বইপাড়ার অন্দরমহল
আসছে একুশে বইমেলা। নতুন নতুন বইয়ে ভরে উঠবে বাংলা একাডেমী প্রাঙ্গণ। সেসব বই প্রস্তুত করতে প্রকাশক, মুদ্রাকররা এখন ব্যস্ত সময় পার করছেন। কম্পোজিটর, প্রুফ রিডার আর বাঁধাইশিল্পীদেরও ব্যস্ততার শেষ নেই। নগরের বইপাড়া বাংলাবাজারে গেলে এমন চিত্র দেখতে পাওয়া যায়। বইমেলায় যাওয়ার আগে বই তৈরির প্রতিটি প্রক্রিয়া বইপাড়ায় দেখে এসেছেন আজহার হোসেনপ্রকাশকের নেই অবসরএ সময়টায় বাংলাবাজারে প্রকাশকদের সঙ্গে দু দণ্ড কথা বলার আশায় গুড়ে বালি। ব্যস্ত একেকজন প্রকাশক হন্তদন্ত হয়ে এই আসছেন, এই যাচ্ছেন। তাঁদের মুঠোফোনে পেতেও বেগ পেতে হয়।প্রকাশকদের কাজটা একটু আয়েশি হয়ে উঠতে পারত, যদি সারা বছরই দেশের বিভিন্ন এলাকায় বইমেলা লেগে থাকত। তখন সারা বছর বই প্রকাশ হতো, মৌসুমি ব্যস্ততা কমে যেত। এমনটা মনে করেন অনন্যার প্রকাশক মনিরুল হক।আবার পাঠক-লেখক দুই পক্ষের কথা জানালেন বিদ্যাপ্রকাশের মজিবর রহমান। দেশের পাঠকসমাজের একটি বড় অংশ বই কেনে একুশে বইমেলা থেকে। ফলে প্রকাশকেরা নতুন বই আনেন এ মেলার সময়ই। তিনি বলেন, বইমেলায় পাঠক চায় টাটকা-তাজা বই। বছরজুড়ে বই ছাপানো হলেও পাঠক অপেক্ষায় থাকে একুশে বইমেলার। আবার লেখকদের টার্গেট থাকে বইমেলায় বই প্রকাশের। ফলে পুরো চাপ সহ্য করে নতুন সব বই ছাপাতে হয় বইমেলাকে কেন্দ্র করেই।প্রকাশকদের মধ্যে বইমেলা নিয়ে নানা রকম প্রস্তুতির সঙ্গে সঙ্গে ক্ষোভও রয়েছে। একুশে বইমেলার স্টল নিয়ে কথা বলেন অনেক প্রকাশক। তাঁদের মতে, একজন পাঠক বই কেনার আগে দুই-চার মিনিট বইটি নেড়েচেড়ে দেখবে। কিন্তু বাংলা একাডেমীর বইমেলার স্টলগুলোকে তেমন করে পাঠকবান্ধব করা যায়নি। পাঠকবান্ধব করার লক্ষ্য হিসেবে মেলার স্টলগুলোর ভেতর পাঠকদের হাঁটাচলার যথেষ্ট জায়গা দরকার।এর পরও বইমেলার মৌসুমটা প্রকাশক, লেখক আর পাঠকদের জন্য বহু আকাঙ্ক্ষিত। তাই শত চাপে থেকেও পুরোপুরি নিখুঁত বই পাঠকদের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন অনুপম প্রকাশনীর মিলন নাথ।অক্ষরবিন্যাসের কারিগরনতুন বই কেনার পর বইয়ের ভেতর যে গন্ধটা থাকে, সেটার আবেদন সব পাঠকের কাছেই সমান। এ জন্যই হয়তো নতুন কেনা বই পরিবারের কে আগে পড়বে, তা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়। কিন্তু যিনি কম্পোজের কাজটা করেন, তাঁর বই পড়ার বালাই নেই। তিনি কি-বোর্ড চাপতে চাপতে যেমন পাণ্ডুলিপি থেকে পুরো লেখাটা কম্পিউটারে তুলে এনেছেন, একই সঙ্গে বইটিও পড়া হয়ে গেছে তাঁর। বলা হচ্ছে কম্পোজিটরের কথা। তাঁদের কাজটা হচ্ছে অক্ষর বিন্যাস করা।এ কাজ করেন এমন অনেক লোক আছেন। কিন্তু সৃজনশীল বইয়ের অক্ষর বিন্যাসের কাজটি করছেন হাতে গোনা কয়েকজন কম্পোজিটর। আবার প্রকাশনা প্রতিষ্ঠানে বসে কাজ করছেন এমন লোকও হাতে গোনা। অনেকেই কাজ করেন নিজের বাড়িতে বসে। প্রকাশকদের কাছে তাদের চাহিদা বেশি বলে জানা যায়।প্রকাশনী সংস্থা অনন্যার বই কম্পোজ করেন এস এম নিহাদ। প্রায় চার বছর ধরে সৃজনশীল বই কম্পোজের কাজ করছেন তিনি। নিহাদ জানান, একসময় সিসার অক্ষর জুড়ে জুড়ে কম্পোজের কাজ সারতে হতো। এখন কম্পিউটার কম্পোজের জয়জয়কার। এর পরও কম্পোজিটরের কাজের পরিধি বেড়েছে। এখন কম্পোজিটর নিজেই পাতার অঙ্গসজ্জা (মেকআপ) করছেন। ফলে শুধু অক্ষর বিন্যাস না, পুরো পাতাই জীবন্ত হয়ে উঠছে কম্পোজিটরের হাতে।বাংলাবাজারে গড়ে উঠেছে বেশকিছু কম্পোজ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের নিজস্ব লোকবল রয়েছে। বাংলাবাজারের ইসলামী টাওয়ারের পাঁচতলায় কাজ করছিলেন আনোয়ার, নাসির আর মেহেদী হাসান। তারা অক্ষর বিন্যাসের কাজ করছেন পাঁচ বছরের বেশি সময় ধরে। এই সময়ে শিখে নিয়েছেন পাতার অঙ্গসজ্জার বিষয়টিও। ফলে ‘দিনরাত্রি’ নামের কম্পিউটার কম্পোজের প্রতিষ্ঠানটি চালাচ্ছেন বেশ সফলভাবেই। কাজের চাপ বেড়ে গেলে বাড়তি মানুষ নিয়ে হলেও প্রকাশকদের কাজ নির্দিষ্ট সময়ে করে দিচ্ছে এ রকমের প্রতিষ্ঠানগুলো।বাংলাবাজারের কম্পোজিটর মিনহাজ বলেন, ‘এখন অনেক লেখক কম্পিউটারেই লেখালেখি করেন। তবু আমাদের কাছে আসতে হয়। কারণ প্রায়ই দেখা যায় লেখক যে ফন্টে লেখেন, সে ফন্ট রূপান্তর করা যায় না। তখন আবার প্রিন্ট করা লেখা আমাদের কাছে চলে আসে। আবার কখনো কখনো অঙ্গসজ্জার জন্য হলেও কম্পোজিটরের কাছে আসে পাণ্ডুলিপির সফ্ট কপি। ফলে কম্পোজিটরের চাহিদা সব সময়ই থাকে।’ মিনহাজের কথার সঙ্গে সুর মিলিয়ে কম্পোজিটর আবু সালেহ জানান, এখন কম্পোজিটর শুধু কম্পোজই নয়, পাতার সব কাজই করতে জানেন। সংশোধনের নায়কএকটি বই নির্ভুলভাবে পাঠকের হাতে পৌঁছে দিতে ‘প্রুফ’ দেখার কোনো বিকল্প নেই। শুধু বানান নয়, লেখকের লেখার ধারাবাহিকতা ধরে রেখে বাক্যগঠনের নানান খুঁটিনাটি ভুলভালও দেখেন প্রুফ-রিডাররা। বাংলাবাজারের সুরুজ জামান আর পল্টনের তরুন মহলানবিশ এ পেশায় পরিচিত মুখ। তারা দীর্ঘদিন ধরে আছেন এই পেশায়।এখন অবশ্য ভুল সংশোধনের কাজটি কেউ আলাদাভাবে করেন না। অন্যান্য কাজের পাশাপাশি ভুল সংশোধনের কাজটিও করে যান। যেমন নওরোজ কিতাবিস্তানের স্বত্বাধিকারী ইফতেখার রসুল জর্জ কিংবা বিদ্যাপ্রকাশের প্রকাশক মজিবর রহমান নিজেরা প্রকাশক হয়েও ভুল সংশোধনের কাজ করেন। আবার পূর্বদেশ পাবলিকেশন্সের মাহবুবুর রহমান খ্যাতি পেয়েছেন বিশ্বসেরা লেখকদের বইয়ের প্রুফ দেখে। রবীন্দ্র রচনাবলী, শরৎ রচনাবলী কিংবা বঙ্কিম রচনাবলীর ভুল সংশোধনের কাজটি করেছেন তিনি নিষ্ঠার সঙ্গেই।তিনি জানান, ফর্মাপ্রতি চুক্তির ভিত্তিতে কাজ করেন বলে এই পেশায় ঝামেলা কম। তবে সংশোধনের কাজটি করতে হলে ভাষাশৈলী, বানান আর বাক্যগঠনে থাকতে হয় পর্যাপ্ত জ্ঞান। ঐতিহ্য প্রকাশনীর বইয়ের প্রুফ দেখেন সুরুজ জামান। তিনি জানান, এখন কম্পোজিটররাও ভুল সংশোধনের কাজটি করে থাকেন। ফলে প্রুফ-রিডারদের কাজের পরিধি কমে আসছে। তার পরও বই প্রেসে যাওয়ার আগে একজন প্রুফ-রিডার দিয়ে তা সংশোধন করানো হয় বলে জানান সুরুজ জামান।বাঁধাইশিল্পীর বাঁধা কাজপুরো বাংলাবাজারেই এখন বইমেলার উত্তাপ টের পাওয়া যায়। আবার বাংলাবাজারের বাইরে থাকা বাঁধাই কারখানাগুলোয়ও ছড়িয়ে পড়েছে সেই উত্তাপ। তেমনি এক বাঁধাইখানার দেখা মেলে দেবেন্দ্রনাথ দাস লেনের গলিতে। গলিটি ‘এটিএম’ গলি নামেও পরিচিত। সেখানে চলছে বাধাইয়ের মহাযজ্ঞ। এ বছর স্বাধীনতাযুদ্ধের দলিলপত্রের ৪, ৫ ও ১১ নম্বর খণ্ড বাঁধাই হচ্ছে মীম এন্টারপ্রাইজ নামের কারখানাটিতে। আবার সৈয়দ শামসুল হকের কবিতা গ্রন্থ ভালোবাসার রাতে, সেলিনা হোসেনের যমুনা নদীর মুশায়রা রয়েছে বাধাইয়ের অপেক্ষায়।মীম এন্টারপ্রাইজের কর্মচারী মো. রজ্জব শেখ জানান, বাঁধাইয়ের কাজে আছেন উনিশ বছর ধরে। দেশের অনেক খ্যাতিমান লেখকের বই বেঁধেছেন নিজ হাতে। কিন্তু বছরের শুরুর দিকে দুটো মাস নিয়ে তাঁর আপত্তি। বইমেলা বলে ফেব্রুয়ারি মাস জুড়েই ব্যস্ততা। কাজ চলে রাত তিনটে-চারটে পর্যন্ত। আবার দিনে ১০টায় কাজ শুরু করে দুপুরে মাত্র একঘণ্টা বিশ্রামের পর আবার কাজে বসতে হয়। ফলে কাজের খেই হারিয়ে ফেলেন অনেকে।এমন অনেক বাঁধাইশ্রমিক আছেন যাঁরা বইমেলার সময় বাড়তি কাজের চাপ নিয়ে চিন্তা করেন অন্য রকমভাবে। শ্রীশ দাস লেনের জয়নাল আলী জানান, বছরের এই সময়টায় যে বাড়তি আয় হয় সেটা পুরো বছরের ঘাটতিগুলো পূরণ করে। ফলে বাড়তি কাজের চাপ লাঘব হয় দ্রুতই।সূত্রাপুরের হেমেন্দ্র দাস রোডের থ্রি-স্টার বাইন্ডিং ঘুরে দেখা গেছে, বইয়ের স্তূপ জমে আছে। তার পাশেই শ্রমিকেরা দুপুরের খাবার সারছেন। সেখানকার কর্মচারী আমজাদ জানান, বইমেলার জন্য কাজের চাপ বেশি। ফলে সারা দিনে মাত্র একঘণ্টা বিরতি। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টার বিরতিতে ভাত, গোসল, ঘুম তিনটিই করতে হয়।বাঁধাই কাজে হাতের পাশাপাশি মেশিনের প্রচলন বাড়ছে। মীম এন্টারপ্রাইজের মো. আতোয়ার হোসেন বলেন, দেশের বাজারে মেশিনেরসেলাই কাজের চাহিদা বাড়ছে। কিন্তু মেশিনে সেলাই করতে খরচ বেশি। ফলেসেটা জনপ্রিয় হয়ে ওঠেনি। আবার মেশিনে শুধু সেলাইটাই করা যায়। আঠা লাগানো, বোর্ড বাইন্ড, মলাট লাগানো সব করতে হয় হাতে।বাঁধাই ঘরে বইমেলাকেন্দ্রিক ব্যস্ততা সম্পর্কে বাংলাদেশ পুস্তক বাঁধাই ব্যবসায়ী সমিতির সভাপতি মাহাবুবুল আলম মল্লিক বলেন, বছরের সব বই বইমেলার জন্য ফেলে না রেখে কিছু কিছু করে আগেই ছাপিয়ে রাখা দরকার। ফলে প্রকাশক, মুদ্রাকর কিম্বা বাঁধাইশ্রমিকের ওপর দিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে কাজের যে চাপ যায় সেটা কমে আসবে। এতে বাঁধাইশিল্পীরা ভালোমানের কাজ দিতে পারবেন।ছাপাখানার খবরবইমেলাকে কেন্দ্র করে রাত-দিন ঘুরছে ছাপাখানার চাকা। আদিকালের মতো ছাপাখানার কালিঝুলির বদলে এসেছে আধুনিক আর উন্নত যন্ত্র। ফলে মেশিনে কালি ঢেলে নির্দিষ্ট জায়গায় কাগজ এটে দিলেই চলে। ঝপাঝপ ছাপ উঠে আসে বইয়ের। সাদা কাগজগুলো জীবন্ত হয়ে ওঠে মেশিনের চাকার তলে পড়ে।এমনি একাধিক ছাপাখানার খোঁজ মেলে পুরোনো পল্টনের পল্টন টাওয়ারের ভূগর্ভে। বাংলাবাজারের প্রকাশকদের কাছে পল্টনের কমলা প্রিন্টার্স প্রসিদ্ধ নাম। কমলা প্রিন্টার্সের ভেতরে দেখা মিলল প্রথমা প্রকাশনী থেকে বেরোনো বৈজ্ঞানিক কল্পকাহিনি নিয়ে মুহম্মদ জাফর ইকবালের বই প্রডিজি। এখান থেকে প্রায় ২৫টি বই ছাপা হচ্ছে বইমেলাকে কেন্দ্র করে।বই আর বইয়ের মলাট, দুটোই ছাপা হচ্ছে কমলা প্রিন্টার্সে। ফলে কার্ড পেপার, আর্টপেপার দুটোর জন্যই নজরদারি রাখতে হচ্ছে। এখানকার কর্মীরা জানান, বইয়ের ভেতরকার পাতা কালো বর্ণের বলে ঝামেলা কম। কিন্তু রঙ্গিন মলাটের ক্ষেত্রে বারবার রং দেখতে হচ্ছে। রঙের চুল পরিমাণ তারতম্য হলেই নতুন করে মেশিনে রং ঢালতে হচ্ছে। বইমেলার চাপ সামলাতে ছাপাখানাটি চালু রাখতে হচ্ছে সকাল ১০টা থেকে রাত তিনটা পর্যন্ত। মাঝে শুধু দুই ঘণ্টার বিরতি। এখানকার কর্মচারীরাও বইমেলার এই বাড়তি কাজের চাপ দিনে দিনে মানিয়ে নিচ্ছেন। কমলা প্রিন্টার্সের স্বত্বাধিকারী গোপাল সাহা বলেন, ছাপাখানায় ট্রেসিং থেকে পজিটিভ হয়ে প্লেট করা পর্যন্ত ঝামেলা কম। প্লেট মেশিনে দেওয়ার পরে নজর রাখতে হয় ছাপার মানের ওপর।কমলা প্রিন্টার্সের পাশেই রয়েছে ঐশি প্রিন্টার্স আর একুশে প্রিন্টার্স। সেখানটায়ও কাজের বাড়তি চাপ রয়েছে। আবার বাংলাবাজার শ্রীশ দাস লেনের গলিতে দেখা মেলে আল-ফয়সাল প্রিন্টার্সের। সেখানে এবার চাপ কিছুটা কম। বাংলাবাজারের একাধিক প্রকাশক জানান, বাংলাবাজারের ছাপাখানাগুলোর মেশিন পুরোনো হয়ে গেছে। ফলে ছাপার গুণগতমান কমে গেছে। এ জন্য ফকিরের পুল, পল্টন, আরামবাগের ছাপাখানাগুলোয় কাজের চাপ বেশি।