বইমেলায় দফায় দফায় আগুন
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। রোববার দিবাগত রাত ১২টা ৫৮ মিনিটে আগুন লেগে মেলার ২৭টি প্রতিষ্ঠানের ৪৭ ইউনিট স্টল পুড়ে গেছে। এমনকি একাডেমীর নতুন ভবনের সামনের দেয়ালের টালিগুলোও খসে পড়েছে। এরপর আরও দুই দফা আগুন লাগে। প্রকাশকেরা বলেছেন, প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। অমর একুশে গ্রন্থমেলার ইতিহাসে এই প্রথম এত বড় অগ্নিকাণ্ড ঘটল। মেলায় রাত সাড়ে নয়টার পর থেকে বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়। তাই অনেকেই মনে করছেন, এটা নাশকতা। সুপরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে।গতকাল সোমবার সকাল থেকেই অগ্নিদগ্ধ মেলায় শুরু হয়েছিল পুনর্গঠন ও তদন্তের কাজ। প্রকাশকেরা ক্ষুব্ধ ছিলেন নিরাপত্তার অপর্যাপ্ততা নিয়ে। ক্ষতিপূরণ দাবি করেছেন তাঁরা। কর্তৃপক্ষ তিনটি কমিটি গঠন করেছে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য। মেলায় দমকলের একটি ইউনিট সার্বক্ষণিক অবস্থান করে। এর স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ প্রথম আলোকে বলেন, রাত একটায় তাঁরা দেখতে পান, একাডেমীর নতুন ভবনের পাশে ধীরেন্দ্রনাথ চত্বর থেকে আগুনের শিখা ওপরের দিকে উঠে আসছে। তিনি দ্রুত দমকলের কন্ট্রোল রুমে ঘটনা জানিয়ে মেলা চত্বরে রাখা গাড়ি নিয়ে আগুন নেভাতে যান। এটি ছাড়াও নতুন ভবনের সামনের পুকুরে মেলার শুরু থেকেই একটি পাম্প বসানো ছিল। এর মধ্যে আরও পাঁচটি ইউনিট চলে আসে এবং তারা একটা ৪৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তারা নিশ্চিত হতে পারেনি। তদন্ত চলছে। একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।’তিন দফা আগুন: আগুনের খবর পেয়েই মেলায় বিভিন্ন প্রকাশক, একাডেমীর মহাপরিচালক, সদস্যসচিব, জনসংযোগ উপপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তারা চলে আসেন। জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়েই তিনি মেলায় চলে আসেন। তখন একটা ১৫ মিনিটের মতো বাজে। মেলার মাঠে তখন অনেক লোক ছিল। তাঁদের স্টলের সারির শেষ মাথায় আগুন জ্বলছিল। দমকলকর্মীরা দ্রুতই আগুন আয়ত্তে আনেন। ধীরেন্দ্রনাথ চত্বরে আগুন নিভে যাওয়ার পর হঠাৎ করে আরও দুটি অগ্নিকাণ্ডের সূচনা হয়। প্রায় ১৫ মিনিট পর পুকুরের বিপরীত দিকে জিনিয়াস পাবলিকেশনের স্টলের ছাদে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুন নিভিয়ে ফেলার মিনিট দশেক পর আবার লেখক কুঞ্জের পাশে বিজয় প্রকাশের স্টলের ছাদেও আগুন জ্বলে ওঠে। এই আগুনও দ্রুত নিভিয়ে ফেলা হয়। এটা নাশকতা এবং সুপরিকল্পিতভাবেই এ আগুন লাগানো হয়েছে বলে তাঁর ধারণা।সিসিটিভি চলছিল: পুরো মেলা চত্বর নজরদারির মধ্যে রাখার জন্য ৪৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত এসআই আনোয়ারুল ইসলাম জানান, রাতে তিনজন কর্মকর্তাসহ মোট ১৬ জন পুলিশ মেলায় প্রহরার দায়িত্বে ছিলেন। রাত সাড়ে নয়টার পর গেট বন্ধ হয়ে যায়। আগুনে একটি সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। বাকি ৪৭টি ক্যামেরায় ধারণ করা দৃশ্য একাডেমীর কাছে হস্তান্তর করা হয়েছে।তদন্ত কমিটি: দুপুরে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ ও সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম মেলায় আসেন। তাঁরা ক্ষতিগ্রস্ত প্রকাশকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ক্ষতিপূরণের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার করার কথা বলেন।ইতিমধ্যে একাডেমীর সচিব আলতাফ হোসেনকে প্রধান করে অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়, সদস্যসচিব শাহিদা খাতুনকে প্রধান করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অপরেশ কুমার ব্যানার্জিকে প্রধান করে উচ্চক্ষমতাসম্পন্ন সুপারিশ প্রণয়ন কমিটি করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে কমিটিগুলো প্রতিবেদন দেবে।প্রকাশকেরা দুষলেন একাডেমীকে: বিকেলে তথ্যকেন্দ্রের সামনে এক সমাবেশে প্রকাশকেরা বইমেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলা একাডেমীর নিরাপত্তাব্যবস্থার ত্রুটির জন্য ক্ষোভ প্রকাশ করেন। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ, আগামীর ওসমান গনি, অ্যাডর্নের সৈয়দ জাকির হোসেন, বিদ্যাপ্রকাশের মজিবুর রহমান, অনন্যার মনিরুল হক, শ্রাবণের রবীন আহসানসহ প্রকাশকেরা সমবেত হয়ে পাঁচ মিনিট নীরবতা পালন করেন। তাঁরা বলেন, বাংলা একাডেমীর নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়। যেসব প্রতিষ্ঠানের স্টল পুড়েছে: ট্যুরিজম বোর্ড, রূপ প্রকাশন, সিদ্দিকীয়া পাবলিকেশন, শিরিন পাবলিকেশন, পারিজাত প্রকাশনী, বর্ণবিচিত্রা, মূর্ধন্য, মুক্তদেশ প্রকাশন, জাতীয় গ্রন্থকেন্দ্র, গদ্যপদ্য, পলল প্রকাশনী, জয়তী, কিশোর ভুবন, চারুলিপি, কাশবন প্রকাশন, তৃপ্তি প্রকাশন, দি রয়েল পাবলিশার্স, ঘাস ফুল নদী, নিমফিয়া পাবলিকেশন, ঐক্য প্রকাশনী, গাজী প্রকাশনী জ্যোৎস্না পাবলিশার্স ও শৈলী প্রকাশনী। এদের স্টল ভস্মীভূত হয়েছে। এ ছাড়া পাঠক সমাবেশ, বিউটি বুক হাউস ও গতি প্রকাশনের স্টল আংশিক পুড়েছে, তবে পানিতে স্টলের সব বই নষ্ট হয়েছে।