বই পড়ে আলোকিত মানুষ হওয়ার শপথ শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছ্বাস ও আনন্দে গতকাল শুক্রবার সকাল থেকেই সরব ছিল রাজধানীর রমনা বটমূল। দিনভর এখানে হই-হুল্লোড় ও উচ্ছ্বাসে মেতেছিল শিক্ষার্থীরা। তাদের এই আনন্দ আরও বেড়ে ওঠে পুরস্কার পাওয়ায়। পাঠ্যবইয়ের বাইরেও ধ্রুপদি সাহিত্য ও গল্পের বই পড়া এসব শিক্ষার্থী এসেছিল ঢাকার বিভিন্ন স্কুল থেকে। ২০০৯ সালের বইপড়া কর্মসূচিতে অংশ নেওয়া এসব শিক্ষার্থীকে পুুরস্কার দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র।দুই পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকার ৪৯টি স্কুলের তিন হাজার ৫৫৪ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজ শনিবার দ্বিতীয় দিনে ঢাকার ২৬টি স্কুলের এক হাজার ৮০৮ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।পুরস্কার পাওয়া নারিন্দা সরকারি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মারুফ বিল্লাহ প্রথম আলোকে বলে, ‘বই পড়তে ভালো লাগে। বই পড়ে নিজের জীবন গঠন করতে চাই। দেশের জন্য কিছু করতে চাই।’ পুরস্কার বিতরণী উপলক্ষে সকাল নয়টা থেকে রমনা বটমূলে ছাত্রছাত্রীরা উপস্থিত হতে থাকে। কেউ শিক্ষক-শিক্ষিকা, কেউবা অভিভাবকের হাত ধরে এসেছে অনুষ্ঠানে। রোদের ঝিলিক আর শিশু-কিশোর শিক্ষার্থীদের কল-কাকলিতে মুখরিত হয়ে যায় বটমূল। পুরস্কার নিতে আসা শিক্ষার্থীরা বসে যায় তাদের নিজ নিজ স্কুলের জন্য রাখা নির্ধারিত স্থানে। সকাল সাড়ে নয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ ও অতিথিরা অনুষ্ঠানে যোগ দেন। পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা উদ্বোধন করেন পুরস্কার বিতরণী উত্সব-২০০৯।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আলোকিত মানুষ হতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। শুধু পাঠ্যবই পড়ে আলোকিত হওয়া যায় না। আলোকিত হওয়া যায় আনন্দের, গল্পের ও কবিতার বই পড়ে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের বড় হতে হবে। বড় হওয়ার জন্য চাই বড়র সংস্পর্শ। পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে মানুষের হূদয়। মানুষের হূদয়ের চেয়ে বড় কিছু নেই। সেই হূদয়কে আলোকিত করে বই।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, শুধু বই পড়লেই হবে না, বিপন্ন পরিবেশকে বাঁচাতে সচেতন ও সক্রিয় কাজ করার শপথ নিতে হবে।ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন বলেন, ‘তোমরা মানুষ তৈরি করো। বই পড়ে তোমরা আলোকিত মানুষ গড়ো।’ প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘জগত্টাকে বদলে দিতে হবে, এর আগে চাই নিজের পরিবর্তন। নিজে না বদলালে অন্যকে বদলানো যায় না।’অভিনেতা খায়রুল আলম শিক্ষার্থীদের বই পড়ে সুন্দর জাতি গঠন ও দেশ গড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার আহ্বান জানান।বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সভাপতি মোবাশ্বের হোসেন মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করে একটি মানচিত্র এনে দিয়েছি। কিন্তু ক্ষুধা, অশিক্ষা, অনাহার দূর করে দেশ গড়া অনেক কঠিন। তাই তোমরা বই পড়ে আলোকিত হবে। দেশের দারিদ্র্য দূর করতে অবদান রাখবে।’ প্রথম পর্বের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি খন্দকার মো. আসাদুজ্জামান, ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাস দেবপ্রসাদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা কে এম হাবিবুল্লাহ। শুভেচ্ছা বক্তব্যের পর মহানগরের ২৫টি স্কুলের এক হাজার ৮০৬ জন ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেল সোয়া তিনটায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থনীতিবিদ আনিসুর রহমান, লেখক মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। জাফর ইকবাল বলেন, ‘এখানে যারা বসা আছে, সবাই বই পড়ে। চোখ দিয়ে আলো বের হয়। তারা প্রতিদিন বই পড়ার মাধ্যমে নজরুল, জীবনানন্দ দাশ ও বড় বড় লোকের সঙ্গে কথা বলে। এর চেয়ে সুন্দর অনুষ্ঠান আর হতে পারে না। যে উদ্যোগ সরকারের নেওয়ার কথা, সেই উদ্যোগ নিয়েছেন সায়ীদ স্যার। তোমাদের বই পড়া শিখিয়েছেন। তোমরা প্রতিদিন বই বড়বে এবং বড় বড় লোকের সঙ্গে কথা বলবে।’ সেলিনা হোসেন বলেন, ‘দেশটা যাতে তোমাদের হাত ধরে বড় হয় ও ধন্য হয়। জীবনের প্রতিযোগিতা অনেক বড়। সেই প্রতিযোগিতায় তোমরা জয়ী হও।’আনিসুর রহমান বলেন, ‘তোমরা আলোকিত হও, সারা দেশে আলো ছড়াও, নিজেদের বিকশিত করো।’পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা ছয়টায় প্রথম দিনের সমাপনী অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধিরা শিক্ষার্থীদের হাতে মোমবাতি তুলে দেন। একে একে জ্বলে ওঠে মোমবাতিগুলো। নিভিয়ে দেওয়া হয় মঞ্চের আলো। পরিবেশন করা হয় সংগীতের সুর ‘আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা।’অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো। ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার হিসেবে বই দেওয়া হচ্ছে। দুই দিনব্যাপী উত্সবের স্পন্সর গ্রামীণফোন। শীতের সকাল-সন্ধ্যায় বিজয়ী সদস্যদের ম্যাগী নুডলস এবং অতিথি, অভিভাবকদের নেসক্যাফে খাইয়ে আপ্যায়ন করেছে নেসলে বাংলাদেশ লিমিটেড।