বংশালে র্যাবের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বংশালে গতকাল সোমবার ভোররাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে শামসুল ইসলাম ওরফে টিপু ওরফে কিলার টিপু (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, টিপু ছিনতাইকারী দলের মূল হোতা। ছিনতাইবিরোধী অভিযানে তিনি নিহত হন। তাঁর নামে কোতোয়ালি ও বংশাল থানায় হত্যা, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।এদিকে নিহত টিপুর বড় ভাই বুলবুল আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেন, টিপু ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। ১৫-১৬ দিন আগে তিনি যাত্রাবাড়ী এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় ২১ নভেম্বর যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। টিপুকে হত্যা করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়। তিনি এর বিচার দাবি করেন।র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াবাজার ও সদরঘাট এলাকায় ছিনতাই ও গোলাগুলির ঘটনা বেড়ে যাওয়ায় র্যাব-১০ সেখানে নজরদারি বাড়ায়। এর অংশ হিসেবে গতকাল ভোর সাড়ে চারটার দিকে র্যাবের একটি ছদ্মবেশী দল রিকশায় বাবুবাজারের বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর নিচ দিয়ে যাচ্ছিল। আরমানীটোলা খেলার মাঠের কাছে ছিনতাইকারীরা ওই রিকশার গতিরোধ করে। তারা অস্ত্র বের করে র্যাবের সদস্যদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে। র্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে এবং ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় এবং অন্যরা পালিয়ে যায়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গুলির শব্দ ও হইচই শুনে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর গুলিবিদ্ধ ছিনতাইকারীকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে র্যাব জানতে পারে, নিহত টিপুর নাম শামসুল ইসলাম ওরফে টিপু ওরফে কিলার টিপু। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তাঁর বাবার নাম আয়াতউল্লাহ। বাসা বংশালের ২১ বাগডাসা লেনে।তবে টিপুর ভাই জানান, টিপু প্রায় ছয় বছর ধরে গেন্ডারিয়ায় থাকছেন। তাঁর নামে তিন-চারটি রাজনৈতিক মামলা আছে। তিনি নিখোঁজ হওয়ার পর র্যাবের বিভিন্ন কার্যালয়, থানা ও হাসপাতালে খোঁজ নেওয়া হলেও সন্ধান মেলেনি। গতকাল লোকমুখে খবর পেয়ে তাঁরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে টিপুর লাশ দেখেন। তিন ভাই ও এক বোনের মধ্যে টিপু ছিলেন তৃতীয়।স্থানীয় সূত্র জানায়, ২০০৪ সালে বাবুবাজারের সৈয়দ হাসান আলী লেনে এক কাগজ ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ টিপুকে গ্রেপ্তার করেছিল।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন প্রথম আলোকে বলেন, টিপু থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ভাড়াটে খুনি হিসেবে পরিচিত। গতকালের ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে।প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে গুলশানে র্যাবের গুলিতে রেজাউল করিম ওরফে শাহীন নামের একজন নিহত হন।