বিকেলগুলো এখন মনে হবে খালি খালি। সারা মাস যে আনন্দময় উদ্দীপনার উত্স হয়েছিল অমর একুশে গ্রন্থমেলা, তা সমাপ্ত হলো গতকাল রোববার। আজ থেকে আর মেলায় যাওয়ার তাড়া জাগবে না মনে। মেলা কেবল বই নিয়েই সীমিত ছিল না; লেখক-পাঠক এবং ব্যক্তিগত পর্যায়ের যোগাযোগের স্থানেও পরিণত ছিল এটি। ঢাকা শহর তো বটেই, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমনকি বিদেশ থেকেও প্রবাসী বাঙালিদের অনেকে মেলায় এসেছেন বই-পুস্তক কিনতে, চেনাজানা মানুষের সঙ্গে দেখা-সাক্ষাত্ করে সম্পর্কের মানবিক মাধুর্যকে আরও নিবিড়তর করে তুলতে। এসবের মধ্য দিয়ে মহান রাষ্ট্রভাষা আন্দোলনের চেতনাদীপ্ত বই নিয়ে এই মেলা আমাদের জাতীয় সংস্কৃতির একটি অন্যতম প্রধান উপাদন ও উত্সবে পরিণত হয়েছে। এবার মেলায় বিক্রি হয়েছে প্রায় ২০ কোটি টাকার বই।সমাপনী উত্সব: শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়। বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হলো সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি কবীর চৌধুরী, স্বাগত বক্তৃতা করেন মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রতিবেদন উপস্থাপন করেন মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব শাহিদা খাতুন।প্রধান অতিথি বলেন, একুশের গ্রন্থমেলা আমাদের শেকড়ের অনুসন্ধানী হতে প্রেরণা জুগিয়ে চলেছে। এই চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’স্বাগত বক্তৃতায় একাডেমীর মহাপরিচালক পাঠক, লেখক, প্রকাশকসহ মেলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ‘সবার সহযোগিতায় এই আয়োজন সুসম্পন্ন হলো। এটি যেমন আনন্দের, তেমনি মাসব্যাপী এমন মিলনমেলা ভেঙে যাচ্ছে, তা বেদনারও।’মেলার প্রতিবেদনে সদস্যসচিব বলেন, ‘১৯৭২ সাল থেকে একাডেমী প্রাঙ্গণে নিয়মিত গ্রন্থমেলা হয়ে আসছে। এবার স্টল ছিল ৫২২ ইউনিটের, অংশ নিয়েছে ৩৭০টি প্রতিষ্ঠান।’পুরস্কার: মেলায় সবচেয়ে বেশি বই কিনে পলান সরকার পুরস্কার জিতে নিয়েছেন গ্রন্থানুরাগী নজরুল ইসলাম ও ডা. ফাতেমা আমীন। এ ছাড়া এবার অঙ্গসজ্জার জন্য টইটম্বুর, কথা প্রকাশ ও মাওলা ব্রাদার্সকে সরদার জয়েনউদ্দীন পুরস্কার, সেরা গ্রন্থের জন্য বিজয় প্রকাশ (মেঘমল্লার), সুবর্ণ (মুক্তিযুদ্ধ সমগ্র-১), এবং পাঠক সমাবেশকে (শহীদুল জহির স্মারকগ্রন্থ) চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার ও বইমেলা প্রতিদিন বুলেটিন প্রকাশের জন্য আনন্দ আলোকে মোহাম্মদ নূরুল হক গ্রন্থ সুহূদ পুরস্কার দেওয়া হয়।বিক্রি ২০ কোটি: এবার মেলায় লোকসমাগম যেমন বেড়েছে তেমনি বিক্রিও বেড়েছে। প্রকাশকেরা বিক্রি নিয়ে সন্তুষ্ট। একাডেমীর সদস্য সচিবের প্রতিবেদনে বলা হয়েছে, এবার প্রায় ২০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছর বিক্রি ছিল প্রায় ১৮ কেটি টাকা। এবার বাংলা একাডেমীর নিজস্ব বিক্রিও বেড়েছে, পরিমাণ ৬৫ লাখ ৪৪ হাজার ৯০৬ টাকা (২৭ ফেব্রুয়ারি পর্যন্ত)। গত বছর বিক্রি হয়েছিল ৬১ লাখ ৬০ হাজার ৩২২ টাকা।প্রকাশনার রেকর্ড: প্রকাশনার রেকর্ড হয়েছে এ বছর। ছাড়িয়ে গেছে তিন হাজার। শেষ দিন পর্যন্ত প্রকাশনা তিন হাজার ৩৫৪টি। গত বছর প্রকাশিত হয়েছিল দুই হাজার ৭৪১টি, ২০০৮ সালে দুই হাজার ৫৮৭টি, ২০০৭ সালে এক হাজার ৯১৯টি এবং ২০০৬ সালে দুই হাজার ১০২টি বই। এবার মেলায় ৮০৭টি প্রকাশনা নিয়ে শীর্ষস্থান কবিদের দখলে। এর পরের স্থানটি ঔপন্যাসিকেরা অধিকার করেছেন ৫৮১টি উপন্যাস লিখে। গল্পকারেরা তৃতীয়, তাঁদের বই এসেছে ৩৮৭টি। এ ছাড়া ছিল: প্রবন্ধ ২৫৫টি, জীবনী ১৩৪টি, ছড়া ১৩২টি, শিশুসাহিত্য ১২৯টি, মুক্তিযুদ্ধবিষয়ক ১১০টি, বিজ্ঞান ৬৪টি, ভ্রমণ ৫৭টি, ইতিহাস এবং রম্য ৫৪টি করে, বৈজ্ঞানিক কল্পকাহিনি ৫২টি, অনুবাদ ৩৮টি, রাজনীতি ও চিকিত্সা ৩৩টি করে, ধর্মীয় ১৮টি, নাটক ১৬টি এবং রচনাবলি ১২টি। এ ছাড়া ছিল অন্যান্য বই।কেমন হলো মেলা: বাংলা একাডেমীর জনসংযোগ পরিচালক মুর্শিদ আনোয়ার বললেন, ‘বইয়ের মান পাঠকেরা নির্ধারণ করবেন। তবে স্থান সংকুচিত হওয়া সত্ত্বেও এবার অনেক গোছানো ও পরিচ্ছন্ন মেলা করতে পেরেছি।’ বিদ্যাপ্রকাশের প্রকাশক মজিবুর রহমান বললেন, মেলার জায়গা কমে গেছে, স্টল ছোট হয়েছে। সে কারণে মেলার সময় বাড়ানো দরকার। সকাল থেকেই যদি মেলা খোলা হয়, তবে যাঁর যখন সুবিধা হবে মেলায় আসবেন। এতে ভিড় কমবে। তবে বিক্রি ভালো হয়েছে বলে তিনি জানান।বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ওসমান গনি বললেন, ‘প্রচুর বই যেমন এসেছে তেমনি প্রচুর বিক্রিও হয়েছে।’ দিব্যপ্রকাশের প্রকাশক মঈনুল আহসান সাবের, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম, সূচীপত্রের সাঈদ বারী এবং ইত্যাদি গ্রন্থ প্রকাশের জহিরুল আবেদীন জানিয়েছেন, বিষয়ভিত্তিক প্রবন্ধ, গবেষণা, ইতিহাস, জেন্ডার, আদিবাসী, অর্থনীতি—এমন বইয়ের পাঠক এবার যথেষ্ট ছিল। একটি সচেতন পাঠকসমাজ গড়ে উঠছে বলে তাঁরা উত্সাহিত বোধ করছেন। তাঁরা মেলার সময় প্রাতিষ্ঠানিক কেনাকাটা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। মোড়ক উন্মোচন: শেষ দিনেও নজরুলমঞ্চে ভিড় ছিল মোড়ক উন্মোচনের। যেসব বই ও সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে তার মধ্যে ছিল: চয়ন থেকে প্রকাশিত ঝর্ণা দাশ পুরকায়স্থের গল্প হিরণ্ময় বৃষ্টি, প্রথম আলো বন্ধুসভার চারটি ছোট পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সারথী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার গোধূলী, মিরপুর শাখার প্রদর্শক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুবরেষুর মোড়ক উন্মোচন করেন কাজী রোজী, আনিসুল হক ও সাইদুজ্জামান রওশন।নতুন বই: শেষ দিনেও তথ্যকেন্দ্রে জমা পড়েছে ৯৪টি নতুন বই। এর মধ্যে ছিল: শব্দশিল্প থেকে মুহাম্মদ হাবিবুর রহমানের কবিতা তাওতে চিং, কাশবন থেকে হাসান আজিজুল হকের গল্প রাঢ়বঙ্গের গল্প, শুদ্ধস্বর থেকে আবুবকর সিদ্দিকের শ্রেষ্ঠ গল্প, সুশান্ত মজুমদারের প্রবন্ধ মননের মধু, জাগৃতি থেকে বুলবন ওসমানের প্রবন্ধ শিল্পী ও সমাজ ইত্যাদি। এ ছাড়া আছে ভাষাচিত্র থেকে মাহবুব মোর্শেদের উপন্যাস ফেস টু ফেস, ঐতিহ্য থেকে সাইদুজ্জামান রওশন ও শুভংকর শুভ সম্পাদিত প্রথম আলো বন্ধুসভায় প্রকাশিত গল্প সংকলন দিনগুলি রাতগুলি, অনন্যা থেকে ফকির আলমগীরের গণসংগীত ও মুক্তিযুদ্ধ, বিশ্ব সাহিত্য ভবন থেকে জাফরুল আহসানের কবিতাসমগ্র ও সামির আহসানের উপন্যাস সাগর বলে কূল মিলেছে, মাওলা থেকে আব্দুল মজিদের প্রবন্ধ স্বয়ম্ভর বাংলাদেশের প্রত্যাশায় আমার এনবিআরের দিনগুলি, তৌফিক মারুফের শিশুতোষ গ্রন্থ বাবু কুমির, অ্যাডর্ন থেকে সাইমন জাকারিয়া ও নাজমীন মুর্তজার প্রবন্ধ বাংলা সাহিত্যের অলিখিত ইতিহাস, ইতিপ্রকাশ থেকে ড. সজল আশফাকের চিকিত্সাবিষয়ক আপনার শিশু কী খাবে এবং অনুপম থেকে ওষুধপথ্যি ডাক্তার বিদ্যা, আদর্শ থেকে তারেক খানের উপন্যাস বান্ধাল ইত্যাদি। বইয়ের উত্সব শেষ। বাংলা একাডেমীর বটতলায় নেমে আসবে মৌনতা। ঝরে পড়া পাতা উড়বে বসন্তের দমকা হাওয়ায়।