বইমেলায় বিজ্ঞান ও গণিতের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার এল মহান ফেব্রুয়ারি। আমাদের ভাষার মাস। বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। জমেও উঠেছে বেশ। প্রতিবারের মতো এবারও প্রতিদিন মেলায় আসছে রংবেরঙের মলাটে মোড়ানো চকচকে সব নতুন বই।প্রিয় লেখকদের বইয়ের জন্য পাঠকেরা ছুটছে এক স্টল থেকে অন্য স্টলে। মেলায় প্রবেশের সময় এখনো লম্বা লাইন ধরতে না হলেও ভেতরটা বইপিপাসু মানুষের পদচারণে বেশ উত্সবমুখর। কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ, উপন্যাস, কিশোর রচনা, রম্য রচনা, মুক্তিযুদ্ধ, ভ্রমণকাহিনি, অনুবাদসহ আনেক স্বাদের বই আসছে মেলায়। এ ছাড়া এসেছে চমত্কার সব বিজ্ঞান ও গণিতের বই।এবার অনুপম প্রকাশনী (স্টল নম্বর ১৩৫-১৩৭) প্রকাশ করেছে ইয়াকুব পেরেলমানের জ্যোতির্বিদ্যার খোশখবর, ভবেশ রায়ের ডাইনোসরপিডিয়া, এ এম হারুন অর রশীদ রচিত বিজ্ঞানসমগ্র ও অভীক রায়ের ম্যাথোস্কোফ বই চারটি। দাম যথাক্রমে ১৫০, ২৪০, ৪০০ ও ২০০ টাকা। সৃজনী (স্টল নম্বর ২০৪-২০৫) প্রকাশ করেছে ড. জাকির হোসেনের বিজ্ঞানের ১০০ আবিষ্কার ও কিশোর মনে বিজ্ঞানের ভাবনা বই দুটি, দাম যথাক্রমে ২০০ ও ১০০ টাকা। সাহিত্য প্রকাশ (স্টল নম্বর ৯১-৯২) প্রকাশ করেছে আবদুল্লাহ আল মামুনের গণিতের সূত্রসম্ভার, দাম ১৫০ টাকা। আলেয়া বুক ডিপো (স্টল নম্বর-১০৭) প্রকাশ করেছে আমিরুল ইসলাম দীপকের গণিতের খুঁটিনাটি, সমীর কুমার ঘোষের অঙ্কের যত সমস্যা ও গণিতের খেলা সুডোকু বই তিনটি। বই তিনটির দাম যথাক্রমে ৭০, ৬০ ও ১৩০ টাকা। তাম্রলিপি (স্টল নম্বর ১২৫-১২৬) প্রকাশ করেছে আব্দুল্লাহ যোবায়েরের বায়োইনফরমেটিক্স জীবনের বিন্যাস এবং জিয়াউর রহমান ও মোস্তাফিজুর রহমান জামিলের গণিতের মজার ভুবন। বই দুটির দাম যথাক্রমে ৮০ ও ২০০ টাকা। সময় প্রকাশন (স্টল নম্বর ৩৩-৩৫) প্রকাশ করেছে এইচ কে রুমীর অনুবাদ করা দুটি বই বিজ্ঞান: জটিল সূত্র সহজ সমাধান ও গণিতবিদদের মজার গণিত। দাম যথাক্রমে ২০০ ও ১৫০ টাকা। অবসর ব্রাদার্স (স্টল নম্বর ১৬-১৭) প্রকাশ করেছে শেখ আনোয়ারের বিজ্ঞানের নানা প্রশ্ন, দাম ১০০ টাকা। প্রথমা প্রকাশন (স্টল নম্বর-৫২) প্রকাশ করেছে রেজাউর রহমানের দুটি বই কীটপতঙ্গ ও মহাবিশ্বে জীবনের সন্ধান। দুটি বইয়ের দাম ১০০ টাকা করে। হাসি প্রকাশনী (স্টল ৩০-৩১) প্রকাশ করেছে খায়রুল আলম মনিরের বিজ্ঞানের ইলেকট্রনিক্স প্রজেক্ট, দাম ৭০ টাকা। শিখা প্রকাশ (স্টল ১৪০-১৪২) প্রকাশ করেছে মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি রবো নিশি। বইটির দাম ১৭৫ টাকা। জ্ঞানকোষ প্রকাশনী (স্টল নম্বর ৫৬-৫৭) প্রকাশ করেছে মহাকাশে যাব? বইটির দাম ১৫০ টাকা। বিজ্ঞান একাডেমী (স্টল নম্বর ২৮৪) প্রকাশ করেছে সিফাত মাহমুদ ও শাহরিয়াজ সরকার সম্পাদিত বস্তু পতনে বৈজ্ঞানিক ব্যাখ্যা, জীবনের জন্য পানি, আঁশ বা তন্তু, উড্ডয়ন, বিদ্যুত্ বা চুম্বকশক্তি, আবহওয়া, যন্ত্রপাতি কীভাবে কাজ করে। বইগুলোর দাম ১০০ টাকা করে। এ ছাড়া সূর্য ও পরমাণুশক্তি, আলো ও ফটোগ্রাফি, পৃথিবীজুড়ে উদ্ভিদ, পানি, নদী ও মহাসাগর, জ্যামিতি সমগ্র, সৌরমণ্ডলে গ্রহ, ল্যাবরেটরিতে রসায়ন, পদার্থবিদ্যা ও মেকানিকস, নক্ষত্রের বিচরণ, বিদ্যুত্ ও চৌম্বকত্বসহ বেশ কয়েকটি বই বিজ্ঞান একাডেমী এই মেলায় প্রকাশ করবে।তবে মেলা ঘুরে বিভিন্ন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা যায়, এক-দুই সপ্তাহের মধ্যে আরও বেশ কিছু বিজ্ঞানের বই মেলায় আসবে, যেগুলো এখন প্রকাশের জন্য প্রক্রিয়াধীন আছে। বিজ্ঞানবিষয়ক প্রকাশনী বিজ্ঞান একাডেমীর স্বত্বাধিকারী আবু মুসা সরকার জানান, এবারের বইমেলা জলবায়ু, আকাশ ভ্রমণ, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ বিজ্ঞানের ওপর প্রায় ২৫টি বই প্রকাশ করবে তাঁর প্রতিষ্ঠান। ইতিমধ্যে মেলায় সাতটি বই প্রকাশিত হয়েছে বলে তিনি জানান।মেলায় বই কিনতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মাহবুবুর রহমান, সঙ্গে নিয়ে এসেছেন ছেলে লাবিব আবরারকে। তিনি বলেন, ‘ও খুব বিজ্ঞানের বই পছন্দ করে। গতবারও আমি মেলায় ওকে বিজ্ঞানের বই কিনে দিয়েছি, আজ কিনে দিয়েছি চারটি বই। এবার আগে চলে এলাম, কারণ কিছুদিন পর মানুষের অনেক ভিড় হবে।’বায়েজিদ ভূঁইয়া