বংশালে গর্তে পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশালে নির্মাণাধীন ভবনের জন্য তৈরি একটি গর্তের পানি থেকে আজ বৃহস্পতিবার গালিব হোসেন ওরফে অভি (১৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গালিব গর্তের পানিতে কীভাবে পড়ে সেটা পুলিশ ও তাঁর পরিবার জানাতে পারেনি।গালিবের ভাই ইমরাজ হোসেন জানান, গালিব মা-বাবার সঙ্গে বংশালের হাজি ওসমান গণি সড়কে আলুবাজার এলাকায় একটি বাসায় থাকতেন। তাদের বাসার অর্ধেক অংশ ভেঙে একটি নতুন ভবন তৈরির কাজ চলছিল। ওই ভবনে পিলারের জন্য প্রায় চার-পাঁচ হাত গভীর গর্ত করা হয়। গতকালের বৃষ্টির পানি জমে গর্তটি ভর্তি হয়ে যায়। আজ সকাল সাড়ে আটটার দিকে গালিব নির্মাণাধীন ভবন দেখতে বের হয়। এর কিছু সময় পরে একজন নির্মাণ শ্রমিক তাঁর পরিবারকে জানান পানিতে একজনের লাশ ভাসছে। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।ইমরোজ হোসেন আরও জানান, গালিব একটু সহজ-সরল ও হাবাগোবা ধরনের ছিলেন। আজ সকালের দিকে সে নির্মাণকাজ দেখতে গিয়ে পা পিছলে গর্তে পড়ে যায়, হয়তো আর উঠতে পারেনি।বংশাল থানার অপারেশনস অফিসার এ কে এম সুলতান উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে।