বইয়ের চেইন শপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই নগরে চেইন শপের ধারণাটা নতুন কিছু নয়। ফাস্টফুড থেকে শুরু করে মুদি-মনিহারিপণ্যের অভিজাত চেইন শপ এখন নগরের আনাচকানাচে দেখা যায়। কিন্তু বইয়ের চেইন শপের কথা শুনেছেন কখনো? না শুনে থাকলে শুনে নিন, ঢাকায়ও আছে বইয়ের চেইন শপ। নাম পিবিএস। ঠিকানা: ৪৩, শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক, শান্তিনগর।পিবিএসকে বইয়ের দোকান না বলে সাম্রাজ্য বলাই ভালো। এ ভবনের দু-দুটো তলার বিশাল জায়গা নিয়ে রাখা আছে বই। সে যে কত বই! কত রকমের বই! ভেতরে পা দিলে পড়ুয়াদের মন ভালো হয়ে যায় এমনিতেই। আর দোকানটাও এমন সুন্দর করে সাজানো-গোছানো ও পরিপাটি যে ভেতরে বসে বই পড়তে ভালো লাগবে সবার। ভাবছেন, এত বড় দোকান, এরা বুঝি কাউকে এমনি এমনি বসে বই পড়তে দেবে? হ্যাঁ, দেবে। যে কেউ পিবিএসের ভেতর বসে বই পড়তে পারবেন। কেউ আপনাকে কিছু বলবে না। এমনকি বই পড়ার জন্য আপনাকে কোনো বই কিনতেও হবে না।সব ধরনের বই রয়েছে পিবিএসের ভান্ডারে। বিনোদনের জন্য গল্প-উপন্যাসের বই শুধু নয়, জ্ঞানচর্চার জন্য প্রয়োজনীয় সব বই এখানে পাওয়া যায়। এপার-ওপার বাংলার সেরা লেখকদের লেখা ইংরেজি সাহিত্যের ভারী ভারী বই, এনসাইক্লোপিডিয়া কিংবা দুষ্প্রাপ্য ম্যাগাজিন—সব মেলে এখানে।বিষয়, লেখক ও প্রকাশনীর নামে আলাদা সেলফে তাকে তাকে সাজানো রয়েছে বই। সবচেয়ে বড় কথা, শত শত বই ঘেঁটে আপনাকে প্রয়োজনীয় বইটা বের করতে হবে না। পড়ুয়াদের সময় বাঁচাতে এখানে রয়েছে কম্পিউটারে খোঁজাখুঁজির ব্যবস্থা। প্রয়োজনীয় বইয়ের নাম লিখে খোঁজ করলেই পেয়ে যাবেন বইয়ের সম্পর্কে যাবতীয় তথ্য।পড়ুয়াদের প্রতি এই আন্তরিকতার জন্যই ইতিমধ্যে বইপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে পিবিএস। এ কথাই বললেন বইয়ের খোঁজে আসা নবনীতা চৌধুরী, ‘আজই প্রথম এলাম এখানে, খুব ভালো লাগছে। জায়গাটা অনেক সুন্দর। বই পড়া আর কেনার জন্য খুবই চমৎকার জায়গা।’বেসরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অবশ্য এখানে নিয়মিতই আসেন। তিনি বলছিলেন, ‘এদের সংগ্রহে বেশ দুষ্প্রাপ্য বই থাকে। আমি নিজেও বেশ কিছু বই এখান থেকে কিনেছি। ইন্টারনেট ও ফেসবুকের যুগে মানুষের মধ্যে সৌন্দর্যবোধ আর সাহিত্যের মূল্যবোধ জাগানোর জন্য পিবিএস একটা দারুণ কাজ করছে।’যদি কোনো বই পিবিএসের সংগ্রহে না থাকে, তাহলে পাঠকের ফরমায়েশে সেটাও এনে দেবে তারা। সে ক্ষেত্রে দেশি বইয়ের জন্য তিন দিন, আর বিদেশি বইয়ের জন্য সাত দিন সময় নেয় পিবিএস। অর্থাৎ প্রয়োজনীয় যেকোনো বই আপনি পেয়ে যাবেন তিন থেকে সাত দিনের মধ্যে। এ জন্য আপনাকে কষ্ট করে পিবিএসে আসতে হবে না, বাসায় বসে মুঠোফোনেও বইয়ের ফরমায়েশ দেওয়া যাবে। যথাসময়ে বই বাসায় পৌঁছে দেওয়া হবে।পাঠকদের যাতে সাহিত্যের স্রষ্টার আরও কাছে নিয়ে যাওয়া যায়, সে জন্য প্রতি মাসে একজন করে লেখককে হাজির করা হয় পিবিএসে। প্রিয় লেখককে চোখের সামনে জলজ্যান্ত দেখতে পাওয়া এবং তাঁর সঙ্গে সময় কাটানোর দারুণ এক সুযোগ এটা। তাই প্রতি মাসেই প্রিয় লেখকের সান্নিধ্য পেতে ভক্তদের অনেকেই পিবিএসে হাজির হন নিয়মিত।পিবিএসের কর্মকর্তা ফজলুল হক জানালেন, বই জনপ্রিয় করা এবং বই পড়ায় উৎসাহিত করার জন্যই চেষ্টা করে যাচ্ছে পিবিএস। ঢাকায় পিবিএসের আরও কয়েকটি শাখা চালু হবে এ বছরের মধ্যেই।