বংশালে পুলিশের তাড়ায় একজনের মৃত্যুর অভিযোগ
বংশালে গতকাল বৃহস্পতিবার রাতে সাবের হোসেন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি বংশাল রোডের ৬০/১ নম্বর বাড়ির বাসিন্দা এবং স্থানীয় সাতটি মসজিদের হিসাবরক্ষক ছিলেন।পরিবারের দাবি, গত মঙ্গলবার সাবেরের ভাতিজা আবদুর রহমানের সঙ্গে বাংলাদেশ মোটর পার্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সোলায়মানের তর্ক হয়। এর জের ধরে পরের দিন বুধবার দুজনে হাতাহাতি ও সংঘর্ষ হয়। এ নিয়ে সোলায়মান বংশাল থানায় চাচা সাবের হোসেন ও ভাতিজা আবদুর রহমানকে আসামি করে মামলা করেন। ওই মামলায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সাবেরকে ধরতে বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশের তাড়া খেয়ে সাবের তিন তলা সিঁড়ির জানালা দিয়ে লাফ দেন। রাত আড়াইটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে নিচে সিঁড়ির জানালার কাছে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরিবারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।