক দিন সময় দিতে হবে। পুরোনো কিছু শাণ দিতে খরচ পড়ে ৩০ থেকে ১০০ টাকা।নগরের হার্ডওয়্যারের দোকান কিংবা সুপারস্টোরে খোঁজ নিলেও কিন্তু দা, বঁটি, চাপাতির বদলে মাংস-কাটারও কেনা যাবে। এসব কাটার ইস্পাতে তৈরি। সুপারস্টোর আগোরার ধানমন্ডি শাখার ব্যবস্থাপক লোকমান হোসেন জানান, তাঁদের এখানে বিভিন্ন আকারের ছুরি, চাপাতি, থ্যামার কেনা যাবে ৫০ থেকে ৫০০ টাকার মধ্যে। হালকা ও দেখতে সুন্দর বলে ইস্পাতের কাটার ব্যবহারের পক্ষে রন্ধনবিশারদ রাহিমা সুলতানা। তিনি জানান, আজকাল ইস্পাতের কাটার বেশি চলছে। তবে ঈদে যে অস্ত্র দিয়েই মাংস কাটা হোক না কেন, তা যেন ব্যবহারের পরে ধুয়ে-মুছে শুকিয়ে রাখা হয়; না হলে মরিচা পড়ে নষ্ট হয়ে যেতে পারে।