বই বিতরণে গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার দেশের সব শিক্ষার্থীর হাতে নির্ধারিত সময়ে বই পৌঁছে দিয়েছে। এ ক্ষেত্রে ঢাকাসহ কিছু এলাকায় ত্রুটি-বিচ্যুতি লক্ষ্য করা গেছে। পাঠ্যবই বিতরণে যেকোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি ও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বই বিতরণ বিষয়ে এক সভা শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আফছারুল আমিন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান প্রমুখ।সভায় জানানো হয়, বই বিতরণে গাফিলতি ও কর্তব্যে অবহেলা প্রমাণিত হওয়ায় ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তাকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে।শিক্ষামন্ত্রী জানান, সভায় পাঠ্যবই বিতরণে বিদ্যমান ত্রুটি-বিচ্যুতি অনিয়ম, গাফিলতি ও দুর্নীতির জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারী, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো নিশ্চিতকরণে পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক বিভিন্ন প্রেস থেকে বই গ্রহণ, জেলা-উপজেলা, বিদ্যালয় ও শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর বিষয় পর্যালোচনা করবে এবং সব পর্যায়ে সমন্বয় করবে। কমিটির সদস্যরা হলেন এনসিটিবির চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক।শিক্ষামন্ত্রী আরও বলেন, বই বিতরণের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি, অযথা দেরি, অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না। জেলা-উপজেলা ও স্কুলগুলোতে পৌঁছে যাওয়া প্রতিটি বই তাত্ক্ষণিকভাবে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। তিনি প্রাথমিক স্তরের বই বিতরণে সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয় ত্বরিত পদক্ষেপ নেবে বলেও জানান।তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৯ কোটি বই মুদ্রণ, বাঁধাই, সরবরাহ ও বিতরণকে একটি বিশাল কর্মযজ্ঞ উল্লেখ করে বলেন, কিছু ক্ষেত্রে সামান্য ত্রুটি-বিচ্যুতি লক্ষ্য করা গেছে। এসব ত্রুটি-বিচ্যুতি থেকে শিক্ষা নিয়ে আগামী বছর শুরু থেকেই এসব ভুল শুধরে নেওয়া হবে। মন্ত্রী শিগগিরই ইংরেজি মাধ্যমের বই সরবরাহের নিশ্চয়তা দেন।