বইমেলায় পেশার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইমেলার কথা এলেই মনে হয় অনেক অনেক বইয়ের কথা। মেলার অনেক বইয়ের মধ্য থেকে ক্রেতারা খুঁজে নেয় তার পছন্দের বা কাজে লাগবে এমন বই। জনপ্রিয় লেখকের লেখা উপন্যাস, গল্প, প্রবন্ধ, কবিতার বই ছাড়াও বিশেষায়িত বইয়ের চাহিদা দেখা যায় মেলায়। নিজের পেশাজীবনে সাফল্যের জন্য দিকনির্দেশনা দিতে পারে এমন বই এখন প্রকাশিত হচ্ছে।বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ২০১০-এ পেশাজীবন নিয়ে বেশ কিছু বই এরই মধ্যে বেরিয়েছে। মেলা ঘুরে দেখা গেল, তরুণদের কাছে এসব বইয়ের চাহিদা রয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সদ্য পাস করা ফারুক আহমেদ বলেন, চাকরি পাওয়ার জন্য প্রার্থীর বিশেষ যোগ্যতা থাকা অবশ্যই দরকার। এই বিশেষ যোগ্যতা থাকার পরও অনেকেই ভালো কোনো চাকরি পায় না। কারণ তারা কোনো ভালো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সামনের দিকে লক্ষ্য ঠিক করে না। তিনি জানান, ‘মেলায় ভালো পেশাবিষয়ক কোনো বই পেলে কিনে নেব।’ এবারের একুশের বইমেলায় গতিধারার চাকরি ও ব্যবসার উন্নতি ও সাফল্যের সূত্র ১০০১ বিক্রয় কৌশল এই দুটি বই লিখেছেন রাজিব আহমেদ। ১৬০ ও ১৭৫ টাকায় পাওয়া যাবে বই দুটি। যাঁরা ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নিজের পেশা গড়তে চান তাঁদের জন্য এবারের মেলায় মোহাম্মদ হুমায়ুন কবীরের লেখা ক্যামেরা কৌশল বইটি বেরিয়েছে পলল প্রকাশনী থেকে। বইটির প্রচ্ছদ এঁকেছেন জাহিদ মুস্তফা। বইটির দাম ১২০ টাকা। সাংবাদিকদের জন্য মেলায় অজয় দাশগুপ্ত ও রোবায়েত ফেরদৌস সম্পাদিত ব্যবসায় সাংবাদিকতা বিষয়ে বইটি মেলায় প্রকাশ করেছেন শ্রাবণ প্রকাশনী। বইটি মেলায় পাওয়া যাবে ২৫০ টাকায়। আজকের এই যুগে অনেকেই আছে যাঁরা চলচ্চিত্র বা নাটক পরিচালনা করার মধ্য দিয়ে তাঁদের পেশা গড়ে তুলতে চান। তাঁদের জন্য এবারের মেলায় জ্যোতি প্রকাশ থেকে হাসান রাউফুনের লেখা চলচ্চিত্র শিক্ষা নামের বইটি এসেছে। অনেকেই এখন স্বাধীন ব্যবসা হিসেবে হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসা করতে আগ্রহী। তাঁদের দিকনির্দেশনা দেওয়ার জন্য ইত্যাদি প্রকাশন থেকে নূর মনির লেখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বিজনেস থিওরি অ্যান্ড প্র্যাকটিস বইটি বের হয়েছে। প্রচ্ছদ এঁকেছেন শমর মজুমদার। বইটির দাম ৪০০ টাকা। মেলায় পেশাবিষয়ক বইয়ের প্রতি পাঠকদের কেমন চাহিদা জানতে চাইলে আদিত্য অন্তর বলেন, ক্যারিয়ারবিষয়ক বইয়ের চাহিদা মূলত তরুণদের কাছে বেশি। তিনি জানান, ‘সামাজিকভাবে কিছু দায়িত্ব পালন করার জন্য লাভের বাইরে আমাদের কিছু বই মেলায় প্রকাশ করতে হয়।’অনেক তরুণ শখে ছবি তোলেন। শখের বশে করলেও পেশা হিসেবে আলোকচিত্র অনেক ভালো। যাঁরা আলোকচিত্র তুলতে চান বা পেশা হিসেবে নিতে চান তাঁদের জন্য সুদীপ্ত সালাম মেলায় ফটোগ্রাফি নামের একটি বই বের করেছেন। আমার ব্লগ ডট কম থেকে প্রকাশিত এ বইটির দাম ১২০ টাকা। মুক্তধারা প্রকাশ করেছে সজীব সাহার চাকরি পাওয়ার কৌশল বইটি। আরাফাত শাহরিয়ারের চাকরিই আপনাকে খুঁজবে ঐতিহ্য থেকে বেরিয়েছে। বইটির মূল্য ১০০ টাকা।