বই-খাতা-কলম যাদের হাতে, তারাই হবে ছাত্রনেতা
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সত্ মানুষ রাজনীতিতে না এলে, নিরুত্সাহিত হলে, খারাপ মানুষ রাজনীতির মঞ্চ দখল করবে। রাজনীতিবিদেরা যদি খারাপ হয়, সন্ত্রাসী হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে দেশ চালাবে ওই সব অসত্ লোক। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, ‘কোনো সন্ত্রাসী ছাত্রনেতা হলে ছাত্ররাজনীতির আকর্ষণ থাকবে না। বই-খাতা-কলম যাদের হাতে, তাদের ছাত্রনেতা হতে হবে। যারা মেধাবী, সাহসী ও সত্, তারাই হবে ছাত্ররাজনীতির আদর্শ।’ সন্ত্রাসীদের হাতে ছাত্ররাজনীতি থাকলে ভালো ছাত্ররা এই রাজনীতি করবে না বলে তিনি জানান।ওবায়দুল কাদের বলেন, পঁচাত্তর-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির যে সুনাম নষ্ট হয়েছে, আবার তা ফিরিয়ে আনতে হবে। এসএসসি ও এইচএসসিতে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের অধিকাংশই জানায়, ছাত্ররাজনীতি তারা পছন্দ করে না, ঘৃণা করে। তাই ছাত্রনেতাদের সততা, মেধা, দক্ষতা ও শৃঙ্খলা দিয়ে ছাত্ররাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে হবে। ছাত্রজীবনে রাজনীতিক হিসেবে সত্ হতে না পারলে মূল রাজনৈতিক জীবনে ভালো করার সুযোগ নেই। এর আগে আজ বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় মধুমতী নদীর ওপর নির্মিত পাটগাতী সেতুর নির্মাণকাজ পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান মহাজোট সরকারের মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। বিশ্বব্যাংকের টাকা পেলে সেতুর মূল কাজ শুরু হবে। এ ক্ষেত্রে পদ্মা সেতুর দুর্নীতির তদন্ত ও বাস্তবায়ন একসঙ্গে হতে পারে। তবে বিশ্বব্যাংক টাকা না দিলে পদ্মা সেতু নির্মাণের জন্য বিকল্প পথের সব দরজা খোলা রয়েছে বলেও তিনি জানান।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল সালাম, নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র সরদার ইলিয়াস হোসেন প্রমুখ। এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।