বইমেলায় পেশাবিষয়ক বই
বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। অন্যান্য বছরের মতো এবারের মেলায়ও কবিতা, উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনিসহ অন্যান্য বইয়ের পাশাপাশি পেশাগত জীবনে কাজে লাগে এমন বইয়েরও চাহিদা লক্ষ করা গেছে। সে অনুযায়ী বইমেলায় বেশ কয়েকটি পেশাবিষয়ক বই এনেছেন প্রকাশকেরা।বইমেলায় ইছামতির স্টলে পাওয়া যাচ্ছে হারুন অর রশিদের পেশাবিষয়ক বই হাউ টু বিল্ড আপ ইওর ক্যারিয়ার। শতাধিক কাজের বিষয়ে দরকারি প্রশিক্ষণ ও টিপস নিয়ে লেখা হয়েছে বইটি। লেখক বইটিতে জুড়ে দিয়েছেন সফল কিছু মানুষের গল্প, যাঁরা কর্ম-পরিশ্রম ও মেধা দিয়ে গড়ে তুলেছেন পেশাজীবন। বইটির দাম ৩০০ টাকা। যাঁরা সেবাপণ্য বা ভোগ্যপণ্য অথবা যেকোনো ধরনের বিপণনের সঙ্গে সম্পৃক্ত, তাঁদের জন্য গতিধারা বইমেলায় নিয়ে এসেছে বিক্রয় অভিধান নামে একটি বই। একটি বেসরকারি টেলিকম প্রতিষ্ঠানে কর্মরত রাজিব আহমেদের এ বই পড়ে জানা যাবে সহজ বিক্রয়-কৌশল ও বিক্রয়-বিপণনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সমাধান, বিক্রয়-সংক্রান্ত বেশ কিছু শব্দের ব্যাখ্যা ও সফল বিক্রয়কর্মীর গুণাবলি। বইটির প্রচ্ছদ এঁকেছেন সিকদার আবুল বাশার এবং দাম ৩০০ টাকা।অনেকেই কর্মক্ষেত্রে ভুলে যান গুরুত্বপূর্ণ সব তথ্য। কর্মক্ষেত্রে এ ধরনের সমস্যা করতে পারে বড় ধরনের ক্ষতি। স্মৃতিশক্তি বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত জাদুকর ও স্মৃতিশক্তি প্রশিক্ষণ বিশেষজ্ঞ হ্যারি লরেন। স্মৃতিশক্তি বাড়ানো ও ভুলে যাওয়ার প্রবণতা দূর করা-বিষয়ক তাঁর বিখ্যাত বই হাউ টু ডেভেলপ এ সুপার পাওয়ার মেমোরি। পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানো, বক্তৃতা, প্রবন্ধ, ঘটনা মনে রাখার কৌশল, স্মৃতিশক্তির জন্য সৃজনশীলতা ইত্যাদি বিষয় নিয়ে লেখা বইটির বাংলা অনুবাদ সুপার পাওয়ার মেমোরি। আবুল বাসার অনূদিত অধুনা থেকে প্রকাশিত এ বইটির দাম ২০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।বর্তমান সময়ে পেশা হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠছে হোটেল ম্যানেজমেন্ট। হোটেল, রেস্টুরেন্ট ব্যবসা ও পেশায় আগ্রহী মানুষদের জন্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিজনেস: থিউরি অ্যান্ড প্র্যাকটিস এমন একটি বই লিখেছেন নুর মনি। প্রবাসে রেস্টুরেন্ট ব্যবসার অভিজ্ঞতা থেকে লেখা বইটিতে হোটেল, রেস্টুরেন্ট ব্যবসার মৌলিক ও প্রাথমিক সব তথ্যের পাশাপাশি লেখক তুলে ধরেছেন বাস্তব অভিজ্ঞতাও। ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে ইংরেজিতে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ এঁকেছেন সমর মজুমদার এবং দাম ৩৫০ টাকা।এবারের বইমেলায় নতুন বইগুলোর পাশাপাশি পাওয়া যাচ্ছে পুরোনো কিছু বইও। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, পার্ল পাবলিকেশন থেকে মাহমুদুল হক জাহাঙ্গীরের সফল জীবন গড়ার মন্ত্র, জ্যোতিপ্রকাশ থেকে মাহমুদ-উর-রহমানের ফটোগ্রাফি শিক্ষা ও প্রযুক্তি, গতিধারা থেকে সজীব সরকারের ইংরেজি বই নিউজ, আগামী প্রকাশনী থেকে রাজিব আহমেদের সাফল্যের যাদু ইত্যাদি।বাংলা একাডেমীর বইমেলায় নিজ নিজ পেশাবিষয়ক পছন্দের বইটি কিনে নিতে পারেন আজই। কে জানে হয়তো এই একটি বই-ই বদলে দিতে পারে আপনার জীবন।