বইমেলা এখন আন্দোলনের সীমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলাটা শাহবাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। শাহবাগ তো এখন আর রাজধানীর একটা জায়গার নামমাত্র নেই। শাহবাগ এখন যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি আদায়ে সমবেত তারুণ্যের প্রতীক। শাহবাগে সংহতি জানাতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অঙ্কুর মজুমদার বইমেলাকে তাঁদের আন্দোলনের একটা সীমানা বলে দাবি করেন। আসলেও নবজাগরণের মঞ্চ রূপসী বাংলা হোটেলের মোড় থেকে বইমেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে।অঙ্কুরের সঙ্গে কথা হলো গতকাল বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে। তিনি বললেন, ‘বইমেলায় প্রতিবছরই আসি। এবারও নিশ্চয়ই আসতাম। আন্দোলনের জন্য আগে আসা হলো।’একা আসেননি অঙ্কুর। সঙ্গে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও অনেক ছাত্রছাত্রী।অঙ্কুর জানালেন, বুধবার হরতাল শেষে বাসে করে আসেন তাঁরা পাঁচ বন্ধু। পরে বৃহস্পতিবার রাতের ট্রেনে এসেছেন বাকিরা। এখানে এসে তাঁদের দেখা হয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বন্ু্লর সঙ্গে। চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ছেলেমেয়েদের সবাই ব্লগার। অনলাইনে লেখালেখির সূত্রে পরস্পরের নাম জানা ছিল তাঁদের। এবারই প্রথমবারের মতো দেখা হলো ওঁদের।বইমেলায় ১৫-২০ জন ছেলেমেয়ের এ দলটিকে দেখে বোঝা যায়নি, মাত্র দু-তিন দিনের পরিচয় তাঁদের। ওঁদের চোখে-মুখে ছিল রাত জাগার ক্লান্তি। তাঁদের কারও কারও গায়ে লাল-সবুজের পতাকা-রং পোশাক, কপালে লেখা বাংলাদেশ। বুকে যুদ্ধাপরাধের বিচারের দাবি। ওঁরা বলছিলেন, ‘কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি দিতে হবে’, ‘রাজাকার ও জামায়াত-শিবিরকে না বলুন’, ‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে,’ ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো আঁতাত করা চলবে না’।বইমেলার দ্বিতীয় শুক্রবার মেলা যতটা জমে ওঠার কথা, আন্দোলনের কারণে তেমন জমেনি বলে জানালেন প্রকাশকেরা। তবে এ নিয়ে তাঁদের কষ্ট নেই বলে জানালেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। তিনি বলেন, প্রকাশকদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকলেও যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করার মতো কেউ নেই। প্রকাশকেরাও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে পরিচালিত এ আন্দোলনের একটি ইতিবাচক পরিণতি দেখতে চান। তাঁরা চাইছেন, কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি হোক। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার লেখকেরাও। জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও আনিসুল হক সংহতি জানিয়ে বক্তব্য দিয়েছেন শাহবাগে তরুণদের প্রতিষ্ঠিত নবজাগরণ মঞ্চে। সেখান থেকে সন্ধ্যার পর মেলায় আসেন তাঁরা দুজন। মেলায় এসে মুহম্মদ জাফর ইকবাল বাংলা একাডেমীর বটতলায় আর আনিসুল হক প্রথমা প্রকাশনের স্টলে বসলেন। মেলায় এসেছিলেন ইমদাদুল হক মিলনও। তিনি বসলেন অনন্যার স্টলে।প্রথমার স্টলে ছিলেন মশিউল আলমও। এবারের মেলায় তাঁর অনুবাদে প্রকাশিত প্রথমার বই উইকিলিকসে বাংলাদেশ। পাঠক ভীষণ পছন্দ করছে। বইটির দ্বিতীয় মুদ্রণ চলে এসেছে। প্রথমার অন্যতম নির্বাহী হুমায়ুন কবির জানালেন, তাঁদের প্রকাশিত আনিসুল হকের উষার দুয়ার উপন্যাসটির প্রথম পর্ব যারা ভোর এনেছিলকে ছাড়িয়ে যাচ্ছে। তিনি বললেন, গতকালই মেলায় এসেছে আখতার হুসেনের লেখা শিশুতোষ গ্রন্থ সমুদ্র অনেক বড় ও ফারসীম মান্নান মোহাম্মদীর বিজ্ঞানবিষয়ক বই মানুষ, মহাবিশ্ব ও ভবিষ্যৎ। শিশুপ্রহর: মেলায় গতকালই ছিল প্রথম শিশুপ্রহর। সকাল থেকেই ছিল শিশুদের উপস্থিতি। শাহবাগ চত্বর পেরিয়ে আসার সময়ই শিশুদের মুখে আঁকা হয়ে গেছে ফাঁসির রজ্জু। তবে প্রত্যাশার চেয়ে শিশুদের উপস্থিতি কম ছিল বলে জানালেন শুধুই ছোটদের বইয়ের প্রকাশক প্রগতি পাবলিকেশন্সের স্বত্বাধিকারী আসরার মাসুদ। প্রগতি এবারের মেলায় সাজ্জাদ কবীরের লেখা হারিয়ে গেল অরুণসহ এ পর্যন্ত আটটি বই এনেছে। আজও সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত থাকবে শিশুপ্রহর।নতুন বই: মেলায় আসা নতুন বইয়ের মধ্যে রয়েছে: মুক্তধারা প্রকাশিত মালেকা বেগমের বিপন্ন নারী। নারী সমাজের নানা সমস্যা ও আন্দোলন নিয়ে লেখা এ বইটি এখন পর্যন্ত ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা মুক্তধারার একমাত্র বই। যুক্ত থেকে এসেছে হাসান আজিজুল হকের লন্ডন ডায়রি। পকেট বই আকৃতির ছোট এ বইটি সম্পর্কে লেখক জানান, ‘এই লেখাগুলি ডাইনিং টেবিলে, পার্কে, টেমস, সেইন, টে নদীর ধারে কখনো বসে, কখনো গাছে ঠেস দিয়ে দাঁড়িয়ে বা পাথরের বেঞ্চিতে হাঁটুর ওপর ডায়েরি রেখে লেখা।’ শুদ্ধস্বর মেলায় এনেছে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের গল্পের বই ইলা মিত্র যদি এই সন্ধ্যাটা দেখে যেতে পারতেন এবং আহমাদ মোস্তফা কামালের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বলে। আনোয়ারা সৈয়দ হকের উপন্যাস ঘুম নান্দনিক, রকিব হাসান ঈশ্বরের অপেক্ষায় কলি প্রকাশনী, আন্দালিব রাশদীর ইডিপাস কমপ্লেক্স ও অন্যান্য প্রবন্ধ নালন্দা, মো. খলিলুর রহমানের মুক্তিযুদ্ধ: নৌ-কমান্ডো ও নাবিকদের জীবনকোষ সাহিত্যপ্রকাশ, মারুফ কামাল খানের কবিতার বই অসময়ের জোড় সূচীপত্র, শাহ্নাজ মুন্নীর ইষ লিবে ডিষ জয়তী, সাজ্জাদ আরেফিনের আনন্দের ঘরবাড়ি, চন্দ্রাবতী একাডেমী, রোকসানা আফরীনের আমাকেও ক্রুশবিদ্ধ করো শুদ্ধস্বর, সারওয়ার-উল-ইসলামের ছড়ার বই ভাঁজনীতি হাতেখড়ি, জামালউদ্দীনের আজ রাতে পার্টি হবে না সাকী পাবলিকেশন, রতনতনু ঘোষের অগ্রসর বাংলাদেশ অঙ্কুর, আনোয়ার সাদীর শয়তানের ধাক্কা লাগে শ্রাবণ মেলায় এনেছে।মেলামঞ্চে: ‘হবীবুল্লাহ বাহার; ইতিহাসের ট্র্যাজিক পুরুষ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মফিদুল হক। আলোচনা করেন সৈয়দ আনোয়ার হোসেন, মোরশেদ শফিউল হাসান ও ইসরাইল খান। সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সকাল ১০টায় রয়েছে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। বিকেল চারটায় ‘অদ্বৈত মল্লবর্মণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন শান্তনু কায়সার।