বইমেলা সতেজ রাখা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলার শুরু থেকেই কোনো না কোনোভাবে আমি জড়িত ছিলাম মেলার সঙ্গে। কখনো উদ্যোক্তা, কখনো দোকানদার, কখনো বা ক্রেতা হিসেবে। এরশাদের আমলে একবার বইমেলা বন্ধ করার নাকি কোনো অনুষ্ঠান বন্ধ করার ব্যাপারেও আমি আর শাহরিয়ার উদ্যোগ নিয়েছিলাম। একসময়, তা-ও কি ১৫-২০ বছর হয়ে গেল, যখন আমাদের প্রয়াত বন্ধু কাজী হাসান হাবিব, আমি, শাহরিয়ার আর কাজী মুকুলকে নিয়ে ডানা প্রকাশনী করেছিলাম এবং চমৎকার কিছু বই করেছিলাম। সেগুলো খুব একটা বিক্রি হতো না। অন্য বই বিক্রি করে খরচ ওঠাতাম। তবে, খুব উপভোগ করতাম সময়টা। ২৮ দিনের ২৮ দিনই গেছি বইমেলায়।এখন বইমেলায় যাওয়া হয় না আর। ভাবি, এর কারণ কি বয়স? বয়স একটা কারণ তো বটেই, আমাদের আগের জেনারেশনের কেউ এখন প্রায় যানই না মেলায়, আমাদের জেনারেশনেরও খুব কমই যান। কিন্তু এটাই একমাত্র কারণ না। ভেবে দেখেছি, বইমেলা ক্রমেই আকর্ষণ হারাচ্ছে।এখন একুশের বইমেলা একটি রুটিন বিষয়। কম জায়গা, মানুষ বেশি। বই দেখার সুযোগ বা পরিবেশ খুব কম। বইমেলায় খুব বই বিক্রি হয় বলে একটা কথা চালু। কিন্তু কত বিক্রি হয়? ১৫ লাখের কোটা ১০-১৫ জন প্রকাশক ছাড়া কেউ-ই পেরোতে পারেন না। এবং তাঁরাই পারেন, যাঁরা জনপ্রিয় লেখকদের বই পান বা প্রকাশিত বইয়ের সংখ্যা কয়েক শ। বইমেলায় যদি এক হাজার বই আসে তার মধ্যে শেলফে রাখার মতো বই ৫০-এর বেশি হবে না। এই ৫০টি বই আবার ৫০০ কপি করে বিক্রিও হয় না। তাহলে বইমেলাটা করে কী লাভ? যখন অনুল্লেখ্য হাজার বইয়ের ভিড়ে উল্লেখযোগ্যগুলো হারিয়ে যায়? এ বিষয়টিও ভেবে দেখা দরকার। আর বইয়ের বৈচিত্র্যও কম। সেটি অবশ্য প্রকাশকের দোষ নয়। প্রকাশকেরা এখন বইমেলা ছাড়া বই প্রকাশ করেন না। ফলে বইমেলার আগে প্রচণ্ড চাপ থাকে। প্রায় প্রতিটি বইয়ে ভুল থাকে (আমারও), ছাপা-বাঁধাই খারাপ। বইয়ের দাম ক্রয়ক্ষমতার বাইরে যাওয়ার কারণ, মধ্যস্বত্বভোগীদের ৪০ ভাগ কমিশন দিতে হয়। আগে বইমেলার অনেক দোকানে অন্য প্রকাশনীর বই পাওয়া যেত। এতে ছোট প্রকাশকদের লাভ হতো, পাঠকদেরও লাভ হতো। বড় প্রকাশকদের চাপে পড়ে তা বন্ধ করা হয়েছে। তাতে ছোট প্রকাশক তো বটেই, পাঠকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ বইমেলার সব দোকান কেউ খুঁজে দেখেন না। প্রকাশকেরা বিজ্ঞাপনও দিতে পারেন না। এই প্রথা বাতিল হওয়া উচিত। যিনি অন্যের বই বিক্রি করতে চান না তিনি করবেন না, কিন্তু যিনি চান, তাঁকে সেই সুযোগ করে দেওয়া উচিত।বইমেলার উদ্যোক্তা বাংলা একাডেমী। বইমেলা উপলক্ষে কোনো বিশেষ অনুষ্ঠান থাকে না। থাকে বাংলা একাডেমীর একুশ পালন উপলক্ষে সেমিনার। কলকাতার বইমেলা এখনো জনপ্রিয়। কারণ সেখানে এ ধরনের নিয়মকানুন নেই এবং প্রতিবছরই মেলায় বৈচিত্র্য থাকে। বিদেশি বইপত্রও প্রচুর আসে।বইমেলা সতেজ রাখতে হলে প্রকাশক ও লেখক এবং উদ্যোক্তাদের নতুনভাবে ভাবতে হবে। এ ভাবনায় অগ্রাধিকার পাওয়া উচিত জায়গা নির্বাচন। বড় জায়গা দরকার এবং প্রকাশকদের চাহিদামতো যাতে জায়গা পাওয়া যায় তার ব্যবস্থা করা। কারণ মেলার মূল উদ্দেশ্য বই বিক্রি করা। পাঠক স্বস্তি না পেলে তা হবে না। মেলায় লোকসমাগম বিক্রির মাপকাঠি নয়। সারা বছর বই প্রকাশিত হওয়ার সংস্কৃতি চালু হওয়া দরকার। তাহলে বইয়ে অগোছালো ভাব থাকে না। বইমেলায় কি আগের বছরের বই থাকে না? বইমেলা উপলক্ষে শিশু-কিশোরদের জন্য যেসব বই বের হয়, সেগুলোর অধিকাংশের বিষয় কি শিশুদের উপযোগী? ভুল বাক্য বা বানানের কথা না-ই বা বললাম। এটা কি আশ্চর্য নয় যে ১৫ কোটি মানুষের দেশে মোটামুটি পরিচিত একজন লেখকের বই মেলায় ৫০০ কপিও বিক্রি হয় না? কেন হয় না, এ বিষয়টি প্রকাশক-লেখকদের খতিয়ে দেখা উচিত।বইমেলা এখন নববর্ষের মতো একটি সেক্যুলার উৎসব। এটি যাতে সতেজ থাকে তার ব্যবস্থা করা আমাদের সবার কর্তব্য। বইমেলার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত, বই পাঠকদের কাছে পৌঁছে দেওয়া ও বই বিক্রি। সরকারিভাবে যেসব বই কেনাকাটা হয়, সেগুলো সরাসরি বইমেলা থেকে কেনার ব্যবস্থা করলে অনেক সময় বাঁচে, সব ধরনের বই পাওয়া যায়, সরকারি বই সরবরাহ নিয়ে যেসব অনিয়ম হয় তা-ও হ্রাস পায়, প্রকাশকেরাও লাভবান হন। এভাবে চললে এই মেলা আকর্ষণ হারাবে। সে কারণেই সরকার ও প্রকাশকদের আলোচনাটা এখন জরুরি হয়ে উঠছে।