বইমেলায় বিজ্ঞানের বই
পৃথিবীর বাইরের কোনো গ্রহে কি প্রাণের অস্তিত্ব আছে? হ্যাঁ, ভিন গ্রহে বিরল প্রজাতির এক প্রাণীর সন্ধান পাওয়া গেছে। এরা মানুষ বা অন্য যেকোনো প্রাণীর খুলির মধ্যে খুব সহজেই ঢুকে যেতে পারে। আর একবার খুলির ভেতর ঢুকতে পারলেই তার স্বার্থ সিদ্ধি। পুরো মগজটাকেই দখল করে নেয় সে! অন্যের দেহটাকে বানিয়ে ফেলে নিজের বাহন। ইয়ার্কি নয়, অদ্ভুত এই প্রাণীর নাম ইয়ার্ক। ভয়ংকর কথা হলো, ইয়ার্কদের একটি দল এসেছে এই পৃথিবীতে। তাহলে মানুষের কী হবে? মানুষ কি পারবে বুদ্ধিমত্তা দিয়ে এই উটকো ঝামেলা দূর করতে? অমর একুশে বইমেলায় আসা ওয়াইডব্লিউসিএর একাদশ শ্রেণীর শিক্ষার্থী শামসুন্নাহার প্রেমা বললেন, ‘কল্পবিজ্ঞানের গল্প হলেও এর শেষ পরিণতিটা জানতে কিনলাম রকিব হাসানের লেখা মহাকালের আতঙ্ক (প্রকাশক: তাম্রলিপি, মূল্য: ১২০ টাকা) বইটি।’ কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ, উপন্যাস, কিশোর রচনা, রম্য রচনা, মুক্তিযুদ্ধ, ভ্রমণকাহিনি, অনুবাদ ইত্যাদি ছাড়াও এবারের বইমেলায় বিজ্ঞানের বই কিনতে পাঠকদের সমাগম লক্ষণীয়। বিজ্ঞানীদের জীবনী, মহাকাশবিজ্ঞান, কল্পবিজ্ঞানের গল্প আর বিজ্ঞানের প্রজেক্ট—ইত্যাদি ক্যাটাগরির বই বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন বইমেলার বিভিন্ন স্টলের বিক্রেতারা। এবারের বইমেলায় তাম্রলিপিতে আরও পাওয়া যাচ্ছে এ এম হারুন অর রশীদ ও মুনির হাসানের যৌথ সম্পাদনায় একুশ শতকের জ্যোতির্বিজ্ঞান বইটি। বইটির গায়ের দাম ২৬০ টাকা। একই স্টলে পাওয়া যাবে আনু মাহ্মুদের আবিষ্কারের কথা (গায়ের দাম ১৭৫ টাকা)। মেলায় পাওয়া যাচ্ছে পাতায় পাতায় ছবিসংবলিত মহাকালের মহাবিস্ময় এবং রোমাঞ্চকর জ্যোতির্বিজ্ঞান বই দুটি। প্রকাশ করেছে সৃজনী প্রকাশনী। প্রতিটির মূল্য পড়বে ১৩৫ টাকা। দি স্কাই পাবলিশার্স বের করেছে মুহাম্মদ শামীম সম্পাদিত ল. লানদাউ ও আ. কিতাইগারোদস্কির সকলের জন্য পদার্থবিদ্যা (২ খণ্ডে)। প্রতি খণ্ডের মূল্য ৩০০ টাকা। ভুট্টা কেন ফোটে? বাঁশির দৈর্ঘ্য কমবেশি হলে সুরের ওপর কি কোনো প্রভাব পড়ে? ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে স্কুল সায়েন্স ফেয়ার প্রজেক্ট সিরিজের ফিজিক্স বইটি। এই সিরিজে আরও রয়েছে ক্যামিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি ও জ্যামিতি। সিরিজের প্রতিটি বইয়ের মূল্য ১৫০ টাকা। বইগুলো পাওয়া যাচ্ছে বিজ্ঞান একাডেমির স্টলে। এই স্টল থেকে মজার ইলেক্ট্রনিক্স প্রজেক্ট কিনলেন ইডেন কলেজের পদার্থবিদ্যার শিক্ষার্থী ক্যামেলিয়া সিদ্দিকা।তিনি বলেন, ‘ইলেক্ট্রনিকস খুব মজার একটি বিষয়। তাই বিভিন্ন প্রজেক্ট বানানোর জন্য এই বইটি নিশ্চয় কাজে লাগবে।’ বইটির গায়ের দাম ৭০ টাকা। অনুপম প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে আগামী প্রজন্মের বিজ্ঞান। লিখেছেন ভবেশ রায়। মূল্য ৩০০ টাকা। আরও পাওয়া যাবে সুব্রত দেব নাথ সম্পাদিত সকলের জন্য পদার্থবিদ্যা (দুই খণ্ডে প্রকাশিত)।প্রতি খণ্ডের দাম ২০০ টাকা। প্রথমায় পাওয়া যাচ্ছে এ এম হারুন অর রশীদ ও ফারসীম মান্নান মোহাম্মদী সম্পাদিত অপূর্ব এই মহাবিশ্ব। কেমন করে সৃষ্টি হলো এই মহাবিশ্ব, গ্রহ-তারা আর আমাদের এই বাসভূমি পৃথিবী? নক্ষত্ররা কী দিয়ে তৈরি? এই সব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে বইটি। মূল্য ১৫০ টাকা। প্রথমায় আরও পাওয়া যাচ্ছে মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রডিজি। ‘এই গল্পের যে ভিলেন তার নাম বব লাস্কি, বাড়ি আমেরিকায়। আমি স্যারের খুব ভক্ত। গত তিন বইমেলায় স্যারের যত বই এসেছে, আমি সব সংগ্রহে রেখেছি।’ স্যারের সব বই পড়তে ভালো লাগে। আশা করি প্রডিজি পড়েও অনেক মজা পাব,’ বললেন শাহাবুদ্দীন মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম। বইমেলায় অঙ্কুর প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে অভিজিৎ রায়ের লেখা আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী। মূল্য ২১০ টাকা। এই স্টলে আরও পাওয়া যাচ্ছে শেখ আনোয়ারের ছোটবেলার বিজ্ঞান খেলা। মূল্য ১০০ টাকা।অবসরের স্টলে রয়েছে বন্যা আহমেদের লেখা বিবর্তনের পথ ধরে। তা ছাড়া শিশিরকুমার ভট্টাচার্যের মহাজাগতিক মহাকাব্য পাওয়া যাবে এই স্টলে। মূল্য ২০০ টাকা। সুব্রত বড়ুয়া সম্পাদিত শ্রেষ্ঠ বিজ্ঞানবিষয়ক রচনা: আব্দুল্লাহ আল-মুতি বইটি পাওয়া যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের স্টলে। দাম পড়বে ২০০ টাকা। জ্ঞানকোষ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে মুহম্মদ জাফর ইকবালের বিজ্ঞানের একশ মজার খেলা। মূল্য ৮০ টাকা। এই স্টলে আরও পাওয়া যাচ্ছে আতিয়ার রহমানের বুদ্ধি ও রঙ্গরস। দাম ৩২০ টাকা। বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিজ্ঞানের আরও অনেক বই প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রকাশকেরা আশা করেন, আগামী সপ্তাহে মেলায় বইগুলো আসতে পারে। তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম বলেন, ‘বাজারে মানসম্পন্ন বিজ্ঞানের বইয়ের বেশ অভাব রয়েছে। তাম্রলিপি সেই অভাব পূরণে বদ্ধপরিকর। এবং আমরা লক্ষ করেছি, গতবারের বইমেলার চেয়ে এবার বিজ্ঞান ও গণিতের বইয়ের পাঠক বেড়েছে অনেক গুণ। আগামী দিনে তরুণ ও প্রতিষ্ঠিত বিজ্ঞান লেখকদের ভালো ভালো বই প্রকাশ করতে চাই আমরা।’ অনুপম প্রকাশনীর প্রকাশক মিলন নাথ বলেন, ‘আমাদের প্রকাশনীর বিশেষ একটি অংশজুড়ে রয়েছে বিজ্ঞানের বই। বইমেলায় বিজ্ঞানের বই ভালোই বিক্রি হচ্ছে। আমরা খুব আনন্দিত যে বিজ্ঞানের পাঠক দিনকে দিন বাড়ছে।’