বইমেলায় বিজ্ঞান ও গণিতের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা একাডেমীতে বসেছে প্রাণের মেলা। অমর একুশে বইমেলা। প্রতিবারের মতো এবারও মেলায় প্রতিদিন আসছে বিভিন্ন লেখকের রংবেরঙের মলাটে মোড়ানো চকচকে সব নতুন বই। পাঠকেরা ছুটছেন প্রিয় লেখকের বই কেনার জন্য এক স্টল থেকে অন্য স্টলে। প্রতিদিনই মেলায় প্রবেশ করতে হয় বিশাল লম্বা লাইন ধরে। নানা পেশাজীবী মানুষের ভিড় নামে মেলায়। ভেতরে লেখক, সাহিত্যিক, ঔপন্যাসিক, কবি ও বইপাগল মানুষের পদচারণে উৎসবমুখর হয়ে ওঠে। মেলায় এসেছে কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ, উপন্যাস, কিশোর রচনা, রম্যরচনা, মুক্তিযুদ্ধ, একুশে ফেব্রুয়ারি, ভ্রমণকাহিনি, অনুবাদ, রান্নাবান্না শেখাসহ অনেক মজার বই। নতুন ধরনের বই প্রতিদিনই আসছে মেলায় বিভিন্ন প্রকাশনীর স্টলে। এ ছাড়া এসেছে বিভিন্ন বিজ্ঞানীর লেখা চমৎকার সব বিজ্ঞান ও গণিতের বই। তা ছাড়া এ সময়টা বিভিন্ন প্রকাশনীর মালিকেরা খুব ব্যস্ত সময় পার করেন, যাতে বাজারে যত তাড়াতাড়ি সম্ভব নতুন বই নিয়ে আসা যায়। এবার মেলায় সৃজনী প্রকাশনী (স্টল নম্বর ৭৮-৭৯) প্রকাশ করেছে বেশ কিছু বিজ্ঞান ও গণিতের বই—আলী ইমামের পৃথিবী মানুষ বিজ্ঞান ও মহাকাশের মহাবিস্ময়, সাদিক উর রহমানের বিগ ব্যাং থেকে ব্ল্যাকহোল, আরিফুজ্জামানের বিজ্ঞানের ১০০ মজার পরীক্ষা। এগুলোর দাম কমবেশি ১৩০-২০০ টাকা। সময় প্রকাশন (স্টল ১২৯-১৩০) প্রকাশ করেছে আবুল বাসারের বিজ্ঞানের অনুবাদের বই সুপার পাওয়ার মেমোরি ও গণিতের ১০০১ ম্যাথ ফর্মুলা, পাই, ই ও অন্যান্য মজার সংখ্যা। দাম যথাক্রমে প্রতিটি ২০০ টাকার মধ্যে।বিজ্ঞান একাডেমী (স্টল নম্বর-১৭৭) প্রকাশ করেছে শাহরিয়ার সরকারের জ্যোতির্বিজ্ঞান, সমুদ্র (স্কুল সায়েন্স ফেয়ার প্রজেক্ট) এবং আবদুল্লাহ আল মামুনের গণিত বইটি। দাম যথাক্রমে ২০০, ২৫০ টাকার ভেতর। তাম্রলিপি প্রকাশন (স্টল নম্বর ৪৫১-৪৫৩) প্রকাশ করেছে মুহম্মদ জাফর ইকবালের কেপলার টুটুবি, সৈয়দা লাম্মীম আহাদ ও ফারসীম মান্নান মোহাম্মদীর সবার জন্য জ্যোতির্বিদ্যা, এ ডি এম আলী আহাম্মদের শিশু-কিশোরের বিজ্ঞান ভাবনা ও বিচিত্র বিজ্ঞান বই। দাম যথাক্রমে ২০০, ২৭০, ৮০ ও ৩৫০ টাকা।সুবর্ণ প্রকাশনী (স্টল নম্বর ১৯৬-১৯৭) প্রকাশ করেছে মুহাম্মদ ইব্রাহিমের বিজ্ঞান বইয়ের একটি পুরো প্যাকেজ বিজ্ঞানের সিরিজ গল্প। যার মধ্যে উল্লেখযোগ্য আমরা কীভাবে চিন্তা করি, উদ্ঘাটিত ডিএনএ উৎসারিত সম্ভাবনাসহ অন্যান্য। বিগত বছরসমূহে মুহাম্মদ ইব্রাহিমের সবার জন্য বিজ্ঞান বক্তৃতার নির্বাচিত বক্তৃতা এই সিরিজের মূল উপজীব্য। সাতটি বইয়ের পুরো সিরিজের মূল্য দুই হাজার ৭০০ টাকা। তবে আলাদাভাবে প্রতিটি ৩০০ টাকায় কেনা যাবে। সাহিত্য প্রকাশ প্রকাশ করেছে আসিফ ও নুসরাত জাহানেরআপেক্ষিকতার তত্ত্ব আসলে কি। পাওয়া যাবে স্টল নম্বর ১২৫-১২৬, দাম ৩৫০ টাকা। শুদ্ধস্বর প্রকাশনী স্টল (৪৪৪-৪৪৬) প্রকাশ করেছে গণিতের কিছু বই, যার মধ্যে সফিক ইসলামের নারী ও গণিত, গণিত কোষ আর মীজান রহমানের শূন্য। মীজান রহমানের শূন্য বইতে গাণিতিক শূন্যের আবিষ্কার এবং এর নানা দিক উঠে এসেছে। দাম ১৭৫-৫০০ টাকার মধ্যে। ঝিঙেফুল (স্টল ১৬-১৭) নিয়ে এসেছে আলী ইমামের ছোটদের বিজ্ঞান সিরিজ নলেজ ব্যাংক নামে ১৫টি বিজ্ঞানের বই। মোট সিরিজের দাম পড়বে ৭৫০ টাকা। নাসরীন মুস্তাফা লিখেছেন শিশুদের জন্য ক্ষুদে বিজ্ঞানী।অঙ্কুর প্রকাশনী (স্টল ১৮৫-১৮৭) থেকে প্রকাশিত হয়েছে বিমল বসুর বিজ্ঞানে অগ্রপথিক, দাম ২৫০ টাকা। অনুপম প্রকাশনী প্রকাশ করেছে সুব্রত দেবনাথ সম্পাদিত বিজ্ঞানের বই সকলের জন্যপদার্থ বিদ্যা-৩ ইলেক্ট্রন ও পদার্থবিদ্যা-৪ ফোটন এবংপরমাণু কেন্দ্র। এ ছাড়া ভবেশ রায়ের আগামী প্রজন্মের বিজ্ঞান ও মো. সাইফুল ইসলাম ফরহাদের কাল্পনিক ও জটিল সংখ্যার ভুবনে। দাম ১২০ ও ১৪০ টাকা। গণপ্রকাশনী (স্টল ৩৪১-৩৪৩)তে পাওয়া যাবে গোলাম আবু জাকারিয়ার বাংলাদেশে বিজ্ঞান চর্চা। দাম ১২০ টাকা।শোভা প্রকাশনী স্টল(৩২৪-৩২৬) প্রকাশ করেছে ফারসীম মান্নান মোহাম্মদী ও আবদুল্লাহ আল মাহমুদের দূর আকাশের হাতছানি। দাম ২০০ টাকা।এ ছাড়া সব ধরনের বিজ্ঞানের ও গণিতের বই পাওয়া যাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির নিজস্ব স্টলে (স্টল-৪৮৭ ও ৪৮৮)। মেলা ঘুরে বিভিন্ন প্রকাশনীর মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসব্যাপী বইমেলায় আরও অনেক বিজ্ঞানের নতুন বই আসবে। অন্যবারের চেয়ে বিজ্ঞানের বই মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে বলে তাঁরা জানান। খুদে বইপ্রেমীরাও বিজ্ঞানের বইয়ের প্রতি বেশ ভালোই আগ্রহ দেখাচ্ছে। কিনে নিয়ে যাচ্ছে। এতে আগামী দিনগুলোতে বিজ্ঞানের বইয়ের প্রকাশনা বাড়বে বলে আশাবাদী বিজ্ঞানপিপাসু পাঠক, বিজ্ঞানলেখক এবং প্রকাশকেরা। আবদুল্লাহ আল রাশেদ