বইজঙ্গল হয়ে উঠছে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা’টি বিশ্বের দীর্ঘতম বইমেলা হওয়া সত্ত্বেও এক মাত্র আন্তর্জাতিক সম্পৃক্তির অভাবে এ মেলা আন্তর্জাতিক গণনা বা হিসাব-নিকাশে আসে না। ১৯৭২ সালে একজন প্রকাশকের শুরু করা পুস্তক প্রদর্শনী বিগত চার দশকে শত শত প্রকাশকের বইমেলায় রূপান্তরণের প্রক্রিয়ায় আজকের গণ-উৎসবটির রূপ নেয়, যেখানে এক মাস যাবৎ নতুন নতুন বই আসতে থাকে হাজারে হাজার। কিন্তু দুঃখের বিষয় যে এ প্রবৃদ্ধি মানগত, গুণগত নয়।তাই প্রসঙ্গত আমি প্রকাশিতব্য গ্রন্থের পেশাদার সম্পাদনা সম্পর্কে নির্দিষ্ট কিছু কথা বলতে চাই। এ দেশে আছে কেবল পাবলিশার আর মার্কেটার, এডিটর নেই। মান নিয়ন্ত্রণ বিভাগের অস্তিত্বই নেই এখানে, নেই প্রয়োজনের ধারণাও। পাণ্ডুলিপি-উপদেষ্টা থাকলেও আমাদের প্রকাশনা-জগতের জঙ্গলটা কিছুটা বাগান হয়ে উঠত। এডিটর করেনটা কী? এককথায় তিনি বাছাই, যাচাই, ছাঁটাই এবং সাজাই করে বইটিকে উচ্চমানসম্পন্ন প্রকাশনার যোগ্য বলে রায় দেন। একটা উদাহরণই যথেষ্ট। সবাইকে বিস্মিত করে অস্টিন ক্লার্ক তাঁর দি পলিশ্ড হো নামক নভেলটির জন্য কানাডার বিখ্যাত ‘গিলার প্রাইজ’ লাভ করেন। পুরস্কারটি গ্রহণকালে তিনি তাঁর পুরস্কার প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুরস্কারদাতার প্রতি নয়—তাঁর এডিটরের প্রতি, যিনি লেখকের পাণ্ডুলিপিটির চার ভাগের তিন ভাগই ছেঁটে ফেলে দিয়েছিলেন। অবশ্য অমর একুশে বইমেলার অভিভাবক বাংলা একাডেমীর হাতেও অনেক হাতিয়ারই আছে। সেসব প্রয়োগ করলেই মানসম্পন্ন প্রকাশকদের পাণ্ডুলিপিগুলো পেশাদার সম্পাদক বা উপদেষ্টার মাধ্যমে চালুনিবাছুনির প্রক্রিয়ায় মান প্রকাশনা অনেকটাই নিশ্চিত হতে পারে। প্রকাশক কর্তৃক দাখিলকৃত প্রচলিত ‘তথ্যফর্ম’ মারফতই একাডেমী যথাসময়ে জেনে নিতে পারে—কারা সারা বছরের প্রকাশক, কারা কেবল ফেব্রুয়ারি মাসের; কারা উৎকৃষ্ট প্রকাশক, কারা নিকৃষ্ট; কাদের ট্রেড লাইসেন্স আছে, কাদের নেই; কারা কত বিক্রয়কর দিয়েছে, কারা আদৌ দেয়নি; বড় প্রকাশক হিসেবে কাদের কত বেশি স্টল লাগবে, ছোট প্রকাশক হিসেবে কাদের কত কম স্টলে চলবে; কাদের প্রকাশনার মান যথাযথ সম্পাদনার মাধ্যমে যথার্থরূপে নিয়ন্ত্রিত, কাদের সম্পাদনার কোনোরকম ব্যবস্থাই নেই। এককথায় একটি জাতির শ্রেষ্ঠতম আবেগতাড়িত উচ্চতম পর্যায়ের বার্ষিক গ্রন্থমেলাটিকে অলংকৃত করার অধিকার কাদের আছে, কাদের নেই—ইত্যাদি জেনে নিয়ে মেলায় বাঞ্ছিত মানের বইয়ের আগমন বাংলা একাডেমী অনেকখানিই নিশ্চিত করতে পারে।আবদুশ শাকুর: কথাসাহিত্যিক