বই পড়ে স্মরণ করতে হবে হুমায়ূনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মরণসভায় লেখক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আমার ভাই হুমায়ূন আহমেদ ছিলেন খেয়ালি মানুষ। জীবন নিয়ে তিনি সব সময় পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসতেন, যদিও তাঁর সব নিরীক্ষা ভালো হয়নি।’জাফর ইকবাল বলেন, ‘তিনি সব সময় বই পড়তেন এবং অন্যদের পড়তে বলতেন। আমাদের পরিবারের সদস্যদের হাতে ধরে পাবলিক লাইব্রেরিতে নিয়ে যেতেন। উদ্দেশ্য, বই পড়ার প্রতি আমরা যেন মনোযোগী হই। সুতরাং, বই পড়ার মাধ্যমে প্রিয় হুমায়ূন আহমেদকে স্মরণ করতে হবে।’ বই পড়ার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো সবচেয়ে ভালো উপায় বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে হুমায়ূন আহমেদ স্মরণসভা উদযাপন পরিষদ ওই স্মরণসভার আয়োজন করে। বড় ভাইয়ের স্মৃতিচারণা করে এসব কথা বলেন মুহম্মদ জাফর ইকবাল। লেখক জাফর ইকবাল বলেন, ‘আমরা ছিলাম যুদ্ধবিধ্বস্ত পরিবারের সদস্য। হতদরিদ্র এই পরিবারের সদস্যদের মাটিতে ঘুমাতে হয়েছে। তার পরও হুমায়ূন আহমেদ ও আমরা নীতিবোধ নিয়ে থাকার চেষ্টা করেছি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, আজ থেকে ২০-৩০ বছর পর হুমায়ূন আহমেদের ছোটগল্প শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা পাবে।বিশেষ অতিথি লেখক ও কলামিস্ট আবদুর রউফ বলেন, অনেকে মেধাবী, ভালো লেখক। কিন্তু সবাই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেন না। মানুষের ভালোবাসায় যিনি সিক্ত হতে পারেন, তাঁর মেধা নিয়ে গর্ব করা যায়। হুমায়ূন আহমেদ ওই মাপের একজন মেধাবী লেখক বলে মন্তব্য করেন তিনি। উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক এ কে মোবারক আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক পৌর মেয়র ফখরুল আলম আক্কাছ, জিল্লুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাশ, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল হক শাহেদ প্রমুখ।