বইয়ের জন্য কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা পাঠ্যবই না পেয়ে কেঁদে ফেলেছে। রাজশাহীতে কিন্ডারগার্টেন স্কুলগুলো বই না পাওয়ায় ১০ জানুয়ারি থেকে ক্লাস শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বরিশাল, সিলেট, খুলনারও হাজার হাজার শিক্ষার্থী পাঠ্যবই না পেয়ে বিপাকে পড়েছে।নিয়ম অনুযায়ী একাডেমিক স্বীকৃতি নেই এমন বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই দেওয়া হয় না। তাদের জন্য আলাদাভাবে পাঠ্যবই ছাপা হয়, যা বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু এবার এখনো সেই বই ছাপার প্রক্রিয়াই শুরু হয়নি।শিক্ষার্থীদের কান্না: সেন্ট স্কলাসটিকা বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রীদের মধ্যে গতকাল বই বিতরণ করা হলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের বই দেওয়া হয়নি। বই না পেয়ে খুদে ছাত্রীদের অনেকে কেঁদে ফেলে। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রীর সংখ্যা প্রায় এক হাজার ২০০। অধ্যক্ষ সিস্টার মেরী পালমা বলেন, ‘বড়রা বই পেলেও ছোটরা পায়নি। এ জন্য খুব মন খারাপ তাদের।’ সিলেটের অনেক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীও বই না পেয়ে কান্নাকাটি করেছে।কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যভুক্ত ৪৮২টি কিন্ডারগার্টেন স্কুল আছে।’ কিন্ডারগার্টেন এডুকেশন অব বাংলাদেশের মহাসচিব মইনুদ্দিন কাদের বলেন, তাঁদের সংগঠনের আওতায় ৮৫টি বিদ্যালয় আছে। দুই সংগঠনের নেতারাই জানান, এসব বিদ্যালয়ের প্রায় দেড় লাখ শিক্ষার্থী এখনো বই পায়নি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবেশ চন্দ্র সরকার বলেন, ‘চট্টগ্রামে কিন্ডারগার্টেনের প্রকৃত সংখ্যা আমাদের জানা নেই। তবে মন্ত্রণালয় চাইলে আমরা হিসাব করে কিন্ডারগার্টেনসহ অনিবন্ধিত বিদ্যালয়ের জন্য বইয়ের চাহিদা পাঠাব। বাজারে বই না থাকায় এসব বিদ্যালয় বই পাচ্ছে না।’ক্রিয়েটিভ জুয়েলস কেজি স্কুলের অধ্যক্ষ আবু তাহের চৌধুরী বলেন, ‘প্রাথমিক সমাপনী পরীক্ষায় এই বিদ্যালয় থেকে শতভাগ পাস করেছে। শনিবার থেকে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছি। কিন্তু বই না পাওয়ায় অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’রাজশাহীতে পাঠদান শুরু নিয়ে অনিশ্চয়তা: শহরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনভুক্ত ১৪টি বিদ্যালয় আছে। নগরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ। উপজেলাগুলোতেও এর শাখা রয়েছে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমেদ বলেন, ১০ জানুয়ারি থেকে ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল পর্যন্ত বই না পাওয়ায় ক্লাস শুরুর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি বলেন, প্রতিবছর তাঁরা শিক্ষার্থীদের বইয়ের তালিকা দেন। অভিভাবকেরা বই জোগাড় করেন। এবার বাজারে বই নেই।নগরের সূর্যকণা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শাহবাজ উদ্দিন বলেন, বই কোত্থেকে, কীভাবে সংগ্রহ করবেন তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রতিবছর বাইরে থেকে বই কেনে, এবারও হয়তো পরে পাবে।কিন্ডারগার্টেনগুলোকে নীতিমালার আওতায় আনার দাবিবরিশালের মল্লিকা কিন্ডারগার্টেনের শিক্ষক ফাতেমা জোহরা প্রথম আলোকে বলেন, ‘আমরা ইতিমধ্যে বইয়ের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর দরখাস্ত করেছি। কীভাবে পাব বা আদৌ পাব কি না, তা এখনই বলা যাচ্ছে না।’স্বপ্নালয় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস হোসেন বলেন, ‘পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রতিবছর আমরা বই কিনে আনি। এবার বই সরবরাহ না করলে শিক্ষার্থীদের নিয়ে আমাদের সমস্যায় পড়তে হবে। এ সমস্যা আমার একার নয়, নগরের ৫৫টি কিন্ডারগার্টেনের।’নগরের বিভিন্ন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ও পরিচালকেরা বলেন, সরকারের উচিত কিন্ডারগার্টেনগুলোকে নির্দিষ্ট একটি নীতিমালার আওতায় নিয়ে আসা।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, ‘এ বছরও বাজারে বই বিক্রির জন্য সরকার ব্যবস্থা নেবে বলে আশা করা যায়।’সিলেটে বই ‘সংগ্রহ’ করতে হচ্ছে: সদর উপজেলার খাদিমপাড়ার শিশুশীলন কিন্ডারগার্টেনের শিক্ষক আনোয়ার সাদিক জানান, বিনা মূল্যের বই না দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা বই সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন। কিন্ডারগার্টেনগুলোকে যেকোনো উপায়ে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের বিতরণ করতে হচ্ছে। এই ‘সংগ্রহের’ ব্যাখ্যা দেওয়ার বিষয়টি আনোয়ার সাদিক এড়িয়ে গেলেন। কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ঐন্দ্রিলা নাথ বলে, ‘বই পাইছি। স্যাররা দিছইন!’কিন্ডারগার্টেনের এক শিক্ষার্থীর অভিভাবক নগরের দাঁড়িয়াপাড়া এলাকার আনিসুল ইসলাম বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে বই ধার করে আমি আমার মেয়ের জন্য ফটোকপি করেছি।’প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক মাহবুব এলাহী প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, কিন্ডারগার্টেন ও স্বীকৃতি নেই এমন বিদ্যালয়গুলোকেও বিনা মূল্যে বই দেওয়ার চিন্তাভাবনা সরকারের রয়েছে। এ ছাড়া ইচ্ছে করলে যে কেউ ইন্টারনেট থেকে বই ডাউনলোড করতে পারেন।’খুলনায় ১৫ হাজার শিক্ষার্থী বই পাচ্ছে না: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন খুলনা আঞ্চলিক কমিটি সূত্রে জানা যায়, বর্তমানে খুলনা মহানগরে ৩৫টি এবং জেলায় ১০০টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এসব স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শিক্ষা বোর্ডের নির্ধারিত বাংলা, গণিত ও ইংরেজি বই অন্তর্ভুক্ত রয়েছে।খুলনার জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষ সারা চৌধুরী প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে শিক্ষার্থী ভর্তি শেষে পাঠদান শুরু হলেও বোর্ডের বই পাওয়া যায়নি। এ ব্যাপারে শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করেও কোনো সদুত্তর মেলেনি। শিশু মনোজাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খানম বলেন, বোর্ডের বইয়ের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি।বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি ওয়াদুদুর রহমান বলেন, খুলনার প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর হাতে বোর্ডের নির্ধারিত বই দেওয়া যায়নি। এ ব্যাপারে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতারা শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। অনেক প্রতিষ্ঠানের প্রধানেরা নিজেদের উদ্যোগে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে আবেদন করেছেন। কিন্তু এখনো কোনো সমাধান মেলেনি।দোকানে পাওয়া যাচ্ছে বিনা মূল্যের বই: সিলেটের বিভিন্ন বইয়ের দোকানে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর সমাজ, ইংরেজি ও গণিত বই উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। বরিশালের একটি লাইব্রেরিতে গিয়ে ২০১০ সালের দ্বিতীয় শ্রেণীর বাংলা ও ইংরেজি বই পাওয়া যায়। দাম হাঁকা হয় ৭০ টাকা। বরিশালের বেশ কয়েকটি দোকানে গোপনে বই বিক্রি হচ্ছে বলে জানা গেছে।{এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রাজশাহী, বরিশাল অফিস এবং খুলনা ও সিলেট প্রতিনিধি}