বইমেলা, আমার বিভিন্ন অনুভূতি
আজ ১২ দিন হলো বইমেলা শুরু হয়েছে। বিভিন্ন জয়েন্টে পেইনের কারণে ডাক্তারের ওষুধের সাইড অ্যাফেক্টে বিছানায় পড়ে আছি। কড়া নির্দেশ রেস্টের। টিভিতে বইমেলা দেখে বুক হুহু করে। মনে হয়, বিচ্ছিন্ন কোনো দ্বীপে পড়ে আছি।অথচ পুরো বছর যখন একটি নিজের মনমতো উপন্যাস না লিখতে পারার যন্ত্রণায় তড়পাচ্ছি, হাল ছেড়ে দিলাম, বইমেলা প্রেরণা হলে উপন্যাস বেরোবে, আর যদি বইমেলা ‘ভার’ মনে হয়, তো বই প্রকাশের ব্যাপারে নো আপস...নো জবরদস্তি। এ বছর বইমেলায় আমার কোনো বই বেরোচ্ছে না। সারা বছর তিনটি গল্প লিখতে পেরেছি, যা দিয়ে কোনো বই হয় না।আফসোস বাদ দিয়ে অন্য প্রেরণায় ঘুরে দাঁড়িয়েছিলাম। নতুন বই নেই বলেই এবার রোজ মেলায় যাব। পত্রিকা, টিভি চ্যানেল...সুযোগ পেলে যেকোনো প্রচারমাধ্যমেই পাঠকদের উদ্দেশে জানাব, বই কোনো পোশাক নয় যে নতুন না হলেই পড়ে থেকে থেকে পুরোনো হয়ে যেতে পারে। আপনি যে বই পড়েননি, সেটাই নতুন। অন্য যেকোনো দ্রব্য ধুলো পড়ে পুরোনো হতে পারে, কিন্তু ধুলাবালির নিচে পড়ে থাকা নিজের কাঙ্ক্ষিত অনেক বই আমরা ফুটপাত থেকে প্রচণ্ড আগ্রহ নিয়ে কিনে ধুলো মুছে সাগ্রহে গিলে গিলে পড়ে নিজের মননে সমৃদ্ধ হই। আমাদের প্রচুর লেখকের প্রকাশিত আগের প্রচুর বই প্রকাশকদের দোকানের ঠাসাঠাসি ভিড়ে নিঃশ্বাস নিতে পারছে না। উইপোকা কাটছে কোনো কোনো বই। আপনারা বইমেলায় গিয়ে খোঁজ করুন, প্রিয় লেখকের যে বইটি আপনি পড়েননি তা দোকানে আছে কি না।বইমেলার এ তো এক মস্ত সুবিধা, সারা বছর অনেক আলাদা আলাদা মার্কেটে, বইয়ের দোকানে ঘুরে ঘুরে যে বইটা পাওয়া যায় না, তা বইমেলায় পাওয়া যায়। না পাওয়া গেলেও দোকানে বলে রাখলে অন্যদিন ঘুরতে গেলে সেই বইটি নাগালে এসে যাবে। এবারের বইমেলা নিয়ে কয়েক দিন আগে একটি পত্রিকার গোলটেবিল বৈঠকে আমরা বেশ কয়েকজন লেখক-প্রকাশক মিলে আড্ডায় লিপ্ত হয়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করে নানা প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মেলার পরিসর নিয়ে কথোপকথন। অনেক প্রকাশক একাডেমীর প্রাঙ্গণ ছেড়ে অন্যত্র মেলা স্থানান্তরের ব্যাপারে মত ব্যক্ত করেছিলেন। এ বিষয়ে হাজারো কথার পর বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছিলেন, মেলা স্থানান্তর করা হলে এটা আর বাংলা একাডেমীর নিয়ন্ত্রণে থাকবে না, ফলে একাডেমী নিরাপত্তার দায়িত্বও নিতে পারবে না। শেষে খসড়াভাবে এটাই ঠিক হয়েছিল, একাডেমীর সামনের রাস্তাটিকে আগামী বছরের মেলার সময় বইমেলার অন্তর্ভুক্ত করা হবে।বইমেলার মোড়ক উন্মোচন বিষয়ে আমরা লেখকেরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছি। আমার কথা ছিল, সিনিয়র লেখকেরা যে বইয়ের মোড়ক উন্মোচন করছেন, সেই বইটি পাঠ করে তার মান সম্পর্কে যদি পজিটিভ ধারণা পোষণ করে তবে বইটির মোড়ক উন্মোচন করেন, তা হলে এই ফালতু, চটুল, ভুলভ্রান্তি ভরা বইয়ের মোড়ক উন্মোচনের বিরক্তিকর মহোৎসব বন্ধ হবে।সম্পাদনার রীতি চালু না হওয়ায় প্রতিবছর যে যা লিখছেন প্রকাশ হচ্ছে। অনেক লেখকই নিজের হাজার হাজার টাকা অপচয় করে অপাঠ্য বই বের করে কী পাচ্ছেন, তাঁরা নিজেরাই জানেন।বই, যা হাজার বছর পরও একজন পাঠক পাঠ করতে পারে, সে বইকে জাস্ট মেলার মধ্যে মিডিয়ার প্রচারের সহজলভ্য মোহে বের না করে, মিনতি জানাই নতুন লেখককে...দয়া করে লেখার দীর্ঘমেয়াদি চর্চার দিকে ধ্যান দিন।বিভিন্ন পত্রিকায় লেখা ছেপে নিজের নামটি আগে পাঠকের কাছে পরিচিত করুন। প্রত্যাশায় আছি, সুস্থ হয়ে ছুটব বইমেলার দিকে। নাসরীন জাহান: কথাসাহিত্যিক