বইমেলা হতে পারে সোহরাওয়ার্দী উদ্যানে: প্রধানমন্ত্রী
অমর একুশে গ্রন্থমেলা ২০১৩-এর শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বাংলা একাডেমীর পরিবর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জলাধারের পাশে বড় জায়গায় বইমেলা করা যেতে পারে বলে মন্তব্য করেন। বাংলা একাডেমী উদ্যোগ নিলে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।বইমেলার জায়গা পরিবর্তনের কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, বইমেলার জন্য বাংলা একাডেমী চত্বর এখন ছোট হয়ে গেছে। ছোট জায়গায় অনেক বইয়ের স্টল থাকায় মেলার গাম্ভীর্য নষ্ট হয় বলে মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার বাংলা একাডেমী চত্বরে অমর একুশে গ্রন্থমেলা-২০১৩-এর উদ্বোধন ঘোষণার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন স্মারকে সই করে তিনি মেলার উদ্বোধন করেন। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা কেন হতে পারে, তার ব্যাখ্যাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে বিজয় স্তম্ভ ও শিখা অনির্বাণ। প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে একটি ভূগর্ভস্থ জাদুঘরও করা হয়েছে। আর সেটি মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর। সোহরাওয়ার্দী উদ্যানে গেলেই স্বাধীনতা ও বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয় জাতি। তাই সেখানেই হতে পারে অমর একুশে বইমেলা।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলেই আমরা বাঙালি বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। নতুন প্রজন্মের সেই স্বাধীনতার ইতিহাস জানা দরকার।’ প্রধানমন্ত্রীর মতে, ‘নতুন প্রজন্ম যখন সোহরাওয়ার্দী উদ্যানে যাবে, তখন বিজয় স্তম্ভ ও শিখা চিরন্তন দেখবে। তারা জানবে যে তারা স্বাধীন। আর ভূগর্ভস্থ জাদুঘরে যখন নতুন প্রজন্ম নামবে, তখন জানবে যে এই স্বাধীনতা কত ত্যাগের বিনিময়ে এসেছে।’ প্রধানমন্ত্রীর মতে, সোহরাওয়ার্দী উদ্যানই আমাদের সংস্কৃতিচর্চার ক্ষেত্র হতে পারে। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু আমাদের মাতৃভাষা নয়, বিশ্বের সব ভাষার সংরক্ষণ ও গবেষণা দরকার বলে মন্তব্য করেন। বাংলা ভাষাকে বিকশিত করতে হলে বাংলা একাডেমীতে মাতৃভাষার পাশাপাশি বিশ্বের অন্যান্য ভাষারও চর্চা করা উচিত বলে মত প্রধানমন্ত্রীর। তিনি বলেন, ‘আমাদের সাহিত্য বিদেশি ভাষায়ও অনুবাদ করা দরকার। তাহলে বাংলা সাহিত্য তাদের কাছে তুলে ধরা যাবে। অন্য ভাষার সাহিত্যও অনুবাদ করতে হবে। তাহলে অন্য ভাষার সাহিত্যও আমরা পাব।’ এ ব্যাপারে কারও কোনো দ্বিধা না থাকলেই আনন্দিত হবেন বলে জানান প্রধানমন্ত্রী। বইমেলার গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, একুশে বইমেলার গুরুত্ব অনেক বেশি। বইমেলাকে তিনি লেখক, পাঠকদের জন্য অনন্য সুযোগ বলে চিহ্নিত করেন। বাংলা একাডেমীর কার্যক্রমকে আরও জোরদার করতে মন্ত্রিসভায় আইন প্রণয়ন করা হয়েছে এবং এ ব্যাপারে সবার মতামত নেওয়া হয়েছে বলে জানান তিনি। চলতি সংসদ অধিবেশনেই আইনটি পাস হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। জাতীয় গ্রন্থ নীতিমালা অনুমোদনের জন্য কমিটি করা দরকার বলেও জানান প্রধানমন্ত্রী। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ হলেও মুদ্রণশিল্পকে বাঁচিয়ে রাখতে হবে বলে জানান শেখ হাসিনা। এ সময় স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমী আমার অনেক প্রিয় জায়গা। একুশে বইমেলায় একসময় অনেক ঘুরে বেড়িয়েছি। বাংলা একাডেমীকে আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।