বিনা মূল্যে বিতরণের জন্য ছাপা হওয়া প্রাথমিকের সব বই উপজেলায় পৌঁছে গেছে বলে দাবি করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন।গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রী এ দাবি করেন। আফছারুল আমীন বলেন, ‘অভিভাবকদের দ্ব্যর্থহীন কণ্ঠে আশ্বস্ত করছি তাদের সন্তানদের বই পাওয়া নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। বই উপজেলায় চলে গেছে। ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস উদ্যাপনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।’ মন্ত্রী বিনা মূল্যের বই না কেনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রাথমিকে এবার ১০ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮৩৩ কপি বই ছাপা হয়েছে। প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা দুই কোটি ৩১ হাজার ৪১২। এবার বই মুদ্রণে খরচ হয়েছে ৩২৬ কোটি ৬৮ লাখ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন, এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রমুখ।