সপ্তাহের দুই ছুটির দিনে দুই রকমের মেজাজ। শুক্রবারের শহর একেবারেই মন্থর; শনিবারে ততটা নয়। বিভিন্ন অফিস ও কারখানায় কাজকর্ম চলে। ফলে গতিময়তা থাকে নগরজীবনে। বইমেলাতেও দুই ছুটির দিনে দুই রকমের পরিবেশ। শুক্রবারের উপচে পড়া ভিড় শনিবার ছিল না বটে, তবে গ্রন্থানুরাগীদের উপস্থিতি ছিল যথেষ্ট। বিক্রিও হয়েছে বেশ। তবে গতকাল একাডেমীর ফটক খুলেছিল সকাল আটটায়। উপলক্ষ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বয়সভিত্তিক তিনটি বিভাগে ৪০৮ জন এতে অংশ নেয়। শিল্পী হাশেম খান প্রতিযোগিতার উদ্বোধন করেন। ফল প্রকাশ করা হবে ১৮ ফেব্রুয়ারি। ভারতীয় বইয়ের চেয়ে আমাদের বই ভালো: জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলন গতকাল সন্ধ্যায় অনন্যার স্টলে বসে ভক্তদের কেনা বইতে স্বাক্ষর দিচ্ছিলেন। আমাদের দেশের বই সম্পর্কে তিনি বললেন, ‘প্রকাশনার মানের বিচার করলে ভারতীয় বইয়ের চেয়ে আমাদের বই কোনো অংশে কম তো নয়ই; অনেক ক্ষেত্রে ভারতীয় বইয়ের চেয়ে ভালো। তবে গুণগত মানের বিচারে প্রকাশনার সংখ্যা তাদের বেশি। তবে আশার কথা, আমাদের এখানেও মানসম্মত, মননশীল ও সৃজনশীল বইয়ের সংখ্যা বাড়ছে। ক্রেতারা মননশীল বইয়ের প্রতি আগ্রহী হয়ে উঠছে। এই ক্রেতাদের অধিকাংশই তরুণ প্রজন্মের। এটা খুবই ভালো দিক।’ এবার মেলায় উপন্যাস, কিশোর গল্প, উপন্যাসসমগ্রসহ ইমদাদুল হক মিলনের ১১টি নতুন বই আসছে। এর মধ্যে আলাদা ধরনের একটি বই এসেছে অনন্যা থেকে বন্ধুবান্ধব নামে। অনেকটা উপন্যাসের মতো করে তাঁর বন্ধুদের নিয়ে লিখেছেন বইটি।কথা দিয়ে রাখে না: বাংলা একাডেমীর প্রতি কথা না রাখার অভিযোগ অনন্যার প্রকাশক মনিরুল হকের। মেলা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্ষোভের সঙ্গেই তিনি বললেন, ‘প্রতিবছরই আমরা আমাদের সমস্যার কথা বলি। মেলার আগের সভাগুলোতেও বলি। কর্তৃপক্ষ প্রতিবারই বলে, ঠিক করা হবে; কিন্তু কিছুই হয় না। তারা তাদের কথা রাখে না। এবার স্টল ও চলাচলের জায়গা এত কমিয়ে দিয়েছে যে এভাবে মেলা করা কঠিন। শুক্রবার অনেক পাঠক স্টলের সামনেই আসতে পারেননি। এতে প্রকাশকেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পাঠকেরাও তেমনি ভালো বইটি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ভাবা জরুরি।’নজরুল মঞ্চে: বিকেল থেকে এখন নজরুল মঞ্চেও রীতিমতো মোড়ক উন্মোচনের জন্য সেলোপিনে মোড়ানো বই নিয়ে লেখকদের সারি পড়ে যাচ্ছে। সামনে টিভি ক্যামেরার সারি। বই হাতে লেখক ও মোড়ক উন্মোচনকারীরা যাচ্ছেন-আসছেন। আবার অনেকে বই এনেছেন, কিন্তু মোড়ক খোলার নির্ধারিত কেউ নেই। তাই আগের বইয়ের মোড়ক যিনি উন্মোচন করেছেন তাঁকেই পরের জনের অনুরোধ, তিনিও সম্মত। একজনেই উন্মোচন করছেন চার-পাঁচটি বইয়ের মোড়ক। এভাবেই চলছে মোড়ক খোলার পালা। শনিবারও কুড়িটির মতো বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো: নদী নিয়ে এমদাদুল হকের প্রবন্ধ চলার পথে নদীর সাথে, ইরফান আলী চৌধুরীর নারী মুক্তির পথ: সমস্যা ও সম্ভাবনা, হাসান মাহমুদের কবিতা প্রলেতারিয়েত স্বপ্ন, সাইফুল ইসলামের উপন্যাস ত্রিধা ইত্যাদি।নতুন বই: কাল ২১টি প্রবন্ধ, ৩৬টি কাব্য, ২৭টি উপন্যাসসহ মোট ১৬০টি নতুন বই জমা পড়েছে তথ্যকেন্দ্রে। উল্লেখযোগ্য ছিল: শোভা প্রকাশনী থেকে ওয়াকিল আহমেদের প্রবন্ধ বাংলার মুসলিম বুদ্ধিজীবী, সনত্কুমার সাহার এই বাংলায়, যতীন সরকারের প্রাকৃতজনের জীবন দর্শন, সাহিত্য বিলাস থেকে স্বরোচিষ সরকারের ভাবনা নিয়ে ভাবনা, নবরাগ প্রকাশনী থেকে হোসেন উদ্দিন হোসেনের সমাজ সাহিত্য দর্শন, যুক্ত প্রকাশনী থেকে কাজী মোহাম্মদ ইদিরসের সব সুখ চেনা চেনা। গবেষণাগ্রন্থ এসেছে শৈলী প্রকাশন থেকে শহীদুল্লাহ শাহজাহানের রাজনীতিতে বিত্তশালীদের আগমন প্রবণতা: বাংলাদেশের পরিপ্রেক্ষিত, ইত্যাদি থেকে এসেছে ড. মমতাজ বেগমের বাংলাদেশের উপন্যাসে সমাজ চিন্তা ও আবু জাফর শামসুদ্দীন, কাকলী থেকে চৌধুরী আহসানের পাহাড়ি ফুল, সুবর্ণ থেকে শায়লা পারভীনের ঢাকার হারিয়ে যাওয়া ক্বাসীদা। উপন্যাসের মধ্যে আবদুল মান্নান সৈয়দের ক্ষুধা প্রেম আগুন এসেছে সূচীপত্র থেকে। কামাল চৌধুরীর কবিতা পান্থশালার ঘোড়া এসেছে প্রথমা থেকে। শওকত ওসমানের গল্প হন্তারক এসেছে সময় থেকে। নওরোজ কিতাবিস্তান থেকে এসেছে মনিকা চক্রবর্তীর উপন্যাস অতঃপর নিজের কাছে। উত্স প্রকাশন থেকে এসেছে প্রসূন কান্তি রায়ের (বরুণ রায়) জীবনী সংগ্রামী স্মৃতির মোহনায়, পুরাতন পুঁথি সিরিজে মুন্সী আবদুল করিমের শুনাভানের পুঁথি। অবসর থেকে এসেছে লুত্ফর রহমান রিটনের ছড়া সমস্ত-২, এম সাখাওয়াত হোসেনের ভ্রমণকাহিনি কত জনপদ কত ইতিহাস এসেছে পালক পাবলিকেশন থেকে। হাসান হাফিজের ছড়া জলে ভেজা জোনাকি এসেছে সিঁড়ি থেকে, দন্ত্যস রওশনের কিশোর গল্প বুবন বাসায় একা ছিল যখন এসেছে বিদ্যা প্রকাশ থেকে। এ ছাড়া ছিল শোভা প্রকাশ থেকে সমর পাল সম্পাদিত নাটোরের কবি রাধাচরণ চক্রবর্তী, পারিজাত থেকে হালিম আজাদের কবিতা মস্কো টাওয়ারে কিছুক্ষণ ইত্যাদি।শহীদ বরকতকে নিয়ে: বিকেলে ‘ভাষাশহীদ আবুল বরকত’ শীর্ষক আলোচনা ছিল মূল মঞ্চে। প্রবন্ধ পড়েন পাপড়ি রহমান। আলোচনা করেন নূরুল করিম ও আইনউদ্দিন বরকত। সভাপতিত্ব করেন রাহাত খান। সন্ধ্যায় দিলরুবা খান, চন্দনা মজুমদার, মীনা বড়ুয়া, বীণা মজুমদার, আবদুল হালিমসহ জনপ্রিয় শিল্পীরা লোকসংগীতে মাতিয়ে রেখেছিলেন মেলার শ্রোতাদের।