বইবন্ধুর খোঁজে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই কোনো নির্দিষ্ট সময়ে পড়ার জন্য নয়। সব সময় বই পড়ার মতো পরিবেশ তৈরি করা, বইকে বন্ধু করার প্রয়াসেই বইবন্ধু সংঘের যাত্রা শুরু, যার সদস্য হলে বই কেনায় থাকবে ছাড়। ঘরে বসেও পাওয়া যাবে পছন্দের বই। আবার ঢাকার বাইরে থেকেও থাকছে বই কেনার সুযোগ। আর বইবন্ধু সংঘ এখন খুঁজছে বইয়ের প্রকৃত বন্ধু! সুফিয়া কামাল গণগ্রন্থাগার চত্বরে এই আয়োজন করেছে শ্রাবণ প্রকাশনী। তাদের আয়োজনে সেখানে বসেছে বইমেলাও।‘ইন্টারনেটের যুগে আমাদের প্রকাশনাপ্রতিষ্ঠানগুলো পিছিয়ে রয়েছে। তরুণ সমাজ পড়ে রয়েছে ফেসবুকে। প্রযুক্তির ব্যবহার বাড়ছে দিন দিন। এ ক্ষেত্রে বই সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে তরুণদের ধারণা দিতে, বিভিন্ন তথ্য দিতেই বইবন্ধু সংঘ।’ বললেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান। তিনি জানান, বইবন্ধু সংঘের সঙ্গে আরও বেশ কিছু প্রকাশনাপ্রতিষ্ঠান জড়িত। তাদের প্রকাশিত বইও এখানে বিক্রি হচ্ছে। এই সংঘের সদস্য হলে প্রকাশিত নতুন সব বইয়ের খবর সদস্যদের কাছে মুঠোফোনে, ফেসবুকে, ই-মেইলে পৌঁছে দেওয়া হবে। দেশের যেকোনো স্থান থেকেই টাকা পাঠিয়ে সদস্য হওয়া যাবে। আর এতে ডাক বা কুরিয়ারে পৌঁছে যাবে বই। সব ধরনের বইয়ে থাকবে ৩০ শতাংশ ছাড়। সদস্য হতে আলাদা কোনো ফি দিতে হবে না। সব মিলিয়ে একসঙ্গে এক হাজার টাকার বই কিনলেই সদস্য হওয়ার সুযোগ রয়েছে।বইবন্ধু সংঘের মেলায় বই দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশকুরুল ইসলাম। তিনি বলেন, ‘এমন উদ্যোগ খুবই ভালো। কিন্তু সদস্য হতে যে টাকার বই কিনতে হবে, তার সাধ্য তো অনেকের না-ও থাকতে পারে। টাকার পরিমাণটা কমালে অনেকের সদস্য হতে সুবিধা হতো।’তাঁর সঙ্গে সুর মেলালেন জাহিদ হোসেন নামে আরেক শিক্ষার্থী, ‘আমাদের সবার একসঙ্গে এত টাকার বই কেনার সুযোগ খুবই কম। ছাত্র-ছাত্রীদের জন্যে এটা অর্ধেকে আনলে ভালো হয়। কারণ সাধ থাকলেও অনেকের বই কেনার সাধ্য থাকে না।’বইবন্ধু সংঘ জানুয়ারি মাস থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ গাড়িতে বই বিক্রি করবে। এই সংঘের ওয়েবসাইটেও সব প্রকাশনাপ্রতিষ্ঠানের বইয়ের তালিকা পাওয়া যাবে কিছুদিনের মধ্যেই। তাদের মেলাটির সমাপনী দিন ৩১ অক্টোবর।