বইয়ের প্রথম পাঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমনে কাজ করছেন কয়েকজন। কথা বলা কিংবা আড্ডা দেওয়ার সময় তাঁদের নেই। বাংলাবাজারের মিজান লাইব্রেরিতে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। যাঁদের কথা বলা হচ্ছে, তাঁরা ‘কম্পিউটার অপারেটর’। কেউ আবার তাদের বলেন, ‘কম্পোজিটর’। বইমেলার বই নিয়ে এখন তাঁদের যত ব্যস্ততা। তাঁরা কম্পোজ করার পরই না ছাপার অক্ষরে আসে বইয়ের সব লেখা!মিজান লাইব্রেরিতে কম্পোজের কাজ করেন বদিউল আলম সরকার। তিনি জানান, কুমিল্লার দেবীদ্বার থেকে ঢাকায় এসেছেন সাত বছর আগে। তখন থেকেই তিনি এই কাজের সঙ্গে যুক্ত। শুধু কম্পিউটারে কম্পোজই নয়, কম্পোজ শেষে মেকআপ, সংশোধনও করতে হয়। তিনি বলেন, ‘অন্য সময় কাজের চাপ কম থাকে। বইমেলার কারণে এখন রাত জেগেও কাজ করতে হচ্ছে। অনেক লেখক আবার তাড়া দেন। একজন নতুন লেখক তো গতবার আমাকে আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছিলেন! বই বের করার চিন্তায় তো লেখকদের ঘুম হয় না। আর তাঁরা আমাদের ঘুমাতেও দেন না।’আরেক অপারেটর জাহাঙ্গীর আলম বলেন, ‘এই পেশায় আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। কেননা লেখকদের লেখা বইগুলো পাঠকের হাতে যাওয়ার আগেই আমরা পড়ে ফেলি। অনেক বড় বড় লেখক এসে আমাদের পাশে বসে থাকেন। তাড়াতাড়ি কাজ করার জন্য আমাদের তাগিদ দেন। তখন অন্য রকম লাগে।’ তিনি পাঁচ বছরের বেশি সময় থেকে এই কাজে নিয়োজিত। তিনি বাংলা প্রকাশে কাজ করছেন। এখন তাঁর কোনো অফিস সময় নেই। দিনরাত কাজ করতে হচ্ছে।একই অবস্থা দেখা গেছে পুরানা পল্টনের ঐতিহ্য প্রকাশনীতেও। এখানে জহিরুল ইসলাম কাজ করেন ছয় বছর ধরে। তিনি জানান, নভেম্বর মাস থেকেই মূলত কাজের চাপ বাড়তে থাকে। এবার তাঁদের প্রকাশনী থেকে ৮৭টি নতুন বই প্রকাশিত হবে। এর বেশির ভাগের কম্পোজের কাজ করছেন তিনি।বাংলাবাজারে কম্পিউটার কম্পোজের দোকানও আছে। চাঁদপুরের আব্দুল আজিজের দোকানের নাম ‘শাওন কম্পিউটার’। তাঁর দোকানে কম্পোজের কাজ করছেন চারজন। নগরের বড় বড় প্রকাশনা সংস্থার বই কম্পোজ করা হয় আব্দুল আজিজের দোকানে। তিনি জানান, এখন বিদ্যাপ্রকাশের বইয়ের কাজ করছেন। এবার তাঁর এখানে দেড় শতাধিক বইয়ের কাজ করা হবে।কম্পোজের কাজে যুক্ত আছে অনেক শিক্ষার্থী। প্রতিভা প্রকাশনে কাজ করছেন আসলাম আরসালান। পড়ছেন দ্বাদশ শ্রেণীতে। লেখকদের হাতের লেখার সমালোচনা করেন আসলাম। তাঁর মতে, অনেক লেখকেরই হাতের লেখা বোঝা যায় না। আবার তাঁদের ভুল ধরিয়ে দিতে গেলেও তাঁরা মন খারাপ করেন। পরে প্রুফ রিডার সংশোধন করলে তখন কোনো আপত্তি করেন না।নীলক্ষেতের একটি প্রকাশনা সংস্থায় কম্পোজের কাজ করেন হাবিবুর রহমান। তিনি বলেন, ‘একেবারেই কাঁচা লেখকদের অনেক লেখা পড়ে হাসি পায়। কম্পোজ করতে গিয়ে পড়তে হয় বিভ্রান্তিতে। কারণ তাঁদের লেখায় সামঞ্জস্য বা ধারাবাহিকতা থাকে না।’একাধিক কম্পিউটার অপারেটর জানান, একটা সময় কাগজ-কলমের কম্পোজিটর ছিল। বড় বড় লেখক মুখে বলতেন আর তাঁরা তা টুকে নিতেন। আবার অডিও ক্যাসেট থেকেও লেখা কাগজে লিখে নিতেন কম্পোজিটর। এরপর আসে টাইপরাইটারের যুগ। এখন কাগজ-কলমের কম্পোজ বিলুপ্তপ্রায়। আবার টাইপের কাজও কমে গেছে। প্রায় সব কাজ হয় কম্পিউটারে। তবে কম্পিউটার অপারেটরদের কাজও ক্রমশ কমছে। এ প্রসঙ্গে আগামী প্রকাশনীর কম্পিউটার অপারেটর শামছুল হক বলেন, ‘আজ থেকে কয়েক বছর আগে যে ব্যস্ততা ছিল, সে তুলনায় এখন ব্যস্ততা অনেক কম। এখন অনেক লেখকই তাঁদের লেখা কম্পোজ করে সিডি বা পেনড্রাইভে করে প্রকাশনীতে জমা দেন।’শামছুল হক আরও জানান, আগে এই বাংলাবাজারে অনেক বড় বড় কম্পিউটার হাউস ছিল। কিন্তু এখন খুঁজেও পাওয়া যাবে না সেগুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে তাঁদের কাজের মজুরি বাড়েনি। ফলে অনেকেই এই পেশায় আসতে চান না। তবে লেখকের লেখা সবার আগে পড়তে পারেন বলে কম্পোজিটরদের মধ্যে একরকমের গর্ব কাজ করে। এ বিষয়ে ঐতিহ্য প্রকাশনীর জহিরুল ইসলাম বলেন, ‘পাঠকের হাতে পৌঁছার আগেই আমরা লেখকের বইটা পড়ি। অনেক বই এভাবে পড়া হয়ে যায়।’