বইমেলার কথাকল্প
গত মেলায়ও কথা উঠেছিল, বইমেলা যেমন বড় হয়ে উঠেছে, তাতে একে আর বাংলা একাডেমীতে রাখা উচিত হবে কি না। একুশে বইমেলা আমাদের অন্যতম জাতীয় উৎসব। বাংলা একাডেমীতে ক্ষুদ্র পরিসরে এই মেলা শুরু হয়েছিল, তাদের যত্নেই এই মেলা আজ মহীরুহ হয়েছে। এ রকম একটি জাতীয় মেলা প্রতিষ্ঠা করা বাংলা একাডেমীর এক বিরাট অবদান।এখন মেলার পরিসর এত বেড়েছে যে একে সুস্থ রাখতে হলে বড় পরিসর ও বৃহত্তর ব্যবস্থাপনায় নিয়ে আসাটা জরুরি। বাংলা একাডেমীর আরেকটি অসামান্য অবদান হবে, যদি তারা এই মেলাকে স্বয়ংসম্পূর্ণ কোনো সংস্থার কাছে হস্তান্তর করতে পারে।পাঠক মেলায় যায় নতুন বই কিনতে। বইয়ের কাছে পাঠকের তিনটি প্রধান তৃষ্ণা থাকে: নতুন জ্ঞান, নতুন রস ও নতুন ভাষা। কিন্তু বইমেলায় এ রকম তেমন দেখা যায় না। এখানে নতুন বই মানে নতুন ছাপা বই, আর সবই পুরোনো। মেলার মৌসুমে অনেক লেখক ১৫-২০টি বই লিখে ফেলেন। ৩০ বছরের যুবক যদি ৩০টি বই লিখে ফেলেন, তাহলে তাঁর কাছ থেকে মৌলিক চিন্তা বা গবেষণা আমরা কী করে আশা করব?যাঁরা মেলার মৌসুম এলেই ডজন ডজন বই লিখেন, তাঁরা বইমেলায় এসে জুড়ে বসেন। বিগত ১০ বছরে এই ‘ব্যবসায়ী লেখক’রা আধিপত্য পেয়ে গেছেন। পাঠকের পক্ষে বই যাচাই করে নেওয়ার সুযোগ বলতে গেলে অনুপস্থিত। সাধারণ রীতি হলো, বই প্রকাশিত হলে বইয়ের সমালোচনা ছাপা হবে। পাঠক সেটা পড়ে বই সম্পর্কে ধারণা পাবে, ইচ্ছে হলে কিনবে। কিন্তু এ দেশে বই পর্যালোচনা বা পরিচিতি হয় না। ফলে পাঠক মেলার মাঠে ঘুরতে ঘুরতে আন্দাজে বই কিনতে বাধ্য হয়। বই কিন্তু বিক্রি হচ্ছে। প্রকাশক মুনাফা পাচ্ছেন, লেখক মুনাফা পাচ্ছেন। কিন্তু এই বই পাঠকের উপকারে আসছে না। একে ‘ঠকবাজি’ ছাড়া আর কী বলা যেতে পারে? এই ঠকবাজিটা এক দশক আগে শুরু হয়ে এখন তুঙ্গে উঠেছে।লেখকের অবশ্যই সাধনা থাকা দরকার। যিনি লেখালেখি নিয়ে সাধনা করবেন, তাঁর পক্ষেই পাঠককে নতুন রস বা ভাবের সন্ধান দেওয়া সম্ভব। কিন্তু মৌসুমি লেখকে বাজার ছেয়ে আছে। এ অবস্থা ঠেকাতে বাংলা একাডেমীর কিছু দায়িত্ব আছে। লেখক কী লিখবেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়ার এখতিয়ার কারও নেই। বাংলা একাডেমী কোনোভাবে জোর-জবরদস্তি করবে, সেটাও আমাদের কাম্য নয়। কিন্তু তারা একটি প্রক্রিয়া খুঁজে বের করতে পারে, যার মাধ্যমে মৌসুমি বই প্রকাশের প্রবণতা ঠেকানো সম্ভব হবে। এসব বই মেলাকে অন্তঃসারশূন্য করে তুলছে।বইমেলা ঘিরে কিছু উদ্যোগের কথা ভাবা যেতে পারে। বাংলা একাডেমী মেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে বাছাই করে ১০০ বইয়ের একটি তালিকা করতে পারে। এসব বই বাংলাতেই বা অনুবাদ করে বিশ্বের বড় বড় বইমেলায় পাঠানো যেতে পারে। আর ১০ থেকে ২০টি বইয়ের একটা সংক্ষিপ্ত তালিকা করা যেতে পারে, যেগুলো অনন্য। এসব বইকে বিশিষ্ট বই ঘোষণা করে এসবের লেখকদের আমরা স্বীকৃতি দিতে পারি।লেখকেরা এখন পর্যন্ত একটা শ্রেণী হিসেবে দাঁড়াতে পারেননি। কেউ সাংবাদিক, কেউ ব্যাংকার, কেউ আমলা; কিন্তু লেখালেখিকে পেশা হিসেবে নিতে পারেননি। অথচ আমাদের লেখকশ্রেণী দরকার, লেখকসমাজ দরকার। লেখকদের একটি শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা করতে বইমেলা ভূমিকা রাখতে পারে।