বইয়ের ভেতর রবিঠাকুরের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ মুম্বাইয়ের একটি পুরোনো বইয়ের দোকান থেকে পাঁচ হাজার রুপি দিয়ে ‘গোল্ডেন বুক’ নামের বইটি কিনেছিলেন ব্যবসায়ী মায়ি গাউদা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের শুভেচ্ছাবাণী সংকলিত করে প্রকাশিত হয় ‘গোল্ডেন বুক’। মাত্র দেড় হাজার কপি প্রকাশ করা হয়েছিল। তাই এক হিসাবে বইটি ছিল দুর্লভ। কিন্তু সেটি যে এমন দুর্লভ হয়ে উঠবে, কে জানত। মায়ি গাউদাও ভাবেননি এ বইয়ে এমন দুর্লভ জিনিসের সন্ধান পাবেন। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে চমকে ওঠেন মায়ি গাউদা। খুঁজে পান বিশ্বকবির নিজ হাতে গড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের লেটারপ্যাডে লেখা একটি চিঠি। টিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে, চিঠিতে ১৯৩১ সালের ১৭ ডিসেম্বরের তারিখ দেওয়া ছিল। চিঠিটি শুরু হয়েছে এভাবে: ‘...কয়েকটি শব্দে এই অনুভূতি প্রকাশ করা আমার জন্য খুবই কষ্টকর, যখন দেশ ও দেশের বাইরে থেকে সবাই আমাকে অভিনন্দন জানায়।’ নিজের ৭০তম জন্মবার্ষিকী ও সাহিত্যে নোবেল পাওয়ার ১৭ বছর পর চিঠিটি লেখা হয়। চিঠির এক জায়গায় লেখা ছিল, ‘...এটা আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার।’ এ থেকে ধারণা করা হচ্ছে, কেউ কবিকে কোনো জন্মদিনের উপহার পাঠিয়েছিলেন। আর চিঠিতে সেই উপহারদাতাকে ধন্যবাদ জানিয়েছেন কবি। তবে চিঠিতে কোনো সম্বোধন ছিল না। মায়ি গাউদা বলেন, ‘সত্যিকার অর্থে ওই বইয়ের দোকানি কিংবা আমি কেউই এ চিঠি সম্পর্কে জানতাম না। বইটি কেনার পর এর ভেতরে চিঠিটি খুঁজে পাই।’ বিশ্বভারতীর পক্ষ থেকে ওই চিঠির বিষয়ে কেউ যোগাযোগ না করলেও রবিঠাকুরের অনেক ভক্ত চিঠিটি কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে চিঠির মালিক গাউদা চিঠিটি বিক্রি হবে না বলে জানিয়েছেন।এ বইয়ের ভেতরেই কেন চিঠিটি পাওয়া গেল, এ সম্পর্কে মায়ি গাউদা তাঁর অনুমান থেকে বলেন, ‘কোনো বন্ধুকে বইটি উপহার দেওয়ার সময় রবিঠাকুর চিঠিটি লিখতে পারেন।’ তবে কারণ যা-ই হোক না কেন, এ বইয়ের ভেতরেই চিঠিটি কেন, সেটা এক রহস্য। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৩১ সালে কলকাতার দ্য গোল্ডেন বুক কমিটির উদ্যোগে ‘গোল্ডেন বুক’ নামে ওই বইটি প্রকাশিত হয়। বইটি সম্পাদনা করেন রমানন্দ চট্টোপাধ্যায়।